ব্যালন ডি’অরের তালিকা ফাঁস!
গতবার ছিল বার্সেলোনার জয়জয়কার। ফিফা-ব্যালন ডি’অরের চূড়ান্ত মনোনয়ন পাওয়া তিন খেলোয়াড়ই ছিল বার্সার। শেষ পর্যন্ত জাভি-ইনিয়েস্তাকে হারিয়ে ফুটবলের সর্বোচ্চ পুরস্কারটা জেতেন লিওনেল মেসি। পরশু ফিফা ব্যালন ডি’অরে বর্ষসেরা মহিলা ফুটবলারদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। পুরুষ ফুটবলারদের প্রাথমিক তালিকা দেওয়া হবে ১ নভেম্বর। তবে স্পেনের দৈনিক মুন্ডো দেপোর্তিভো দাবি করছে, গোপন সেই প্রাথমিক তালিকা তাদের হাতে চলে গেছে। সেটি তারা প্রকাশও করে দিয়েছে। এমনিতে এটি খুব গোপনীয় বিষয়। কৌতূহল জিইয়ে রাখতেই মূলত গত বছর থেকে ফিফা বর্ষসেরা ও ইউরোপ-সেরা—ব্যালন ডি’অর একীভূতও করা হয়।মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, প্রাথমিক তালিকায় এবারও বার্সার জয়জয়কার। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতা দলটির নয়জন খেলোয়াড় আছেন: মেসি, জাভি, ইনিয়েস্তা, পিকে, পুয়োল, ফ্যাব্রিগাস, ভিয়া, দানি আলভেজ এবং এরিক আবিদাল। রিয়াল মাদ্রিদের আছেন চারজন: রোনালদো, ক্যাসিয়াস, ওজিল ও খেদিরা। বায়ার্ন মিউনিখের আছেন পাঁচজন: মুলার, লাম, শোয়েনস্টাইগার, গোমেজ, রিবেরি ও ক্লোসা (এখন লাৎসিওর)। ইংল্যান্ডের ওয়েইন রুনি, ইতালির আন্তোনিও ডি নাতালে, হল্যান্ডের ওয়েসলি স্নাইডার ও উরুগুয়ের ডিয়েগো ফোরলানও আছেন তালিকায়। ফিফার সদস্য দেশগুলোর জাতীয় দলের কোচ-অধিনায়কের ভোটে নির্বাচিত হন ফিফা বর্ষসেরা। সংক্ষিপ্ত তিনজনের নাম প্রকাশ করা হবে আগামী ৫ ডিসেম্বর। আগামী ৯ জানুয়ারি জুরিখের জাঁকালো অনুষ্ঠানে ঘোষিত হবে বিজয়ীর নাম। ওয়েবসাইট।