ব্রাজিল-আর্জেন্টিনার মহারণের মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটা বাংলা সিনেমার ভিলেনের মতো কার্লোস তেভেজ বলছেন, ‘যেভাবেই হোক, ওটা আমার চাই!’ওটা মানে কোপা আমেরিকার ট্রফি। যেকোনো মূল্যে তেভেজরা এবার এই ট্রফি জিততে চান। এই ব্যাকুলতার পেছনে কারণ একটাই—দীর্ঘ খরা। সেই ১৯৯৩ সালে সর্বশেষ কোপা জিতেছে আর্জেন্টিনা। সর্বশেষ বিশ্বকাপ ডিয়েগো ম্যারাডোনার কিংবদন্তি ছড়ানো ১৯৮৬-তে। এরপর দুবার অলিম্পিক সোনা এসেছে ঠিকই, কিন্তু তাতে শিরোপা-ক্ষুধা কতটুকু মেটে? অলিম্পিক যে অনূর্ধ্ব-২৩ দলের টুর্নামেন্ট। ২০১০ বিশ্বকাপ নিয়ে অনেক আশা ছিল। সেই আশা শেষ আটেই জলাঞ্জলি দিয়ে আসায় এবারের কোপা নিয়ে প্রত্যাশার পারদ আরও চড়ছে। আরও চড়ছে, কারণ এবার কোপার আয়োজক আর্জেন্টিনা।সাফল্যের হিসাবে ঠিক উল্টো ছবি আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জন্য। সেই ১৯৯৩ সালে সর্বশেষ বড় অর্জন আর্জেন্টিনার। কিন্তু এরপর ব্রাজিল বিশ্বকাপই জিতেছে দুবার—১৯৯৪ আর ২০০২-এ। আর দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপায় তো এখন রীতিমতো হলুদ সাম্রাজ্যের শাসন। সর্বশেষ পাঁচটি কোপার চারটিই জিতেছে ব্রাজিল—১৯৯৭, ১৯৯৯, ২০০৪ ও ২০০৭। তাদের হারিয়েই ব্রাজিল সর্বশেষ দুবার চ্যাম্পিয়ন হয়েছে বলে আর্জেন্টিনার দুঃখটা আরও বেশি।২০০৪-এ আর্জেন্টিনার মুখের গ্রাস কেড়ে নিয়েছে ব্রাজিল। ফাইনালে ৯২ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকেও আর্জেন্টিনা শিরোপা জিততে পারেনি। শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে শিরোপা জয়ের উৎসব যখন শুরু করতে যাবে আর্জেন্টিনা, ঠিক এমন সময়ে আদ্রিয়ানোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। আর টাইব্রেকারে জেতে ৪-২ ব্যবধানে। আর্জেন্টিনার ২০০৭ অভিজ্ঞতাও দুঃখের। সেবার মেসি-রিকেলমের দুর্দান্ত জুটি অপ্রতিরোধ্য গতিতে ছুটিয়ে নিয়ে যাচ্ছিল আর্জেন্টিনাকে। পাঁচ ম্যাচে ১৬ গোল করে ফাইনালে ওঠা আর্জেন্টাইনরা ব্রাজিলের কাছে চূর্ণ হয় ৩-০ গোলে।আর্জেন্টিনার জন্য এবারের কোপা তাই তিনটি ইচ্ছাপূরণের উপলক্ষ। শিরোপা-খরা ঘোচানো, প্রতিশোধ নেওয়া আর ২০১৪ বিশ্বকাপের প্রস্তুতি। বিশ্বকাপ জয়ের ভিত পাততে চায় ব্রাজিলও। পরের বিশ্বকাপের স্বাগতিক তারাই। গত সোমবার আর্জেন্টিনার উদ্দেশে উড়াল দেওয়ার আগে কোচ মানো মেনেজেস বলেছেন, ‘কোপাকে কাজে লাগিয়ে আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে চাই।’ মেনেজেস তরুণতর একটা দল পেয়েছেন। এই দলটাকেই গড়েপিটে মানুষ করতে চান। নেইমারদের মতো উঠতি তারকাদের জন্য এবারের কোপা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জাত চেনানোর সুযোগ।এবারও একই ছবি। বরাবরের মতো আর্জেন্টিনা ও ব্রাজিলই শিরোপার মূল দাবিদার। আর্জেন্টিনা সাম্প্রতিক সময়ে ব্যর্থ হলেও কোপার সবচেয়ে সফল দুটি দলের একটি। উরুগুয়ের সমান ১৪ বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট উরুগুয়েকেও হিসাব থেকে বাদ দেওয়া যাবে না। যদিও মেনেজেসের চোখে ফেবারিট আর্জেন্টিনাই, ‘আমরা এটা বলতেই পারি আর্জেন্টিনা এবার ফেবারিট। কারণ তারা নিজেদের মাঠে খেলবে। একইভাবে ২০১৪ বিশ্বকাপেও ব্রাজিল ফেবারিট থাকবে। হিসাব পরিষ্কার।’নিজেদের মাটি বলে আর্জেন্টিনার ওপর চাপও বিশাল। সর্বশেষ আলফিও বাসিলে এনে দিয়েছিলেন ১৯৯৩ কোপার শিরোপা। এরপর আর্জেন্টিনার পাঁচ কোচই ব্যর্থ হয়েছেন। খালি হাতে ফেরা কোচদের তালিকাটা লম্বাই—ড্যানিয়েল প্যাসারেলা, মার্সেলো বিয়েলসা, হোসে পেকারম্যান, দ্বিতীয় দফায় বাসিলে এবং সর্বশেষ ডিয়েগো ম্যারাডোনা। বাতিস্তার জন্য মঞ্চ প্রস্তুত। প্রস্তুত লিওনেল মেসির জন্যও, বার্সেলোনার হয়ে পাওয়া সাফল্যের সিকিভাগও যিনি জাতীয় দলে অনুবাদ করতে পারেননি। চাপটা মেসিও কি টের পাচ্ছেন না? তেভেজের মতো পুরো আর্জেন্টিনাই যে কোরাস তুলছে—‘এই শিরোপা আমাদের চাই—যেকোনো মূল্যেই!’ এএফপি।