ব্রডের সুইংয়ে বিধ্বস্ত কিউইরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাতাসে চারবার ডিগবাজি খেল হামিশ রাদারফোর্ডের অফ স্টাম্প। ব্রুস মার্টিনের মিডল স্টাম্প উপড়ে বেরিয়ে এল স্টাম্প ক্যামেরার যন্ত্রপাতি। প্রথম ইনিংসে স্ট্রোকের ফুলঝুরি ছোটানো রস টেলরের ব্যাটে ছোবল দিয়ে স্লিপে আশ্রয় নিল একটি আউটসুইঙ্গার। ইনসুইঙ্গারের কোনো জবাব জানা ছিল না ব্রেন্ডন ম্যাককালামের। সুইং বোলিংয়ের এমনই অসাধারণ এক প্রদর্শনীতে স্টুয়ার্ট ব্রড গুঁড়িয়ে দিলেন কিউইদের।

খানিকটা মন্থর উইকেট, মন্থর আউটফিল্ডের সঙ্গে মিলিয়েই যেন লর্ডস টেস্টটা শুরু হয়েছিল মন্থর গতিতে। প্রথম দিন ইংল্যান্ডের ইনিংস রানরেট ছিল মাত্র ২! পরের দুই দিনও ক্রিকেট এগিয়েছে ঢিমেতালেই। অথচ চতুর্থ দিনে ঘটনার ঘনঘটা, চোখের পলকে যেন পাল্টে গেল দৃশ্যপট। প্রথম তিন দিনই ম্যাচের লাগাম মোটামুটি যাদের হাতে ছিল, সেই নিউজিল্যান্ডই হেরে গেল বড় ব্যবধানে। জয়ের স্বপ্ন নিয়ে শুরু করা ইনিংস শেষ হলো ৬৮ রানে গুটিয়ে যাওয়ার লজ্জায়। পরাজয়ের শঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইংল্যান্ড জিতল ১৭০ রানে!

কাল তিন ঘণ্টাতেই ম্যাচ শেষ, উইকেট পড়েছে ১৪টি। পেসারদের দুর্দান্ত বোলিংয়ে ২৩৯ রানের জয়ের লক্ষ্য পেয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ম্যাককালামদের শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট বলে প্রমাণিত হলেন ব্রড ও অ্যান্ডারসনই। ৭৬ বছর পর স্রেফ দুজন ইংলিশ বোলার মিলেই অলআউট করে দিলেন প্রতিপক্ষকে। লাঞ্চের আগে-পরে দুই পেসারের টানা ২২.৩ ওভারেই ইনিংস শেষ। ক্যারিয়ারে প্রথমবার ১০ উইকেট পেয়েও হারের হতাশায় ডুবতে হলো টিম সাউদিকে। লর্ডসে ১০ উইকেট নিয়েও হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে আর শুধু কোর্টনি ওয়ালশকে (২০০০ সালে)।

টেস্ট শুরুর আগে সবচেয়ে আলোচনায় ছিল সুইং বোলিং। সেই সুইংই শেষ পর্যন্ত হয়ে গেল ম্যাচের নিয়ামক। কিউই পেসাররা দুই ইনিংসে ভুগিয়ে ছেড়েছেন ইংলিশ ব্যাটসম্যানদের। কিন্তু সুইং বোলিংয়ের সামনে আরও অসহায় হয়ে গেলেন কিউই ব্যাটসম্যানরা। ২৩৯ রান তাড়ায় যখন ব্যাটিংয়ে নামে তারা, আকাশে ঝলমলে রোদ। উইকেটও মনে হচ্ছিল খানিকটা সহজ হয়ে এসেছে। ব্রড-অ্যান্ডারসনরা তবু আদায় করে নিয়েছেন সুইং, যেটার কোনো জবাবই জানা ছিল না নিউজিল্যান্ডের।

কিউইদের জন্য সবচেয়ে বড় হুমকি ভাবা হচ্ছিল প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া অ্যান্ডারসনকে। কিন্তু লর্ডস যে বরাবরই ব্রডের পছন্দের মঞ্চ! ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে নয় নম্বরে নেমে ১৬৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন এখানেই। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেয়েছেন ১১ উইকেট। ওই ম্যাচেই নিজের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে (৭/৭২) লাগল আরেকটু উন্নতির ছোঁয়া। এবার ৭ উইকেট ৪৪ রানে।

নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় ওভারে পিটার ফুলটনকে দিয়ে শুরু। এমন অসাধারণ এক আউটসুইঙ্গারে রাদারফোর্ডকে ফেরালেন যে ব্যাটসম্যান ড্রেসিংরুমে ফিরলেন অসহায়ের হাসি হাসতে হাসতে! প্রথম ৪ উইকেটই পেলেন ব্রড, ৩৪ বলে নিশ্চিত করে ফেললেন লর্ডসের অনার্স বোর্ডে আরেকবার নাম ওঠানো। অন্য প্রান্ত থেকে জেমস অ্যান্ডারসনেরও সংগতে ২৯ রানে নেই ৬ উইকেট। নিউজিল্যান্ড তখন আরেকবার পঞ্চাশের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায়। গত জানুয়ারিতেই কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৫ রানে অলআউট হয়ে যাওয়ার দুঃস্বপ্ন তখন উঁকিঝুঁকি দিচ্ছে। ৯ নম্বরে নামা ওয়াগনার ‘রক্ষাকর্তা’ হয়ে দলকে ৬০-এর ঘরে নিয়ে গেলেন। ইনিংসটাও আরেকটু লম্বা হলো। কেপটাউনে ১৯.২ ওভার টিকেছিল নিউজিল্যান্ড, কাল ওভার তিনেক বেশি। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে সংক্ষিপ্ততম ইনিংস এই দুটিই।

অথচ সকালটা কিউইদের জন্য এসেছিল স্বপ্নের আবির ছড়িয়ে। হাতে ৪ উইকেট আর ২০৫ রানে এগিয়ে থেকে দিন শুরু করেছিল ইংল্যান্ড। নাইটওয়াচম্যান স্টিভেন ফিনকে দিনের পঞ্চম বলে ফেরান সাউদি। মূল বাধা ইয়ান বেলকে ফিরিয়ে নাম লেখান অনার্স বোর্ডে, সোয়ানকে ফিরিয়ে নেন ম্যাচে ১০ উইকেটও। সাউদির কল্পনাতেও ছিল না, কিছুক্ষণের মধ্যেই তাঁর মুখের হাসি কেমন মিলিয়ে যাবে! ওয়েবসাইট।