ব্রাজিল-আর্জেন্টিনা নেই তো কী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘভুক্ত দেশের চেয়ে ফিফার সদস্যসংখ্যা নাকি বেশি। এ তথ্যটি আমি গত বিশ্বকাপ চলাকালে জেনেছিলাম। শুনে আমার খুব হাসি পেয়েছিল। পৃথিবী যে ফুটবল-পাগল, সে ব্যাপারে আর সন্দেহ কী। মানুষের আবিষ্কৃত সব খেলার ভেতর ফুটবলই হচ্ছে সবচেয়ে সহজ এবং সহজ বলেই সবচেয়ে জনপ্রিয় খেলা। এই খেলা বোঝে না, জীবনের কোনো না-কোনো সময় এই খেলা খেলেনি, এমন মানুষ বর্তমান পৃথিবীতে নেই বললেই চলে। কিছুকাল আগেও আমেরিকায় ফুটবল জনপ্রিয় ছিল না। এখন সেখানেও ফুটবল বেসবল ও ‘আমেরিকান ফুটবল’-এর জনপ্রিয়তায় ভাগ বসিয়েছে। মাত্র শ দেড়েক বছর আগে (১৮৬০) ইংল্যান্ডে প্রতিযোগিতামূলকভাবে চালু হওয়া এই খেলাটিই যে মনুষ্য-আবিষ্কৃত বাকি সব খেলার আকর্ষণকে ছাপিয়ে উঠে সমগ্র বিশ্বকে একসূত্রে বাঁধবে—এটা ছিল তখন কল্পনারও অতীত। রবীন্দ্রনাথের অগ্রজ বঙ্কিম বা মধুসূদনের রচনায় কোথায়ও ফুটবলের উল্লেখ নেই। যদিও মধুকবির জীবনের কিছুটা দুঃসহ সময় ১৯৬৬-এর বিশ্বকাপ-জয়ী ইংল্যান্ড এবং ১৯৯৮-এর বিশ্বকাপ-জয়ী ফ্রান্সে কেটেছে। রবীন্দ্রনাথ ফুটবল খেলার শৈশবটা দেখেছিলেন তাঁর প্রথমবারের (১৮৭৮) ইউরোপ ভ্রমণের সময়। কিন্তু এই খেলাটি তাঁকে খুব আকর্ষণ করেনি। তাই অনেক পরে, বিশ শতকের তৃতীয় দশকে বিশ্বকাপ ফুটবল শুরুর (১৯৩০) কাছাকাছি সময়ে রবীন্দ্রনাথ তাঁর লেখা ছেলেবেলা গ্রন্থে ফুটবলকে ‘সাগরপারের লম্ফ-ঝম্প’ বলে আখ্যায়িত করেছেন।তবে ইংরেজ নাবিকদের হাত ধরে ভারতে এসে ঊনবিংশ শতকের শেষ দিকে মাদ্রাজ, বোম্বাই ও কলিকাতার মাটিতে শেকড় বিস্তার করা ফুটবলকে দুই হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি ফুটবলের মধ্যে প্রাণশক্তির প্রচণ্ড প্রকাশ দেখে মুগ্ধ হন এবং বলেন, ফুটবল খেলা হচ্ছে গীতাপাঠের চেয়ে পবিত্র।পরবর্তীকালে নজরুলও ফুটবলের প্রেমে পড়েন। তিনি কলকাতার মাঠে দর্শক সারিতে বসে ফুটবল খেলা দেখতেন এবং সম্ভবত তিনি মোহামেডান ক্লাবের একজন সমর্থক ছিলেন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের ফুটবল-বিবেচনা এবং নজরুলের ফুটবল-প্রীতিকেই বাঙালি তার জীবনের সার বলে গ্রহণ করে। তাই বাঙালির কাছে ফুটবল আম ও ইলিশের মতোই প্রিয়। আন্তর্জাতিক বিশ্বে বাঙালির ফুটবল-সাফল্য যত তুচ্ছই হোক না কেন, তাতে কিচ্ছু যায়-আসে না। ফুটবলকে নিয়ে তার মধ্যে ভালোবাসার যে প্রচণ্ড প্রকাশ দেখতে পাই, সমগ্র বিশ্বে তা তুলনারহিত। ফুটবলের জন্য বাঙালির এই তীব্র ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি। বিশ্বাস করি, ব্রাজিল ও আর্জেন্টিনার জন্য প্রাণপাতের মধ্যেই আমাদের ভালোবাসা বেশি দিন ঘুরপাক খাবে না। ভলোবাসার জোরেই আমরা একদিন ফুটবলের বিশ্বকাপ স্পর্শ করব। প্রিয় দলের পরাজয়ের শোক সইতে না পেরে যাদের প্রাণবায়ু নির্গত হয়, ভালোবাসার অন্তর্নিহিত প্রাণশক্তি একদিন তাকে ফুটবলের বিশ্বকাপের বিশ্বমাঠে পৌঁছে দেবেই। মুসা ইব্রাহীমের মতো আমরা একদিন ফুটবলের এভারেস্ট-চূড়ায় নিশ্চয়ই পৌঁছাব।আজ থেকে ৮০ বছর আগে যারা বিশ্বকাপ ফুটবলের স্বপ্ন দেখেছিলেন, আমি অন্তর থেকে তাঁদের ধন্যবাদ জানাই। বিশ্বকাপ ফুটবল না থাকলে আমরা জানতেও পারতাম না, মানবজীবনে জয়ের আনন্দ কত বড় হতে পারে, পরাজয়ের বেদনা কত বড় হতে পারে।বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার সময় নজরুলের একটি গানের কলি আমার খুব মনে পড়ে। যথারীতি অন্য অনেক প্রিয় গানের মতোই পরের কলিগুলো আমার মনে নেই। শুধু মুখটাই মনে আছে, ‘খেলিছ এ-বিশ্ব লয়ে, বিরাট শিশু আনমনে’। ফুটবলের সঙ্গে ভূমণ্ডলের আকৃতিগত সাদৃশ্যের কারণেই গানটিকে আরও সদর্থক বলে মনে হয়। ‘বিরাট শিশু’ বলতে নজরুল যদিও বিশ্বলোকের মহান স্রষ্টার কথাই এখানে বলেছেন, তার পরও নিজ নিজ দলের খেলোয়াড়দের প্রতি সমর্থন জানাতে দর্শক সারিতে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলর বা চিলির প্রেসিডেন্ট উপস্থিত হন, তখন ওই ‘বিরাট শিশু’র একটা ক্ষুদ্র পার্থিব সংস্করণ আমাদের চোখে পড়ে। ফুটবল নিয়ে এই যে পৃথিবীজোড়া গান, সেই গানের আসরে আমরা যেন পুরো বিশ্বকেই উপস্থিত দেখতে পাই। যদিও অনেকে বিশ্বকাপ ফুটবলকে বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেন, তারা ভুল করে করেন। না প্রকৃতি বিচারে, না আকৃতি বিচারে—বিশ্বযুদ্ধের সঙ্গে এর কোনো তুলনা চলে না। বিশ্বকাপ ফুটবলের ব্যাপকতা বোঝাতে গিয়ে বিকৃতির সঙ্গে সুকৃতির তুলনা করাটা আমাদের উচিতও নয়।বিশ্বকাপ ফুটবল যদিও পৃথিবীর ৩২টি দেশ নিয়ে শুরু হয়, কিন্তু বাছাই পর্বে অংশ নেওয়া ২০৪টি দেশও থাকে সেই আসরের ছত্রচ্ছায়ায় লুকিয়ে। তারা অনেকেই বাস্তবে মাঠে নামার সুযোগ পায় না বটে, কিন্তু তারাও মনে-মনে মাঠে নামে। বাংলাদেশও তাদেরই দলে। আমি তো প্রতিটি বিশ্বকাপেই মনে-মনে খেলি। তা না হলে খেলা শেষে এত ক্লান্ত হই কেন?আমরা বিশ্বজয়ী হতে চাই। আমাদের সেই স্বপ্ন-পূরণের সম্ভাবনা বাস্তবে অনুপস্থিত বলেই বিশ্বকাপ জয়ের আনন্দের সঙ্গে একাত্ম বোধ করার আশায় আমরা বেছে নিয়েছি সহজ বিকল্প পথ। ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের অন্ধ সমর্থনের কারণটি সেখানেই নিহিত রয়েছে। শুধু ভালো ফুটবল খেলে বলে নয়, ঔপনিবেশিক দস্যুতার দায় থেকে মুক্ত বলেই ইউরোপীয় দেশগুলোর চেয়ে লাতিন আমেরিকার ওই দেশ দুটোর প্রতি আমাদের বিশেষ দুর্বলতা। তারা আমাদের বিশেষ কেউ না হলেও ওরা আমাদের কখনো কিছু কাড়েওনি, কখনো আমাদের মারেওনি। তবে আমি মনে করি, এবার আমাদের দৃষ্টিকে আরও একটু প্রসারিত করা দরকার। ব্রাজিল ও আর্জেন্টিনার পাশাপাশি এশিয়া ও আফ্রিকার দেশগুলোর প্রতিও আমাদের সমর্থন জানানো দরকার। জাপান বা ঘানা আমাদের প্রশংসার দাবি রাখে না কি? অবশিষ্ট বিশ্বকাপে আমাদের প্রিয় দল ব্রাজিল নেই বা আর্জেন্টনা নেই, তাতে কী? যারা আছে, তারা তো যোগ্যতার বলেই সেখানে টিকে আছে। তার মূল্য আমরা দেব না? সূর্যসত্য থেকে মুখ ফিরিয়ে রাখলে তো নিজেরই ক্ষতি। আসুন, আমরা প্রাণভরে তাদের খেলা উপভোগ করি। মনে করুন, আর্জন্টিনা বা ব্রাজিল বলে কেউ নেই, কখনো ছিল না। কালিদাস তো নামেই আছেন, আমিই আছি বেঁচে।ফার্স্ট রাউন্ডে অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পটভূমিতে রচিত আমার লেখায় আমি জার্মানিকে এবারের বিশ্বকাপটি দিয়ে দিয়েছিলাম বলে যাঁরা রাগ করেছিলেন, তাঁদের রাগ এখন কিছুটা কমেছে এবং আরও কমবে বলেই মনে করছি।কামরাঙ্গীরচর৫ জুলাই, ২০১০/ বেলা তিনটা