ব্রডের তাণ্ডবে চাপের মুখে পাকিস্তান
লর্ডস টেস্টে পাকিস্তানের জন্য রীতিমতো বিভীষিকারূপে আবির্ভূত হয়েছেন স্টুয়ার্ট ব্রড। ব্যাট হাতে ১৬৯ রান করার পর এবার বল হাতেও বিপদে ফেলে দিয়েছেন পাকিস্তানকে। টানা দুই ওভারে ফিরিয়ে দিয়েছেন ওপেনার ইয়াসির হামিদ ও মোহাম্মদ ইউসুফকে। আরেক ওপেনার ইমরান ফারহাদও বিদায় নিয়েছেন অ্যান্ডারসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৪৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০ রানের ভেতরেই ৩ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গেছে পাকিস্তান।এর আগে অষ্টম উইকেট জুটিতে সর্বোচ্চ ৩৩২ রানের পার্টনারশিপ গড়েন স্টুয়ার্ট ব্রড ও জনাথন ট্রট। বহু সাধ্য-সাধনার পর অবশেষে এই জুটি ভাঙেন সাইদ আজমল। ১৬৯ রান করে ফিরে যাওয়ার সময় অনেক প্রাপ্তির মধ্যেও একটা আফসোস সঙ্গী হয়েছে ব্রডের। মাত্র ৪ রানের জন্য ভাঙতে পারেননি টেস্টে ৯ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড। ৯ নম্বর ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ১৭৩ রান করেছেন নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ।শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৪২ রান। সালমান বাট ২৩ রানে এবং আজহার আলী ৯ রানে অপরাজিত আছেন।—ওয়েবসাইট