ব্রাজিল-আর্জেন্টিনাকে ছাপিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো ফোরলান ও লুইস সুয়ারেজ দেখিয়ে দিলেন কেন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে ব্রাজিল-আর্জেন্টিনার চেয়ে এগিয়ে। ব্রাজিল-আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় আর উরুগুয়ের চ্যাম্পিয়ন হওয়াটা কাকতালীয় নয়। অস্কার তাবারেজের দল কোপার রেকর্ড ১৫তম শিরোপা ঘরে তুলেছে যোগ্যতম দল হিসেবেই।অন্যদের চেয়ে উরুগুয়েকে আলাদা করেছে দুই স্ট্রাইকার ফোরলান আর সুয়ারেজের পারফরম্যান্সের যুগলবন্দী। পরশু ফাইনালে এই দুই স্ট্রাইকারের গোলই প্যারাগুয়ের বিপক্ষে জিতিয়েছে উরুগুয়েকে। দলীয় প্রচেষ্টা ও সুসমন্বয়—প্রতিবেশী দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রেখেছে উরুগুয়েকে। ফোরলান-সুয়ারেজের সঙ্গে পুরো দলটাকেই এককাট্টা করতে প্রধান কারিগর অবশ্যই কোচ অস্কার তাবারেজ।বিনয়ী এবং নিজেকে প্রচারের আড়ালে রাখা তাবারেজ দীর্ঘদিনে উরুগুয়ে দলটাকে গেঁথেছেন এক সুতোয়। ফোরলান-সুয়ারেজদের নিয়ে একসঙ্গে কাজ করছেন ২০০৬ সাল থেকে। অথচ ব্রাজিল আর্জেন্টিনার ছবিটা ঠিক উল্টো। এই সময়ে আর্জেন্টিনার ডাগ-আউটে বসেছেন চারজন কোচ, ব্রাজিলে তিনজন।হট ফেবারিট স্বাগতিক আর্জেন্টিনার ছিলেন একজন লিওনেল মেসি। তাঁর সঙ্গে ছিলেন হিগুয়েইন-আগুয়েরো-তেভেজরা। ব্রাজিলে ছিলেন নেইমার-পাতো-রবিনহো-গানসোরা। কিন্তু ফোরলান-সুয়ারেজ একেবারেই আলাদা ছিলেন, বল তাঁরা পায়ে রাখেননি, দুরূহ কোণ থেকে গোলের জন্য অহেতুক শট নেননি, সতীর্থকে অবজ্ঞা করেননি, বরং সুবিধাজনক জায়গায় দাঁড়ানো সতীর্থকে বল দেওয়ার কাজটা করেছেন সার্থকভাবে।গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় ফোরলান ফাইনালের আগে গোলই পাননি। সুয়ারেজ পেলেও তা নিয়ে আত্মম্ভরিতা ছিল না, ‘গোল কে পেল এটা বিষয় নয়, দলের জয়টাই গুরুত্বপূর্ণ।’ নিজেদের মধ্যে চমৎ কার সমন্বয় গড়ে তুলে ফাইনালে গোল পেয়েছেন দুজনই। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া সুয়ারেজ তো ছিলেন অবিশ্বাস্য। গোল-খরা কাটিয়ে ফাইনালেই ফোরলান করেছেন দুই গোল। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে হাজার খানেক উরুগুয়ে সমর্থক গ্যালারিতে তুলল ‘ওলে, ওলে, ওলে, ডিয়েগো, ডিয়েগো-ও-ও-ও’...কোরাস। সুয়ারেজের গোল শিরোপার পথে উরুগুয়েকে এগিয়ে দেয়। ফোরলানের দুই গোল প্যারাগুয়েকে স্রেফ ছুড়ে ফেলেছে। প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো এবং গোলরক্ষক জাস্টো ভিলারের কণ্ঠেও ফোরলান-সুয়ারেজের জয়ধ্বনি। মার্টিনোর কথা, এই দুই স্ট্রাইকারই পার্থক্য গড়ে দিয়েছে। ভিলার যেন আরও এক কাঠি এগিয়ে, ‘তাদের আক্রমণভাগে ছিল দুজন সিংহ, তারা বিশ্বেরই সেরা স্ট্রাইকার।’বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর এবার কোপা আমেরিকার শিরোপা। পাশাপাশি সেলেস্তেরা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ও দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ রানার্সআপ। উরুগুয়ের ফুটবলে আবার সোনালি দিনের আভাস।২০১১ কোপা চ্যাম্পিয়নরা ধারাবাহিকভাবে সুন্দর, দ্যুতিময় ফুটবল খেলতে পারেনি, কিন্তু যখন মিলিত প্রচেষ্টা, দলীয় সংহতি এবং হূদয় উজাড় করে খেলার সময় এসেছে, উরুগুয়ে জ্বলে উঠেছে। আর মাঠে পারফরম্যান্সে প্রতিভার বিবেচনাতেই বা প্রতিযোগিতায় যোগ্যতম কে ছিল? ব্রাজিল নয়, আর্জেন্টিনা নয়, উরুগুয়ে! ওয়েবসাইট।