ব্রডেই শেষ নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় পেতে প্রয়োজন ২৩৯ রান। লর্ডসের বোলিংবান্ধব উইকেটে লক্ষ্যটা কঠিনই ছিল নিউজিল্যান্ডের জন্য। এ অবস্থায় কিউইদের হার অস্বাভাবিক কিছু নয়। তবে নিউজিল্যান্ড দল আজ যেভাবে হারল, তাকে অস্বাভাবিকই বলতে হয়।
সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ইংল্যান্ড জিতেছে ১৭০ রানে। ২৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। কিউইদের ব্যাটিং তছনছ করে সাতটি উইকেট তুলে নেন স্টুয়ার্ট ব্রড। জেমস অ্যান্ডারসন নেন দুটি উইকেট। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের এমন পরিণতি হবে, প্রতিপক্ষ ইংল্যান্ডও বোধ হয় এতটা আশা করেনি।নিউজিল্যান্ডের ইনিংসের চিত্রটা এবার দেখুন। দলীয় ১ রানে প্রথম উইকেটের পতন। দলীয় ৪১ রানে পতন সপ্তম উইকেটের। উইকেট বিসর্জনের খেলা থেকে শেষ পর্যন্তও বেরিয়ে আসতে পারেননি কিউই ব্যাটসম্যানরা। ২২.৩ ওভারেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।
ভাগ্যিস শেষের দিকে ওয়াটলিং ১৩ ও ওয়াগনার ১৭ রান উপহার দিয়েছিলেন। না হলে নিউজিল্যান্ডের সংগ্রহটা ৫০ হতো কি না, সংশয় ছিল। ওয়াটলিং ও ওয়াগনার ছাড়া নিউজিল্যান্ডের কেউই দুই অঙ্কের সংগ্রহ গড়তে পারেননি।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮০ রান নিয়ে আজ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। কিন্তু একের পর এক উইকেট হারিয়ে দ্রুতই গুটিয়ে যায় স্বাগতিকেরা। এক প্রান্ত আগলে রেখে ২৬ রান নিয়ে অপরাজিত থাকেন স্টুয়ার্ট ব্রড। নিউজিল্যান্ডের সফলতম বোলার টিম সাউদি। মাত্র ৫০ রান দিয়ে ছয়টি উইকেট তুলে নেন এই মিডিয়াম-ফাস্ট বোলার। প্রথম ইনিংসে তিনি পেয়েছিলেন ৪ উইকেট। লর্ডসে ১০ উইকেট নেওয়া দ্বিতীয় কিউই বোলার সাউদি।

এ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৩২ রান। জবাবে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড গুটিয়ে যায় মাত্র ২০৭ রানে। সূত্র: ক্রিকইনফো।