মাইকেল ভন সম্ভবত ভবিষ্যৎ দেখতে পান। নইলে খেলা শুরু হওয়ার পরেই কেন টুইট করবেন, ‘আমার কেন যেন মনে হচ্ছে, আজ ইংলিশদের লজ্জা পেতে হবে।’ কে ভাবতে পেরেছিল, ভনের শঙ্কাটাই সত্যি হবে? হল্যান্ডের কাছে ইংল্যান্ড হারবে, তা-ও অমন লজ্জাজনকভাবে!
জয়ে যেমন মাথায় তুলে নাচে, হারলে তেমনি ইংলিশ সংবাদমাধ্যম চালায় সমালোচনার চাবুক। পরশুর হারের পর সমালোচনার ঝাঁজটাও হলো তীব্র। একে তো আইসিসির সহযোগী সদস্য দেশের কাছে হার, তা-ও আবার টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে, ইংলিশ মিডিয়া একেবারে ধুয়ে দিয়েছে ব্রডদের। গার্ডিয়ান-এর শিরোনাম ‘লজ্জার শীত শেষ ডাচ-অপমানে’। সান ট্যাবলয়েড বড় হরফে লিখেছে, ‘একরাশ আবর্জনা’!
২০০৯ সালে লর্ডসে এই হল্যান্ডের কাছেই টি-টোয়েন্টি বিশ্বকাপে হেরেছিল ইংল্যান্ড। সেবার অন্তত খেলাটা শেষ বলে গড়িয়েছিল, এবার দুই ওভারেরও বেশি বাকি থাকতে ৪৫ রানে হার। ১৮তম ওভারে প্যারির রানআউটের পর রাগে-ক্ষোভে একাকার ভনের টুইট, ‘যাচ্ছেতাই, একেবারেই যা তা!’
প্রাথমিক পিণ্ডি চটকানোর পর অবশ্য শুরু হয় আত্মানুসন্ধান। কেন এমন হলো? অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ-লজ্জা দিয়ে দুঃস্বপ্নের এক শীতের শুরু। বাংলাদেশে বড় কিছু আশা করেনি ইংলিশরাও। এক ম্যাচ আগেই বিসর্জিত হয়েছিল সেমিফাইনাল স্বপ্নও। হল্যান্ড ম্যাচটা ছিল শুধুই হারাবার। আক্ষরিক অর্থেই সেটিতে হারাতে হলো সবকিছুই। ক্ষোভটা সাবেক ইংলিশ ওপেনার ও ধারাভাষ্যকার ডেভিড লয়েডেরই বেশি, ‘পুরো শীতেই আমরা ভয়াবহ খেলেছি, এর চেয়ে বাজে আর কিছু হতে পারে না। মাথা মোটা, নির্লজ্জ, একেবারেই অগ্রহণযোগ্য।’
সাবেক ইংলিশ ওপেনার মাইকেল আথারটনের গার্ডিয়ানে লেখা কলামে হল্যান্ড-লজ্জার ক্রিকেটীয় বিশ্লেষন, ‘ইংল্যান্ড কন্ডিশনের সঙ্গে মানাতে একদমই ব্যর্থ হয়েছে। প্রথম তিন ম্যাচের কন্ডিশন ওদের বিভ্রান্ত করেছে। ওই তিন ম্যাচে ওরা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করেছে। তখন ঠিক আদর্শ উপমহাদেশীয় উইকেটে খেলা হয়নি।’ আত্মবিশ্বাসের অভাবকেও দায়ী করেছেন তিনি, ‘অবিশ্বাস্য! কোনো সংহতি নেই দলে। এই দলে বলতে গেলে কোনো আত্মবিশ্বাসও নেই।’ মজার ব্যাপার, পরশু ম্যাচের পর ইংল্যান্ড কোচ অ্যাশলি জাইলস বলেছেন, ‘আত্মতুষ্টির’ কারণেই হেরেছে ইংল্যান্ড!
ডেইলি টেলিগ্রাফ-এর জোনাথন লিউ জাইলসকে নিয়ে লিখেছেন, ‘জাইলস ইংল্যান্ডের পূর্ণকালীন কোচ হতে চান। তাঁকে সেটা হতে দিন। তাঁরা দুজন একে অন্যের সঙ্গে খুব ভালো যায়—অন্ধ পথ দেখাবে আরেক অন্ধকে।’ আথারটন দাবি তুলেছেন সাবেক ইংলিশ কোচ পিটার মুরসকে আবার ফিরিয়ে আনার।
তবে এমন দুঃসময়ে জাইলস পাশে পাচ্ছেন সাবেক সতীর্থ নাসের হুসেইনকে, ‘দোষ আসলে জাইলসের নয়, দোষ পদ্ধতির।’ কাছাকাছি সুর ভনেরও, ‘জাইলসের সমালোচনা ঠিক আছে। তবে দোষটা আসলে খেলোয়াড়দেরই।’ এএফপি, ওয়েবসাইট।