ব্যালন ডি'অর রিবেরি পেতে পারেন না!

ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠান বয়কটের হুমকির জবাবে বায়ার্ন তারকা ফ্রাঙ্ক রিবেরি ‘স্পোর্ট বিল্ড’কে সোজাসাপ্টা জানিয়েছিলেন, ‘সে (রোনালদো) এল কী এল না—তাতে কিচ্ছু যায় আসে না!’ রিবেরির মন্তব্যের পাল্টা জবাব আসবে, সেটি অনুমিতই ছিল। কিন্তু রোনালদো নয়; তাঁর পক্ষে তোপ দাগলেন সতীর্থ ফ্যাবিও কোয়েন্ত্রাও।
কোয়েন্ত্রাও মনে করেন, রিবেরি এ পুরস্কার পাওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন! তাঁর ধারণা, মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেতে কেবল রোনালদো ও মেসিই লড়াই করতে পারেন। তবে শেষমেশ তাঁর পক্ষপাত ওই সিআর সেভেনের প্রতিই।
ক্লাব বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার পর রিবেরি বলেছেন, ‘আমি খুব খুশি হবে ব্যালন ডি’অরটি পেলে।’ বোঝাই যাচ্ছে, ফরাসি উইঙ্গার কতটা মুখিয়ে আছেন পুরস্কারটি পেতে। কিন্তু কোয়েন্ত্রাওর মন্তব্য শুনলে তাঁর ভালো নাও লাগতে পারে।
কোয়েন্ত্রাও বলেন, ‘মেসি চমত্কার খেলোয়াড়। কিন্তু অনেক দিন ধরে সে মাঠের বাইরে। আর ব্যালন ডি’অরের মতো পুরস্কার রিবেরির মতো খেলোয়াড়ের হাতে উঠতে পারে না। যে কিনা মাত্র ২২ গোল করেছে। ক্রিস্টিয়ানো রোনালদো সব সময় নিজের খেলায় শীর্ষে। বহুবার জোড়া গোল করেছে সে।’
এখন দেখা যাক, রিবেরি কোনো জবাব ছোড়েন কি না! ওয়েবসাইট।