ব্রাউনলির ব্যাটে কিউই প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০২ রানের লিড। গ্রায়েম স্মিথ হয়তো ভাবলেন, যথেষ্টেরও বেশি। রানের চেয়ে বেশি দৃষ্টি অবশ্য ওভারে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক যখন ইনিংস ঘোষণা করলেন, ম্যাচ দুই দিনে শেষ হওয়ার সম্ভাবনা তখন প্রবল। দিনের খেলার তখনো বাকি ৫৬ ওভার। প্রথম ইনিংসে ১৯.২ ওভারে গুটিয়ে যাওয়া দলের জন্য অত ওভার টিকে থাকা তো উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার মতো!প্রথম ওভারেই মার্টিন গাপটিলের বিদায়ে মিলল প্রথম ইনিংসের মতো কিছুরই ইঙ্গিত। ঘরপোড়া গরুর সিঁদুরে মেঘে যথেষ্টই ভয় পাওয়ার কথা, নিউজিল্যান্ড ড্রেসিংরুমে নিশ্চয়ই শীতল স্রোত বয়ে গিয়েছিল! ব্রেন্ডন ম্যাককালাম আর ডিন ব্রাউনলির ব্যাট সেই শঙ্কাকে দূর করেছে। এবার আর হুড়মুড় করে ভেঙে পড়েনি নিউজিল্যান্ড। সেঞ্চুরির হাতছানি ব্রাউনলির সামনে। ম্যাচ গড়িয়েছে তৃতীয় দিনে। দক্ষিণ আফ্রিকাকে আবার ব্যাট করানোও খুবই সম্ভব। দ্বিতীয় দিন শেষে রান ৪ উইকেটে ১৬৯। ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন আর ১৩৪ রান।‘৪৫’-দুঃস্বপ্নকে খুব সহজে হয়তো ভোলা সম্ভব নয়। তবে নিউজিল্যান্ডের পারফরম্যান্সে প্রথম দিনকে পেছনে ফেলার প্রতিজ্ঞা অন্তত ফুটে উঠেছে। শুরুটা হয়েছিল বোলারদের হাত ধরে। ৩ উইকেটে ২৫২ রান নিয়ে দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কাল ৯৫ রানের মধ্যেই ৫ উইকেট তুলে ফেলেন কিউই বোলাররা। আরও নির্দিষ্ট করে বললে ক্রিস মার্টিন ও ট্রেন্ট বোল্ট। দুজনের বয়সের ব্যবধান প্রায় ১৫ বছর। দলের অভিজ্ঞতম ও নবীনতম পেসার মিলেই করলেন কাজটা।আগের দিন শেষ বিকেলে সেঞ্চুরি পাওয়া আলভিরো পিটারসেনের দৃষ্টি ছিল বড় স্কোরের দিকে। কিন্তু নিজের প্রথম বলেই প্রোটিয়া ওপেনারকে ফিরিয়েছেন বোল্ট। বাঁহাতি পেসারের বল স্টাম্পে টেনে এনেছেন পিটারসেন। ১৫ রানে আউট হওয়ায় ফ্যাফ ডু প্লেসিসের ১৪৬.৫০ গড় নেমে এসেছে ১০২.৬৬-এ। অভিষেকে ‘পেয়ার’ পাওয়া ডিন এলগার টেস্ট রানের স্বাদ পেলেও ফিরে গেছেন তাড়াতাড়িই। এবি ডি ভিলিয়ার্সের সুযোগ ছিল সেঞ্চুরি তুলে নেওয়ার, কিন্তু তাঁর স্টাম্প উপড়েছেন মার্টিন। পরের ওভারে পিটারসনের স্টাম্পও উড়ালেন মার্টিন। স্মিথ বললেন, যথেষ্ট!গাপটিলের পর তরুণ উইলিয়ামসনও ফিরে গেছেন দ্রুত। কিউই প্রতিরোধের শুরু অধিনায়কের ব্যাটে। ব্রাউনলির সঙ্গে ৮৯ রানের জুটি গড়েছেন তৃতীয় উইকেটে। ফিফটির পরপরই অবশ্য আউট ম্যাককালাম। দুবার জীবন পেয়ে ব্রাউনলি ফিফটি ছুঁয়েছেন ৪৪ বলে। আজ দিন শুরু করবেন প্রথম টেস্ট সেঞ্চুরির স্বপ্ন নিয়ে।