ব্যালন ডি'অরে যাচ্ছেন রোনালদো

গত মাসে ফিফা সভাপতি ও উয়েফা সভাপতির মন্তব্যে ‘ত্যক্তবিরক্ত’ হয়ে ব্যালন ডি’অর বয়কটের হুমকি দিয়ে বসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গারের এমন হুমকির পর নানা কথা হয়েছে। ফ্রাঙ্ক রিবেরি বলেছিলেন, ‘সে এল কি না এল, তাতে কিচ্ছু যায় আসে না!’ এরপর রোনালদোর হয়ে রিবেরিকে অবশ্য জবাবটা দিয়ে দিয়েছিলেন তাঁর সতীর্থ ফ্যাবিও কোয়েন্ত্রা।
তবে নতুন খবর হলো, বিরক্তি যতই থাকুক, ক্ষোভ যতই উগড়ে দিক, সব জল্পনা-কল্পনা আর বিতর্কের অবসান ঘটিয়েছেন সিআর-৭ নিজেই। তিনি জানিয়েছেন, ১৩ জানুয়ারি তিনি জুরিখে যাবেন। সেদিন সুইজারল্যান্ডের শহরটিতে বসবে তারার মেলা। বিশ্ব জানবে কে হচ্ছেন ফিফা বর্ষসেরা।
হঠাত্ পরিবর্তন রোনালদোর! ব্যাপার কিছুই না। গত রাতে সেল্টা ভিগোর বিপক্ষে জোড়া গোল করে বেশ ‘মুডে’ই আছেন রিয়াল তারকা। ম্যাচ শেষে বলেছেন, ‘গালায় যাচ্ছি। জানি না পুরস্কার আমার হাতে উঠবে কি না। যদি ওঠে, তাহলে দারুণ হবে! আর যদি না ওঠে, তাহলেও জীবন চলবে। চেষ্টা করব রিয়াল মাদ্রিদকে এগিয়ে নিতে, যেটা সব সময়ই করি।’ ওয়েবসাইট।