ব্রডকে শাস্তির দাবি হোল্ডিংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটি থেকে বল কুড়িয়ে নিয়ে ক্যাচের আবেদন করায় যদি দিনেশ রামদিন দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান, তাহলে নিশ্চিত আউট জেনেও সাজঘরের পথে না হাঁটায় স্টুয়ার্ট ব্রডকে কেন নিষিদ্ধ করা হবে না? প্রশ্নটা তুলেছেন মাইকেল হোল্ডিং। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ব্রডকে পরবর্তী টেস্টে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এই উইন্ডিজ কিংবদন্তি। ঘটনাটি গতকাল ট্রেন্টব্রিজ টেস্টের তৃতীয় দিনের। ৩৭ রান নিয়ে ব্যাট করছিলেন ব্রড। অ্যাশটন অ্যাগারের একটি বল তাঁর ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে দাঁড়ানো মাইকেল ক্লার্কের হাতে। নিশ্চিত এই আউটের আবেদনে সাড়া দেননি পাকিস্তানি আম্পায়ার আলিম দার। এক ইনিংসে দুইটি রিভিউয়ের সুযোগ আগেই কাজে লাগিয়ে ফেলায় সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদনের কোনো সুযোগও ছিল না অস্ট্রেলিয়ানদের। নিশ্চিত আউটের হাত থেকে বেঁচে যাওয়ার পর দিনের বাকিটা সময়ও অপরাজিতই ছিলেন ব্রড। শেষ পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে গুরুত্বপূর্ণ ৬৫ রান। ব্রডের এই আচরণ ক্রিকেটের নৈতিকতাবিরোধী বলেই মনে করছেন হোল্ডিং। ‘ডেইলি মেইল’কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘রামদিন যা করেছিল একই রকমের কাজই করেছে ব্রড। সে খুব ভালোমতোই জানত যে বলটা ব্যাটে লেগেছে। রামদিনের কাজটা যদি ক্রিকেটের চেতনাবিরোধী হয় এবং তাঁকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়, তাহলে ব্রডের ক্ষেত্রেও একই কাজ করা উচিত। তাঁর কাজটাও তো ক্রিকেটের চেতনাবিরোধীই। ব্যাটে বল লাগা সত্ত্বেও সে উইকেটে দাঁড়িয়ে ছিল।’গত মাসেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মাটিতে পড়ে যাওয়া বল তুলে নিয়ে ক্যাচের আবেদন করায় ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক রামদিনকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি।