ব্যালন ডি'অর বাবার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার দলকে শিরোপা জেতানোর পাশাপাশি ক্লাব বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ফ্রাঙ্ক রিবেরি। ২৪ ঘণ্টার ব্যবধানে বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার জিতলেন আরও একটি পুরস্কার। ২০১৩ সালের জার্মানির ‘ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন তিনি। বায়ার্নে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই জার্মান ফুটবল ম্যাগাজিন কিকার-এর পাঠক ভোটে পুরস্কারটি উঠল ৩০ বছর বয়সীর হাতে। এর আগে ২০০৮ সালেও জার্মানির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন রিবেরি।
গত মৌসুমে বায়ার্নকে ইতিহাসে প্রথমবার ‘ট্রেবল’ জেতানোর পর থেকেই পুরস্কারে ভাসছেন রিবেরি। ইউরোপের বর্ষসেরা, চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়, বুন্দেসলিগার সেরা খেলোয়াড়, ফ্রান্সের সেরা খেলোয়াড়—অনেক পুরস্কারই উঠেছে রিবেরির হাতে। রিবেরির আশা, পুরস্কারপ্রাপ্তির এই মিছিলে যোগ হবে ফিফা-ব্যালন ডি’অরও। আর তা হলে প্রথমবারের মতো পাওয়া ফিফা-ব্যালন ডি’অরটা তিনি উৎসর্গ করবেন নির্মাণ শ্রমিক বাবা ফ্রাঁসোয়াকে।
‘ক্লাব, ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট সবার এবং আমার জন্য এটা ছিল অসাধারণ এক বছর। আমরা সব রেকর্ডই ভেঙে দিয়েছি। এ জন্য মাঠ এবং মাঠের বাইরে আমাদের প্রচুর চাপ নিতে হয়েছে’—পরশু পুরস্কার পেয়ে বলেছেন রিবেরি। পরে নিজেই করেছেন নিজের প্রশংসা, ‘মাঠে আমি নিজেকে উজাড় করে দিয়েছি। উয়েফা বর্ষসেরার পুরস্কারটি আমার পাওনাই ছিল। আমি খুব খুশি হব ব্যালন ডি’অরটা পেলে। এটা আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান এবং আমার বাবার জন্য দারুণ ব্যাপার হবে।’ ওয়েবসাইট।