ব্যালন ডি'অর হারাচ্ছেন মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও পৌষ মাস, কারও সর্বনাশ। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে কথাটা এখন দারুণ খাটে। রোনালদো যখন একের পর এক গোল করছেন, তখন মেসি গোলের জন্য হাপিত্যেশ করে মরছেন। শুধু সেটা হলেও না হয় কথা ছিল, সামনের কিছু ম্যাচে তো মেসিকে টিভিতে বসেই দেখতে হবে রোনালদোর উদ্যাপন। হ্যামস্ট্রিংয়ের চোটে যে দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি!
চলতি মৌসুমে চোট যেন মেসিকে তাড়া করছে আততায়ীর মতো। এর আগে আরও দুবার চোট পেয়েছেন। পরশু তো লম্বা সময়ের জন্যই চলে গেলেন মাঠের বাইরে। বছরের বাকি সময় তাই তিনি থাকবেন দর্শক হয়ে। তার চেয়েও বড় কথা, হাতছাড়া হয়ে যেতে পারে ফিফা ব্যালন ডি’অরের রাজ্যপাটও।
২০১০ থেকে শুরু হওয়ার পর এই পুরস্কারটাকে নিজেরই করে নিয়েছেন মেসি। টানা তিনবার তাঁর মাথায় উঠেছে বর্ষসেরা খেলোয়াড়ের মুকুট। কিন্তু অন্যবারের তুলনায় এবার যে অনেকটাই বিবর্ণ বার্সা তারকা!
পরিসংখ্যানই সাক্ষ্য দেবে এর পক্ষে। সর্বশেষ ম্যাচে না হয় পুরো সময় খেলতে পারেননি। সেটা বাদ দিলেও লিগে এর আগের টানা চার ম্যাচে গোল করতে পারেননি মেসি। চলতি মৌসুমে লিগে গোল করেছেন আটটি। ক্রিস্টিয়ানো রোনালদোর গোল ঠিক এর দ্বিগুণ।
তবে ব্যালন ডি’অরের হিসাবটা হবে পুরো বছর মিলিয়েই। সেখানেও রোনালদো মেসির চেয়ে এগিয়ে। এ বছর রিয়ালের হয়ে ৪৬ ম্যাচে রোনালদোর গোল ৫৬। আর ৩৯ ম্যাচ খেলে মেসির ৩৯টি। সামনের কয়েকটা ম্যাচে রোনালদো নিশ্চিতভাবেই গোলসংখ্যা আরও বাড়িয়ে নেবেন। কিন্তু মেসিকে থেমে থাকতে হবে ৩৯ গোলেই। জাতীয় দলে অবশ্য ‘কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান’। আর্জেন্টিনার হয়ে এই বছর ৭ ম্যাচ খেলে মেসির গোল ৬টি। পর্তুগালের জার্সি গায়ে রোনালদোর ম্যাচ ও গোলসংখ্যাও ঠিক একই।
শুধু রোনালদোর কথা হচ্ছে বলে ভুরু কুঁচকাতেই পারেন। ফ্রাঙ্ক রিবেরিকে ভুলে গেলে তো চলবে না! বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার গোলসংখ্যায় (৪৭ ম্যাচে ২০টি) বাকি দুজনের চেয়ে অনেকটাই পিছিয়ে থাকলেও গত বছরের অর্জনের দিক দিয়ে এগিয়ে অনেকটাই। রেকর্ডের মেলা বসানো বায়ার্নের ত্রিমুকুট জয়ে রিবেরি তো সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। তবে এও মানতে হবে, দিন শেষে এটা ব্যক্তিগত পুরস্কারই। ২০১০ বিশ্বকাপজয়ী ইনিয়েস্তা, জাভিরা থাকার পরও পুরস্কারটা উঠেছিল তাঁদের বার্সা সতীর্থ মেসির হাতেই। ওয়েবসাইট।
ফিফার সদস্যদেশগুলোর কোচ, অধিনায়ক ও নির্বাচিত সাংবাদিকেরাই ব্যালন ডি’অরের বিচারক। ভোট দেওয়ার জন্য আর খুব বেশি সময় নেই তাঁদের হাতে, ফিফার কাছে যাঁর যাঁর ভোট পৌঁছে দিতে হবে ১৫ নভেম্বরের মধ্যে। কাকে বেছে নেবেন তাঁরা?