ব্যালন ডি'অর জিতবেন কস্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ব্যালন ডি’অরের শীর্ষ তিনে তাঁর নাম নেই! ফলে ফুটবলারদের আরাধ্য পুরস্কারটি ডিয়েগো কস্তার পাওয়ার সম্ভাবনা শূন্যের কোটায়। চরম এ বাস্তবতা জানার পরও অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনে কিনা বললেন, ‘কস্তা জিততে পারে ব্যালন ডি’অর!’

কস্তার গুরু সিমিওনের এমন বক্তব্য হেসে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তাঁর যুক্তিটা তো শুনুন, ‘ব্যালন ডি’অরে ভোট দানের সময়সীমা যদি বাড়ানো হতো, এর জন্য ও ভালো লড়াই করতে পারত।’

অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকারের গোলের চাকা ছুটছে সুপারসনিক গতিতে! লিগে যেখানে রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর গোল ১৫ ম্যাচে ১৭। সেখানে কস্তার ১৭ ম্যাচে ১৯! সব মিলিয়ে এই মৌসুমে ২৩ ম্যাচে তাঁর ২৩ গোল। গতকালও তাঁর জোড়া গোলে উড়ে গিয়েছে লেভান্তে। দুই প্রতাপশালী বার্সা ও রিয়ালকে দর্শক বানিয়ে অ্যাটলেটিকো উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। এই মৌসুমের আগেও আন্তর্জাতিক মঞ্চে অচেনা-অখ্যাত কস্তা আলো ছড়াচ্ছেন ভালোই। ভোটের সময় বাড়লে ব্যালন ডি’অরে কস্তার ভোট তো বাড়তই!

এ বছর হয়তো হচ্ছে না। তবে এই ধারাবাহিকতা ধরে রাখলে আগামী মৌসুমে কস্তার হাতে যে ব্যালন ডি’অর উঠবে না, সে কথা জোর দিয়ে কেউ বলতে পারবে? জন্মভূমি ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে স্পেনের হয়ে খেলবেন। বিশ্বকাপেও আলো ছড়াতে পারলে কস্তার হাতেই হয়তো উঠবে স্বর্ণগোলকের চকচকে ট্রফিটি। সিমিওনে সেটাই বলছেন, ‘আশা করি আগামী বছর ব্যালন ডি’অর জিততে সামনের সারিতেই থাকবে ও।’