ব্রংকহর্স্টের সামনে অনন্য এক মুহূর্তের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বফুটবলে জিওভান্নি ফন ব্রংকহর্স্ট নামটির খুব একটা তারকাখ্যাতি নেই। কিন্তু কমলা বাহিনী হল্যান্ডের পক্ষে তলে তলে শতাধিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। দেশের হয়ে ১০৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা খেলোয়াড়কে আর যাই হোক, ধারাবাহিকতার প্রতিমূর্তি হিসেবে চিহ্নিত করতেই হয়। ১৯৯৬ সাল থেকে হল্যান্ডের পক্ষে খেলা ফন ব্রংকহর্স্ট কাল উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে দলের বিশ্বকাপ ফাইনাল যাত্রায় রেখেছেন অনন্য অবদান। এবারের বিশ্বকাপ তাঁর জন্য নিয়ে এসেছে এক অসাধারণ মুহূর্তের নায়ক হওয়ার সুযোগ। যে মুহূর্ত বেশির ভাগ খেলোয়াড়েরই জীবনেই আসে না। কিন্তু কোনো কোনো খেলোয়াড়ের জীবনে আসে অসাধারণ সুখস্মৃতির উপকরণ হয়ে। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ড্যানিয়েল প্যাসারেলা, দিনো জফ, ডিয়েগো ম্যারাডোনা, লোথার ম্যাথিয়াস, কার্লোস দুঙ্গা, দিওরকায়েফ, কাফু কিংবা ফ্যাবিও ক্যানাভারোসহ অনেকেই এই সুখস্মৃতির মালিক। হ্যাঁ, অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ট্রফি হাতে নেওয়ার মুহূর্তটির কথাই বলা হচ্ছে। সেই অনির্বচনীয় মুহূর্তটিকে খুব কাছেই দেখতে পাচ্ছেন ব্রংকহর্স্ট। হল্যান্ড বিশ্বকাপ জিতলে ট্রফিটি ব্রংকহর্স্টের হাতেই উঠবে। অথচ ব্রংকহর্স্ট এরই মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, বিশ্বকাপ ফাইনালই হবে হল্যান্ডের হয়ে তাঁর জীবনের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। হল্যান্ড যদি বিশ্বকাপ জিতেই যায়, তাহলে দলকে বিশ্বকাপ জিতিয়ে অবসরে চলে যাওয়ার অনন্য এক রেকর্ডও চলে যাবে হল্যান্ডের হয়ে শতাধিক ম্যাচ খেলা এই লেফটব্যাকের ঝুলিতে। তিনি সেই মুহূর্তটির অপেক্ষায় উন্মুখ। নিজেই বলেছেন, ‘বিশ্বকাপ হাতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর মতো এমন অসাধারণ মুহূর্তটি যদি আসে, তা হবে আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত।’রক্ষণভাগে দুর্দান্ত খেললেও কোনো দিনই খুব একটা আলোচনায় আসতে পারেননি এই ডাচ ডিফেন্ডার। তবে ফুটবল ক্যারিয়ারে সাফল্য যথেষ্টই রয়েছে ব্রংকহর্স্টের ঝুলিতে। যখন যেখানেই গিয়েছেন, সেখানেই সাফল্য ধরা দিয়েছে তাঁর হাতে। স্কটল্যান্ড, ইংল্যান্ড আর স্প্যানিশ—তিনটি লিগেই শিরোপা জিতেছেন ব্রংকহর্স্ট। বার্সেলোনার হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপাও। রক্ষণভাগে স্ট্রাইকারদের জন্য সব সময়ই দুর্ভেদ্য বাধা হয়েই ছিলেন এই ডাচ ডিফেন্ডার। আক্রমণভাগের খেলোয়াড়দের জন্য তিনি যে খুবই বিপদজনক, এটা বেশ ভালো করেই জানতেন এ সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার লিওনেল মেসি। এ জন্য মেসি একবার ব্রংকহর্স্টকে বিশ্বের সেরা লেফট ব্যাকের স্বীকৃতিও দিয়েছিলেন।দুই বছর ধরে বেশ সাফল্যের সঙ্গেই হল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ব্রংকহর্স্ট। এখন বিশ্বকাপটা জিতে ক্যারিয়ারটা নিশ্চয়ই আরও স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি।