ব্যালান্সের শতকে'ভারসাম্য' আনল ইংল্যান্ড

বিতর্ক মাথায় নিয়েই লর্ডস টেস্ট খেলতে নেমেছিলেন গ্যারি ব্যালান্স। টেন্টব্রিজে ইংল্যান্ড-ভারত চলতি সিরিজের প্রথম টেস্ট শেষে নটিংহ্যামের এক পানশালায় নাকি ‘বেসামাল’ হয়ে পড়েছিলেন ব্যালান্স। বাইরে যাই হোক না কেন, মাঠে নিজের দায়িত্ব ঠিকঠাকই পালন করছেন এ বাহাতি ব্যাটসম্যান। ব্যালান্সের শতকে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ভারসাম্য এনেছে ইংল্যান্ড। দিন শেষে ইংলিশদের সংগ্রহ ৬ উইকেটে ২১৯।
লর্ডসের সবুজ উইকেটে আগের দিনেই দিশেহারা ভারত। আজ মাত্র ৫ রান যোগ করে মহেন্দ্র সিং ধোনির দল প্রথম ইনিংসে ২৯৫ রানে অলআউট হওয়ার পর ইংলিশ ব্যাটসম্যানরাও খাবি খেল শুরুতেই। নির্দিষ্ট করে বললে ভুবনেশ্বর কুমারের বলে। মধাহ্ন ভোজের বিরতির আগেই ৩১ রানে ভুবনেশ্বরের বলে ফিরে যান দুই ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক ও স্যাম রবসন। বিরতির পর আরও দুজন—ইয়ান বেল (১৬) ও জো রুট (১৩)। ১১৩ রানে ৪ উইকেট পতনে চাপেই পড়ে যায় ইংলিশরা।
কিন্তু লড়াইয়ে ভারসাম্য রাখতেই কি না ব্যালান্স দাঁড়িয়ে গেলেন উইকেটে। মইন আলীকে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে তুললেন সর্বোচ্চ ৯৮। ভুবনেশ্বরের বলে ফেরার আগে ব্যালান্স তুলে নেন দ্বিতীয় টেস্ট শতক (১১০)। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড পিছিয়ে ৭৬ রানে। ভারতের বোলিং-নায়ক ভুবেনশ্বর, ডান হাতি পেসারের সংগ্রহে ৪ উইকেট।