বিশ্বকাপের জন্য স্টেডিয়াম বানাতে গিয়ে সরকার বেশি অর্থ খরচ করে ফেলেছে। মারাকানা স্টেডিয়ামের বাইরে এর প্রতিবাদে শ পাঁচেক লোকের বিক্ষোভ!পেলে-জিকোরা বলছেন, এই ব্রাজিলকে দিয়ে হবে না। খুব একটা আশা নেই!ফিফা র্যাঙ্কিং বলছে, পাঁচবার বিশ্বকাপজয়ীরা এখন তাদের ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থানে।এতটাই চাপ নিয়ে পরশু রাতে মারাকানায় জাপানের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। রেফারির প্রথম বাঁশির অপেক্ষায় অস্কার-নেইমার বল নিয়ে মাঝমাঠে দাঁড়িয়ে, ওদিকে বিক্ষোভকারীদের দিকে পুলিশের ছোড়া টিয়ারশেলের ঝাঁজে গ্যালারিতে অনেকের চোখে তখনো জল। সেটা মুছে দিয়ে মুখগুলোতে হাসি ফোটাতে নেইমার সময় নিলেন মাত্র তিন মিনিট। ব্রাজিলের প্রথম গোল। পরের গোলটা এল দ্বিতীয়ার্ধের তিন মিনিটে। আর যোগ হওয়া সময়ের তিন মিনিটে শেষ গোল। তিনের নামতায় সূর্যডুবি হলো সূর্যোদয়ের দেশ জাপানের। ‘এশিয়ার ফার্স্ট বয়’দের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কনফেডারেশনস কাপের শুরুটা দারুণ হলো বর্তমান চ্যাম্পিয়নদের।অথচ এই জাপানকে কিনা ভয় পাচ্ছিলেন পেলে! তাঁর বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে দ্বিতীয়বারের মতো খেলতে নেমে নেইমার জানিয়ে দিলেন, ভয়ের কিছু নেই, ব্রাজিল হারিয়ে যায়নি। মার্সেলোর ক্রসের পর ফ্রেডের পাস থেকে পাওয়া বলে ডান পায়ে দুর্দান্ত শট। স্টেডিয়ামের ৬৭ হাজার দর্শক শুধু নয়, টেলিভিশনে সারা বিশ্ব দেখল কেন তাঁকে নিয়ে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ টানাটানি করেছে। ফিটনেসে হয়তো একটু সমস্যা ছিল, তাই পুরো সময়টা খেলেননি। কিন্তু যে ৭৪ মিনিট মাঠে ছিলেন তাতেই ম্যাচসেরার পুরস্কার তাঁর হাতে। শিষ্যের পারফরম্যান্সে মুগ্ধ কোচ লুইস ফেলিপে স্কলারি, ‘আমার মনে হয় নেইমার দুর্দান্ত খেলেছে, সবচেয়ে বড় কথা সে গোলখরা কাটিয়েছে। তার পরও আমি তাঁকে তুলে নিয়েছি কারণ তার কিছুটা চোট আছে।’ততক্ষণে অবশ্য পলিনহোর করা দ্বিতীয় গোলে ব্রাজিলের জয় অনেকটাই নিশ্চিত। ৪৮ মিনিটে ডান দিক থেকে দানি আলভেসের ক্রসে বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন পলিনহো। অনেক চেষ্টা করেও তাঁর ডান পায়ের শট থামাতে পারেনি জাপানি গোলরক্ষক এইজি কাওয়াশিমা। বিরতির আগে আরও কয়েকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ব্রাজিল, কিন্তু সেগুলো কাজে লাগেনি ঠিকঠাক। সিনজি কাগাওয়া আর কেইসুকে হোন্ডারা বিরতির পর কয়েকবার চেষ্টা করেছেন ঘুরে দাঁড়াতে। কিন্তু তাদের সুযোগ দেননি গোলরক্ষক হুলিও সিজার। বরং যোগ হওয়া সময়ের ৩ মিনিটে পাল্টা-আক্রমণে থেকে অস্কারের দুর্দান্ত পাস, তারপর বদলি স্ট্রাইকার জোয়ের অসাধারণ গোলে অসহায় আত্মসমর্পণ জাপানের। হারের পেছনে কোনো অজুহাত দাঁড় করাননি জাপানের ইতালিয়ান কোচ আলবার্তো জাকেরনি। নিজেদের সেরাটা দিতে না পারায় এমন হয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘সাধারণত আমরা একটু অন্য রকম খেলি আর কম ভুল করি। কিন্তু আজ এর কিছুই হয়নি।’ অনেক সমালোচনার মধ্যেও টুর্নামেন্টের শুরুটা যেভাবে করতে চেয়েছিলেন সেভাবেই হওয়ায় স্বস্তিতে স্কলারি। এমনকি এ ফর্মটা ধরে রাখতে পারলে ব্রাজিল আবারও বিশ্বজয়ী চেহারায় ফিরবে বলেও আত্মবিশ্বাসী তিনি, ‘সবকিছুর পরে ম্যাচের ফলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমাদের কাজ হচ্ছে দলের এই পরিবর্তনটা ধরে রাখা। আমরা যদি এভাবে খেলতে থাকি তাহলে যেকোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য থাকবে আমাদের।’ এএফপি, রয়টার্স।