ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি নেই, নেই রোনালদোও। তার পরও আজ ক্লাসিকো। নামে অবশ্য আরও বড়, সুপার ক্লাসিকো। আজ সকাল সাতটায় দক্ষিণ আমেরিকার সুপার ক্লাসিকোতে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দুই ম্যাচ সিরিজের প্রথমটি ব্রাজিলের সেরা দুরাদায়। দ্বিতীয় ম্যাচটি ৩ অক্টোবর আর্জেন্টিনার রেসিস্টেনসিয়ায়। কনমেবল আয়োজিত সুপার ক্লাসিকোর এটা দ্বিতীয় আসর। গতবার দুটি ম্যাচই জিতেছিল ব্রাজিল। এবারও ফেবারিট ব্রাজিল। সিরিজে পুরোপুরিই লাতিন আবহ। আর্জেন্টিনা ও ব্রাজিলের লিগে খেলা খেলোয়াড়েরাই খেলছেন দুই দলে। আর এটাই ব্রাজিলকে এগিয়ে রাখছে। নেইমার, লুকাসদের মতো তারকারা যে খেলেন ব্রাজিলের লিগেই। এই ম্যাচ দিয়েই ব্রাজিল জাতীয় দলে ফিরছেন স্ট্রাইকার লুইস ফ্যাবিয়ানো। চোটের কারণে গত বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলে ব্রাত্য ফ্যাবিয়ানো নেইমারের পাশে খেলতে ব্যাকুল। সাওপাওলো স্টাইকার মনে করছেন, সুযোগ পেলে সান্তোস তারকার সঙ্গে জুটিটা জমিয়ে ফেলবেন। আর বিপদে ফেলবেন আর্জেন্টিনাকে।চোট খেয়ে নিয়েছে লম্বা একটা সময়। ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন কি না ভবিষ্যৎই বলবে। ৩১ বছর বয়সী ফ্যাবিয়ানো আজকের ম্যাচটাকে সেটারই পরীক্ষা হিসেবে দেখছেন, ‘চোটের কারণে ব্রাজিলের হয়ে বেশি খেলতে পারিনি। তবে আমি দলে টিকে থাকতে পারব কি পারব না সেটা প্রমাণ করার দায়িত্ব আমারই।’মহা তারকারা না থাকলেও ম্যাচটিকে ঘিরে উৎসাহের কমতি নেই দুই দেশে। ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসে খেলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড হুয়ান ম্যানুয়েল মার্তিনেজ। কেউ যে ছেড়ে কথা বলবে না সেটা পরিষ্কার তাঁর কথাতেই, ‘প্রত্যাশাটা বিশাল। ব্রাজিলের কোচ আমাদের যেকোনোভাবে হারাতে চান। তিনি সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নামই ঘোষণা করেছেন, যেমন, নেইমার ও লুকাস। জয়ের জন্য আর্জেন্টিনাও চাপে আছে।’ম্যাচের চাপ তো আছেই, ব্রাজিলের কোচ মানো মেনেজেসের চাপটা দ্বিগুণ হয়েছে ফেলিপে স্কোলারির জন্যও। মেনেজেসের চাকরিটাই যে খেয়ে নিতে পারেন স্কোলারি। অলিম্পিক ও প্রীতি ম্যাচগুলোতে ব্রাজিলের বাজে পারফরম্যান্সই চাপে ফেলেছে মেনেজেসকে। রব উঠেছে তাঁকে সরিয়ে দেওয়ার। কয়েক দিন আগে পালমেইরাসের দায়িত্ব ছাড়তে হয়েছে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী কোচ স্কোলারিকে। আপাতত বেকার স্কোলারিই আবার জাতীয় দলের দায়িত্ব নিন, এমনটাই চাইছে ব্রাজিলের সমর্থক ও গণমাধ্যম। মেনেজেস অবশ্য এটিকে চাপ বলতে নারাজ, ‘আমি কম বা বেশি কোনো চাপেই নেই। আমি সব কোচকে শ্রদ্ধা করি। যা ঘটেছে সেটা এই ধারণাকেই শক্ত করেছে যে, আমরা সবাই এক। হারি বা জিতি আমরা বরখাস্ত হবই হব। সব সময়ই এটা হয়ে আসছে।’গত জুনে দুই দলের সর্বশেষ লড়াইয়ে মেসির হ্যাটট্রিকে ব্রাজিলকে ৪-৩ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ওয়েবসাইট।