ব্যারির সেরা টেন্ডুলকার-পোলক
সর্বকালের সেরা ব্যাটসম্যান কে? এত বিস্তৃত বিতর্কে যাননি ব্যারি রিচার্ডস। সাবেক দক্ষিণ আফ্রিকান ওপেনার বরং তৈরি করেছেন তাঁর দেখা সেরা ব্যাটসম্যানদের একটা তালিকা। শচীন টেন্ডুলকার এই তালিকার শীর্ষে। তবে তাঁর সঙ্গে ব্রায়ান লারা, রিকি পন্টিং নন, জুড়ে দিয়েছেন গ্রায়েম পোলক, ভিভিয়ান রিচার্ডস ও গ্রেগ চ্যাপেলের নাম। বলছেন, শচীন টেন্ডুলকার আর গ্রায়েম পোলকই তাঁর দেখা সেরা ব্যাটসম্যান।৬৬ বছর বয়সী রিচার্ডস নিজেও ছিলেন অমিত প্রতিভাবান ব্যাটসম্যান। তাঁকে নিয়ে এমন কথাও প্রচলিত, ১৯৭০ সালে দক্ষিণ আফ্রিকা নির্বাসনে না গেলে ব্যারিই হতেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। কিন্তু দুর্ভাগ্য তাঁর, মাত্র ৪টি টেস্ট খেলার পরই বর্ণবাদের কারণে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে না পারলেও রিচার্ডস গ্লস্টারশায়ার, হ্যামশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ৩৩৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৫৪.৭৪ গড়ে করেছেন ২৮৩৫৮ রান, ৮০টি সেঞ্চুরি, ১৫২টি হাফ সেঞ্চুরি। আর ৪ টেস্টেই করেছিলেন ৫০৮ রান, গড় ৭২.৫৭! ২ সেঞ্চুরি, ২ হাফ সেঞ্চুরি। এমন একজন যখন কোনো মন্তব্য করেন, গুরুত্ব দিতেই হয়! তা ছাড়া টেন্ডুলকারের সামর্থ্য সবার জানা। বাকিজন, গ্রায়েম পোলকের যে কদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার সৌভাগ্য হয়েছে, নিজের ক্ষমতা-সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। মাত্র ২৩টি টেস্ট খেলার পর গ্রায়েমের আন্তর্জাতিক ক্যারিয়ারে যতি পড়ে দক্ষিণ আফ্রিকার নির্বাসনের কারণে। রিচার্ডসের খেলা ৪ টেস্টেই সতীর্থ ছিলেন শন পোলকের ৬৮ বছর বয়সী চাচা। ২৩ টেস্ট খেলেই ৬০.৯৭ গড়ে করেছিলেন ২২৫৬ রান। ৭টি সেঞ্চুরির দুটিই ছিল ডাবল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারবানে খেলেছিলেন ম্যাচজয়ী ২৭৪ রানের এক ইনিংস। ওই ম্যাচে রিচার্ডস নিজেও খেলেছিলেন ১৪০ রানের এক ইনিংস।দুই বছরের বড় সতীর্থের সামর্থ্য তাই খুব ভালো করেই জানা ধারাভাষ্য দিতে বর্তমানে নিউজিল্যান্ডে আসা রিচার্ডসের। সেখানেই রিচার্ডস ডমিনিয়ন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে প্রকাশ করেছেন নিজের গড়া তালিকাটা। লারা, পন্টিংরা না থাকলেও ভিভ রিচার্ডস, গ্রেগ চ্যাপেলরা আছেন ব্যারির সেরা তালিকায়, ‘ওই মানুষগুলো একটা পর্যায়ে এমন ইনিংস খেলতে পারতেন, যা একজন সেরা ছাড়া কারও পক্ষে খেলা সম্ভব হতো না।’নিউজিল্যান্ডেও একজন কিংবদন্তি ব্যাটসম্যান ছিলেন, মার্টিন ক্রো। রিচার্ডসের উপলব্ধি, ক্রো নিউজিল্যান্ডে খেলেছে বলেই সেভাবে আলোয় আসতে পারেননি, ‘যদি সে ভারতে জন্মাত, সে সুপারস্টার হতো।’ প্রসঙ্গক্রমে ওঠে নিউজিল্যান্ডের তরুণ ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের কথা। রিচার্ডস মুগ্ধ উইলিয়ামসনে, ‘এই তরুণের খেলা দেখে আমি মুগ্ধ।’ ওয়েবসাইট।