ব্যালন ডি’অর রোনালদোরই হোক: ফিগো
এবারের ব্যালন ডি’অর ট্রফিটা হাতে নেবেন কে—এ নিয়ে এই মুহূর্তে চলছে জোর কল্পনা-জল্পনা। রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, নাকি বার্সেলোনার প্লে-মেকার লিওনেল মেসি—ইউরোপের সেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে কেউই কারও চেয়ে কম নন। বিতর্কটা এখন যুক্তি ছাড়িয়ে চলে গেছে আবেগের আশ্রয়ে। রিয়াল-সমর্থকেরা রোনালদোর সফলতা কামনা করছে, আর বার্সা-সমর্থকেরা খুব করে চাইছে ট্রফিটা উঠুক মেসির হাতে। সাবেক ফুটবলাররাও এ ব্যাপারে কথা বলতে গিয়ে আবেগ ছাড়তে পারছেন না। পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের সাবেক প্লে-মেকার লুইস ফিগো যেমন এই পুরস্কারের জন্য সবচেয়ে যোগ্য মনে করছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে।রোনালদো জাতিতে পর্তুগিজ আর রিয়ালের খেলোয়াড় হওয়ায় ফিগোর সমর্থন তাঁর দিকেই। তবে ফিগো মনে করেন, ব্যালন ডি’অর কোন খেলোয়াড়কে দেওয়া হবে, তা নির্ভর করে নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর।ক্রিস্টিয়ানো রোনালদো গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন। ইউরোপীয় ফুটবল মৌসুমে তাঁর ব্যক্তিগত গোলসংখ্যা ৬০। এই জায়গায় ৭৩ গোল করা মেসির চেয়ে পিছিয়ে থাকলেও তিনি রিয়াল মাদ্রিদকে লা লিগায় ২০০৮ সালের পর প্রথম শিরোপা এনে দিয়েছেন একক কৃতিত্বে। তাই ফিগোর মতে, ব্যালন ডি’অরের ট্রফিটা রোনালদোরই হাতে নেওয়া উচিত।‘রোনালদো এই পুরস্কারের জন্য যা যা করা দরকার, তার সবই করেছে গত মৌসুমে।’ ফিগোর মন্তব্য। তবে তাঁর মতে, রোনালদো পুরস্কারটি পাবেন কি না তা নির্ভর করছে তাঁদের ওপর যাঁরা এই পুরস্কারে জুরির দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, এই পুরস্কারে ১০০ জন জুরি ভোট দেন। তাঁরা কী ভাবছেন, তার ওপরই নির্ভর করছে এই পুরস্কার কার হাতে উঠবে। রোনালদোর জন্য গেল মৌসুমটা ছিল সত্যিই দুর্দান্ত। ওয়েবসাইট।