ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখছেন রোনালদোও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো
রোনালদো

সবার আগে এমনটা বলেছিলেন জিকো। স্কলারি অবশ্য ঠিক এমনটা বলেননি। তবে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের সম্ভাবনা দেখছেন তিনিও। ওদিকে বন্ধু মেসির বিপক্ষে মারাকানায় ফাইনাল খেলার ইচ্ছেটা জানিয়ে রেখেছেন তাঁর দুই বার্সেলোনা সতীর্থ নেইমার ও দানি আলভেজও।
কারও চাওয়া, কারও কাছে সম্ভাবনা আবার কারও স্বপ্ন। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো একদম নিশ্চিত করেই বলে দিলেন, এবার সত্যি সত্যি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হচ্ছে! গ্রুপপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দলের পারফরম্যান্স এবং অন্য সব সমীকরণ দেখে এ ব্যাপারে আর খুব বেশি সন্দেহ নেই দ্য ফেনোমেননের, ‘আমি মোটামুটি নিশ্চিত, এবার ব্রাজিল-আর্জেন্টিনাই ফাইনালে খেলবে। এটাই তো স্বপ্নের ফাইনাল। আমাদের স্বপ্নও সত্যি হবে, যদি জিতি। আর হারলে সেটা হবে দুঃস্বপ্ন। তাই আমি চাই আর্জেন্টিনাই হারুক।’
সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে নকআউট পর্বে ব্রাজিলের প্রথম বাধা আজ দক্ষিণ আমেরিকার দল চিলি। এবার প্রথম রাউন্ডে চমক জাগানো দলটাকে হারানো ব্রাজিলের জন্য সহজ হবে না বলেই মনে করছেন অনেকে। তবে রোনালদোর ধারণা অন্য রকম। উল্টো চিলিই নাকি ব্রাজিলকে নিয়ে বেশি দুশ্চিন্তায় থাকবে, ‘আমার তো মনে হয়, চিলিই আমাদের নিয়ে বেশি উদ্বিগ্ন। আর সেটা শুধু আমাদের খেলার কারণে নয়, অতীত রেকর্ডের জন্যও।’
ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল মানে মারাকানায় মুখোমুখি হবেন বার্সেলোনার দুই সতীর্থ মেসি ও নেইমার। এখন পর্যন্ত যা দেখা গেছে, দুজনেই নিজ নিজ দলের চালিকাশক্তি। তিন ম্যাচ খেলে চার গোল করে দুজনেই লড়ছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য। তাঁদের ঘিরেই বিশ্বকাপ-স্বপ্ন দানা বাঁধছে দুই দেশের কোটি কোটি সমর্থকের। তবে এখন পর্যন্ত পারফরম্যান্স দেখে নেইমারকেই কিছুটা এগিয়ে রাখছেন রোনালদো, ‘নেইমার দুর্দান্ত খেলছে। মেসিও ক্রমশ ছন্দে ফিরছে। তবে আমি মনে করি, নেইমারই হতে পারে এই বিশ্বকাপের মুখ।’ গোল ডটকম।