ব্যালন ডি' অর বয়কট করবেন না রোনালদো

মঞ্চে ঘোষিত হলো তাঁর নাম। ক্রিস্টিয়ানো রোনালদো এবারের ফিফা বর্ষসেরা! দর্শক সারিতে সবার চোখ। কিন্তু কোথায়? রোনালদোই যে নেই!
এমন একটা পরিস্থিতি তৈরি হলে সেটি নিশ্চয়ই অপ্রীতিকর হবে। ২০০৮ সালের পর দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার হাতে দেখা যেতে পারে রোনালদোকে। সেই সম্ভাবনা এ বছর বেশ ভালো মতোই জাগিয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। কিন্তু ১৩ জানুয়ারির সেই অনুষ্ঠানে যদি বিজয়ী রোনালদো নিজেই না থাকেন, তাহলে কেমন দাঁড়াবে পরিস্থিতিটা?
রোনালদো নিজে পরোক্ষে এ ধরনের হুমকিই দিয়েছিলেন। বলেছিলেন, অনুষ্ঠানের সময়টায় তিনি হয়তো পর্তুগালে ছুটি কাটাবেন। তবে ফুটবলপ্রেমীদের জন্য সুখবর যে নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন রোনালদো। এ বছরের সেরা ফুটবলারের নাম ঘোষণার সময় মেসি-রিবেরির সঙ্গে দেখা যাবে পর্তুগিজ তারকাকেও।
মাঠে দুর্দান্ত দাপটের সঙ্গে খেলে গেলেও ফুটবলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কটা মোটেও ভালো না রোনালদোর। ফিফা সভাপতি সেপ ব্লাটার খোঁচা মেরেছিলেন রোনালদোকে। উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিও কৌতুক করে বলেছিলেন, ‘রোনালদোকে খুশি করতেই ভোট গ্রহণের তারিখ পিছিয়েছে ফিফা।’
রেগেমেগে তাই ব্যালন ডি’অর অনুষ্ঠানেই যাবেন না বলে জানিয়েছিলেন রোনালদো। তবে পরে শান্ত করা গেছে তাঁকে। রোনালদো যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জানিয়ে ফিফাকে ইতিমধ্যে আশ্বস্তও করেছে রিয়াল মাদ্রিদ।
রোনালদো এই পুরস্কার জিতবেনই, এমন নিশ্চয়তা নেই। তবে সবচেয়ে ফেবারিট তো বলা হচ্ছে তাঁকেই। ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা কার হাতে উঠবে তা নিয়ে জোর বিতর্কই চলছে ফুটবল বিশ্বে। এর মধ্যেই মেসি-রিবেরিকে পেছনে ফেলে ওয়ার্ল্ড সকার ম্যাগাজিনের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রোনালদো। এই পুরস্কারটা আশার সঞ্চার করেছে রোনালদো-ভক্তদের মধ্যে। কারণ, ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত প্রায় প্রতিবারই ওয়ার্ল্ড সকার যাঁকে বর্ষসেরা মনোনীত করেছে, শেষ পর্যন্ত তাঁর হাতেই উঠেছে ফিফা বর্ষসেরার পুরস্কার। ব্যতিক্রম হয়েছে শুধু দুবার। ২০০৪ ও ২০১০ সালে। এবার সেই বিরল ব্যতিক্রমের ফাঁদে না পড়তে হলে রোনালদোই হয়তো হাসবেন শেষ হাসি।