ব্রডের আঘাতে ফলোঅনে কিউইরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েলিংটনে কয়েক দিন ধরেই ঝড়ের পূর্বাভাস। কিন্তু ঝড় আসলে শেষ পর্যন্ত তুললেন অন্য একজন—স্টুয়ার্ট ব্রড। আর সেই ঝড়ে শেষ পর্যন্ত ডুবেই গেল নিরাপদ বন্দরে ভিড়তে ব্যাকুল হয়ে ওঠা নিউজিল্যান্ড। ব্রডের আঘাতে তছনছ হয়ে বাধ্য হলো ফলোঅন করতে। বৃষ্টির পূর্বাভাস থাকায় ফলোঅন করানোই লাভজনক ভেবেছেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ২৫ রানে ১ উইকেট হারালেও পরে আর কোনো বিপর্যয় হয়নি স্বাগতিকদের। যদিও ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ১৩৪ রানে পিছিয়ে থেকে শেষ করেছে তৃতীয় দিন। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না পেলেও প্রথম ইনিংসে ৫১ রানে ছয়জনকে শিকার করেছেন ব্রড। ফলোঅন এড়াতে ঠিক ২০০ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। প্রথম দিনেই ৩ উইকেট হারিয়ে ফেলা ব্রেন্ডন ম্যাককালামের দল আরও বিপদে পড়ে দিনের ষষ্ঠ ওভারের মধ্যেই আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান উইলিয়ামসন ও ওয়াটলিংকে হারিয়ে ফেলে। তিন বলের ব্যবধানে এই দুজনের বিদায়ে ৫ উইকেটে ৮৯ রানে পরিণত হয় নিউজিল্যান্ড। পরিস্থিতি বিবেচনায় এর পরও নিউজিল্যান্ডের ২৫৪ রান পর্যন্ত যেতে পারা কম নয়।শেষ ৫ উইকেটে কিউইদের ১৬৫ রান উঠেছে ম্যাককালাম ও ওয়াটলিংয়ের ব্যাটিংয়ে। দুজন ষাট ও সত্তরের দুটো ইনিংস খেলেছেন। ষষ্ঠ উইকেটে ১০০ রানের জুটি গড়ে প্রতিরোধ তোলারও চেষ্টা করেছেন। দুজনই সেঞ্চুরি করে ফেলবেন বলেই মনে হচ্ছিল একসময়। কিন্তু জোড়ায় জোড়ায় উইকেট হারানোর ধাক্কা এখানেও বজায় থাকে। টানা দুই ওভারে ম্যাককালাম ও টিম সাউদিকে ফেরান স্টিভেন ফিন। তবে আসল আঘাতটা দিয়েছেন স্টুয়ার্টই।প্রথম দিন নিয়েছিলেন দুই উইকেট। কাল দিনের শুরুতে দেন প্রথম ধাক্কা, ফেরান উইলিয়ামসনকে। গলার কাঁটা হয়ে থাকা ওয়াটলিংয়ের পর দুই শেষ ব্যাটসম্যান ওয়াগনার ও বোল্টকে টানা দুই ওভারে ফিরিয়ে দিয়ে ফলোঅন নিশ্চিত করেছেন। তখনো ১২ রান দূরে ছিল কিউইরা।প্রথম ইনিংসে ২১১ রানের লিড পাওয়ার পর স্বাগতিকদের আবার ব্যাটিংয়ে পাঠান কুক। একাদশ ওভারে আক্রমণে এসেই তৃতীয় বলে রাদারফোর্ডকে তুলে নেন প্রথম ইনিংসে উইকেটশূন্য পানেসার। পরে ফুলটন-উইলিয়ামসন গড়েছেন ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি। ওয়েবসাইট।