ব্রডের কাছে ক্ষমা চাইলেন লেম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষমেশ ক্ষমা চেয়ে ব্রডকে নিয়ে মন্তব্যে ওঠা ঝড়কে থামাতে চাইলেন ড্যারেন লেম্যান। ব্রডের কাছে ক্ষমা চাওয়ার পর ব্যাপারটা চুকে গেছে বলেও তাঁর দাবি।ট্রেন্ট ব্রিজের প্রথম ইনিংসে আউট হয়েছেন জেনেও ব্রডের ‘ওয়াক’ না করায় তাঁকে ‘প্রতারক’ বলেছিলেন লেম্যান। সেখানেই থামেননি, ফিরতি অ্যাশেজ সফরে অস্ট্রেলিয়ার দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন ব্রডকে কাঁদাতে! এই মন্তব্য করে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করার দায়ে জরিমানা গুনতে হয়েছে তিন হাজার ডলার (শেষ টেস্টের ম্যাচ ফির ২০ শতাংশ)। লেম্যান উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেছে ইসিবি। ইয়ান চ্যাপেল ‘ওয়াক’ না করা নিয়ে লেম্যানের অভিযোগ করাটাকে অভিহিত করেছেন ‘ভণ্ডামি’ বলে।অবস্থা বেগতিক দেখেই বোধ হয় ক্ষমা চেয়ে ফেললেন লেম্যান। তাঁর ওই মন্তব্য নিয়ে এমন বিতর্ক হবে, সেটা নাকি তিনি বুঝতেই পারেননি। অস্ট্রেলিয়ার এফএম রেডিও স্টেশন ট্রিপল এমকে বলেছেন, এটা তাঁর জন্য একটা শিক্ষাই, ‘আমার সঙ্গে ওর (ব্রডের) কথা হয়েছে। ব্যাপারটা এখানেই শেষ। এটা নতুন একজন কোচের জন্য ভালো একটা শিক্ষাই, তাই না? আমি একটু মজার ছলেই কথাটা বলেছিলাম। যা-ই হোক, এটা থেকে আমি শিক্ষা নেব।’এই অ্যাশেজেই প্রথম কোনো টেস্ট দলের প্রধান কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ব্রড-বিতর্কে লেম্যানের উপলব্ধি আরও অনেক কিছুই শেখার বাকি, ‘আমাকে আরও শিখতে হবে। উন্নতিও করতে হবে। এই কাজটা যে সব সময় খেলোয়াড়দের, তা কিন্তু নয়; কোচদেরও অনেক উন্নতির সুযোগ আছে।’ লেম্যান না হয় ক্ষমা চাইলেন, কিন্তু ব্রড কি ক্ষমা করেছেন? করেছেন বলেই টুইটারে জানিয়েছেন ব্রড, ‘ড্যারেন লেম্যানের সঙ্গে কাল রাতে (রোববার) কথা হয়েছে। তিনি তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। আমি সেটা মেনে নিয়েছি। তিনি বলেছেন, স্রেফ মজা করেই কথাগুলো বলেছিলেন। ব্যাপারটা এখানেই শেষ।’একটা ভালো খবর অবশ্য আছে লেম্যানের জন্য, ট্রিপল এম তাঁর জরিমানার অর্থ দিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এএফপি, ওয়েবসাইট।