ব্রডের বিশ্বকাপও শেষ
বিশ্বকাপে ইংল্যান্ড দলের যে চেহারা, স্টুয়ার্ট ব্রড কি তারই প্রতীক হয়ে এলেন সংবাদ সম্মেলনে?টাই, হার, হারতে হারতে জেতা—এই করেই চলছে ইংল্যান্ডের বিশ্বকাপ। বাংলাদেশের বিপক্ষে শুক্রবারের ম্যাচটাও এখন তাদের জন্য ‘মাস্ট উইন’! বিশ্বকাপের মাঝপথে এসে ইংল্যান্ড দলের মতোই বিধ্বস্ত স্টুয়ার্ট ব্রড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চেন্নাইয়ের নাটকীয় জয়ের নায়ক চট্টগ্রামে এসে কিনা বলছেন, ‘পরের ম্যাচটা খেলব কি না জানি না...!’ ব্রড কথাটা বলেছেন কাল দুপুরে। তবে রাতের খবর, শুধু বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচেই নয়, ইনজুরির কারণে বিশ্বকাপই শেষ হয়ে গেছে ব্রডের।বাংলাদেশ দলের আগে কাল সকালে ইংল্যান্ডের ১২ ক্রিকেটার ঘুরে এসেছে ভাটিয়ারি গলফ ক্লাব। না যাওয়াদের মধ্যে ছিলেন ব্রডও। দুপুর ১২টায় টিম হোটেলে তাঁর সংবাদ সম্মেলন। সবাইকে অপেক্ষায় রেখে স্থানীয় এক হাসপাতাল থেকে স্ক্যান করিয়ে ব্রড এলেন দেড় ঘণ্টা পর! দক্ষিণ আফ্রিকা ম্যাচে দ্বিতীয় স্পেলে বল করার সময় শরীরের বাঁ পাশে ব্যথা অনুভব করেন এই পেসার। সেটাই বাধা হয়ে দাঁড়িয়েছে তাঁর বিশ্বকাপে। স্ক্যান রিপোর্ট পাওয়ার আগে কাল দুপুরের সংবাদ সম্মেলনে জানালেন, ‘আমি নিশ্চিত নই, ইনজুরি কতটা সিরিয়াস। কয়েকটা স্ক্যান করিয়েছি। মনে হচ্ছে, শুক্রবারের ম্যাচে আমি অনিশ্চিত। এর পর কী হবে জানি না।’ সন্ধ্যায় স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর ‘এর পর কী হবে’র, উত্তরও জানা হয়ে গেছে ব্রড এবং ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের। বিশ্বকাপটাই আর খেলা হচ্ছে না ব্রডের। আজকালের মধ্যে ফিরে যাবেন দেশে। তাঁর বদলি কে, জানা যাবে আজ। ধারণা করা হচ্ছে, দলের সঙ্গে স্ট্যান্ড বাই হিসেবে থাকা ক্রিস ট্রেমলেটই স্থলাভিষিক্ত হবেন ব্রডের।যাওয়ার আগে বাংলাদেশের বিপক্ষে দলকে সতর্ক করে দিয়ে যাচ্ছেন ব্রড। নিজেদের কন্ডিশনে বাংলাদেশ যেমন তেমনি ওপেনার তামিম ইকবালকেও বললেন বিপজ্জনক, ‘আমরা জানি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হতাশার পর বাংলাদেশ আমাদের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাইবে। নিজেদের মাটিতে তাদের হারানো সব সময়ই কঠিন।’ তামিমকে নিয়ে তাঁর মূল্যায়ন, ‘গত বছর বাংলাদেশে এবং ইংল্যান্ডেও তার বিপক্ষে আমরা খেলেছি। খুবই প্রতিভাবান খেলোয়াড়, দলকে ভালো শুরু এনে দিতে পারে।’ তবে নিজেদের বোলিং আক্রমণের ওপর যথেষ্টই আস্থা এই পেসারের, ‘দলে খুব ভালো ভালো বোলার আছে। নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করে তার (তামিম) ওপর চাপ সৃষ্টি করতে পারবে তারা।’গত মার্চেই এই মাঠে সেঞ্চুরি করে গেছেন ক্রেইগ কিসওয়েটার। ব্রডের কাছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটকে এরপর থেকে ব্যাটিং-সহায়কই মনে হয়। এখানে কেমন হতে পারে বাংলাদেশের ব্যাটিং সে ধারণাও তাঁর আছে, ‘এদের ব্যাটসম্যানদের আমরা খুব কাছ থেকে দেখছি। দলটা খুবই বিপজ্জনক। গত বছরের সিরিজে আমরা ভালো খেললেও তারা আমাদের ব্রিস্টলে হারিয়ে দিয়েছে। ওদের সঙ্গে খেলার বিপদটা আমরা জানি এবং এটাও জানি, আমাদের ভালো খেলতেই হবে।’ইংল্যান্ডের জন্য প্রেরণার উৎস হতে পারে চেন্নাইয়ে জেতা নাটকীয় ওই ম্যাচ। ১৭১ রান করেও দক্ষিণ আফ্রিকাকে শেষ পর্যন্ত ‘চোকার’ বানিয়ে ছেড়েছে ইংল্যান্ড। ‘আয়ারল্যান্ড-হতাশার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা দারুণভাবে ফিরে এসেছি। বোলিং-ফিল্ডিংয়ে আমাদের আত্মবিশ্বাস এতে বেড়েছে। এখন একটাই কাজ—বিশ্বকাপে জয়ের ধারাটা ভালোভাবে ধরে রাখা। শুক্রবারের ম্যাচেই সেটা শুরু করতে হবে’—বলেছেন ব্রড।ব্রডের ঠিক এক দিন আগে হার্নিয়ার সমস্যায় বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন কেভিন পিটারসেন। তাঁর জায়গায় কাল দুপুরে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন এউইন মরগান। ব্রড পিটারসেনকে হারিয়ে হতাশ, আবার আশাবাদী মরগানকে নিয়ে, ‘কেভিনের (পিটারসেন) চলে যাওয়াটা দলের জন্য একটা ধাক্কা। তবে মরগানের সুযোগ পাওয়াটাও অনেক বড় ব্যাপার। গত বছর সে-ই আমাদের সেরা ওয়ানডে ব্যাটসম্যান। দলকে অনেক ম্যাচ জিতিয়েছে, মরগান আসছে বলে পুরো দলই খুশি।’খুশি কি স্টুয়ার্ট ব্রডও? মরগান যেমন এলেন পিটারসেনের জায়গায়, ইনজুরির কারণে ব্রডকেও যে চলে যেতে হচ্ছে আর কাউকে জায়গা ছেড়ে দিয়ে!