ব্রাজিল ও জার্মানি বিশ্বকাপের দুই দাবিদার'
ফিফার প্রথম বর্ষসেরা খেতাবজয়ী ফুটবলার। এটিকে ছাপিয়েও তাঁর বড় পরিচয় ১৯৯০ বিশ্বকাপজয়ী অধিনায়ক। সাবেক জার্মান মিডফিল্ডার লোথার ম্যাথাউস ফিফা ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ এবং টুর্নামেন্টে তাঁর উত্তরসূরি মুলার-গোমেজদের সম্ভাবনা নিয়ে

ব্রাজিলের কথা উঠলে প্রথমেই আপনার মনে কী ভেসে ওঠে?
লোথার ম্যাথাউস: জীবন উপভোগ করা, ফুটবল, সাম্বা, কোপাকাবানা (সৈকত) এবং খাবার। ব্রাজিলিয়ানদের প্রাণের উচ্ছ্বাসটা অনেক বেশি। আন্তর্জাতিক ম্যাচ খেলার বাইরেও অনেকবারই ব্রাজিলে যেতে হয়েছে আমাকে। কাজের জন্য একবার কুরিতিবায় আড়াই মাস থাকতে হয়েছিল। সত্যিই দারুণ দেশটা।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপটা কতখানি ‘স্পেশাল’ হবে?
ম্যাথাউস: এটা বিশেষ একটা টুর্নামেন্ট হবে বলেই আমরা সবাই আশা করছি। কারণ ব্রাজিলিয়ানরা ফুটবলটাকে বড় ভালোবাসে। তাদের কাছে খেলাটা ধর্মের মতো। দেশজুড়েই তারা পর্যটকদের অসামান্য আতিথেয়তা দেবে।
বাছাইপর্বে জোয়াকিম লোর অধীনে জার্মান দলের পারফরম্যান্সকে কীভাবে মূল্যায়ন করবেন?
ম্যাথাউস: দশে দশ দেব। যদিও সুইডেনের সঙ্গে তারা ৪-৪ গোলে ড্র করেছিল। সেটি দুর্দান্ত একটা ম্যাচ ছিল। আজও সেই ম্যাচটি নিয়ে আলোচনা করি আমরা। তার পরও বাছাইপর্ব পেরিয়েছে জার্মানি। ওরা খুবই ভালো একটি দল।
জার্মানি বিশ্বকাপ জিততে পারবে বলে মনে করেন?
ম্যাথাউস: অবশ্যই। এখন না জিতলে কখন? সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন টুর্নামেন্টে ভালো খেলেছি আমরা। টানা দুটি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছি। একবার ইউরোপিয়ান ফাইনালেও খেলেছি, আরেকবার খেলেছি টুর্নামেন্টের শেষ চারে। কাছাকাছি গিয়েও শেষটা আর ভালো হয় না আমাদের। তবে অতীত টুর্নামেন্টগুলোর পরাজয় দলকে আরও শক্তিশালী, আরও জমাট করেছে।
জার্মানির সর্বশেষ বিশ্বকাপ জয়ে আপনিই সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৯০ সালে বিশ্বকাপ ট্রফি হাতে নেওয়ার অনুভূতিটা কেমন ছিল?
ম্যাথাউস: অবিশ্বাস্য! বাকি জীবনের জন্যই আপনি বিশ্ব চ্যাম্পিয়ন এবং রোমন্থন করবেন সেই স্মৃতি। আপনি অনেক ট্রফি জিততে পারেন, কিন্তু সবার ওপরে বিশ্বকাপ। সব ফুটবলারেরই আজন্ম স্বপ্ন থাকে বিশ্বকাপ জেতার। আমি তাদেরই একজন, যারা অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ট্রফি হাতে নিতে পেরেছে।
ইতালি বিশ্বকাপের কোনো স্মৃতিটা বিশেষ করে মনে আছে?
ম্যাথাউস: তখন ইতালিতেই থাকতাম। বিশ্বকাপে জার্মানির ঘাঁটি ছিল যেখানে, সেখান থেকে আমার বাসার দূরত্ব ছিল মাত্র ১৫ কিলোমিটার। তাই বিশ্বকাপটা ছিল আমার কাছে দেশে হওয়ার মতোই—সত্যি আমার এমনই মনে হতো। সান সিরোয় পাঁচটি ম্যাচ ছিল আমার ড্রয়িংরুমে খেলার মতো। ইন্টার মিলানের হয়ে যেখানে প্রতি সপ্তাহেই ম্যাচ খেলতাম। জার্মানদের পাশাপাশি ইতালিয়ানদের সমর্থন পাওয়াটাও ছিল চমৎকার, মন ছুঁয়ে যাওয়া একটা ব্যাপার। শুধু আমার কারণেই ইন্টার সমর্থকেরা জার্মান দলকে সমর্থন করেনি, সমর্থন করেছে ওই ক্লাবে খেলা আন্দ্রেস ব্রেমা ও ইয়ুর্গেন ক্লিন্সমানের জন্যও। এই ব্যাপারটাই দেশটির সঙ্গে সম্পর্কটাকে জোরালো করেছিল।
এটিকেই কি আপনার ক্যারিয়ারের সেরা মুহূর্ত বলবেন?
ম্যাথাউস: আমার ক্যারিয়ারে মনে রাখার মতো অনেক কিছুই আছে। তবে সবকিছু ছাপিয়ে সবার ওপরে বিশ্বকাপ। আর সে সময় বিশ্বকাপটা হয়েছিল এমন এক দেশে, যেখানে ফুটবল লিগ ছিল সবচেয়ে জমজমাট। ম্যারাডোনা, কারেকা, খুলিত, রাইকার্ডের মতো অনেক বিশ্বমানের ফুটবলারই খেলত সেখানে।
বিশ্বকাপ জয় একটা দেশের জন্য কতটা তাৎপর্যপূর্ণ?
ম্যাথাউস: ১৯৫৪ বিশ্বকাপের সাফল্যটাকেই জার্মানির জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত হয়ে গিয়েছিল দেশ, আস্থা হারিয়ে ফেলেছিল মানুষ। জনগণকে সাফল্য উদ্যাপনের সুযোগ করে দেওয়ার জন্য ফুটবলকে ধন্যবাদ।
এবারের বিশ্বকাপে হট ফেবারিট কেউ আছে বলে মনে করেন?
ম্যাথাউস: হ্যাঁ, আমি মনে করি ব্রাজিল এবং জার্মানি বিশ্বকাপের দুই জোরালো দাবিদার। কাছাকাছি আছে স্পেনও। ২০১৩ কনফেডারেশন কাপে ব্রাজিল দেখিয়েছে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে চাপ সামলানোর ক্ষমতা তাদের আছে। আর জার্মানি বেশ কয়েক বছর ধরেই খুব ধারাবাহিক। স্পেন শেষ তিনটি বড় টুর্নামেন্ট জিতেছে, তবে তারা এখন আর সর্বজয়ী দল নয়। এই কারণে আমি স্পেনের চেয়ে জার্মানিরই সাফল্যের সম্ভাবনা বেশি দেখি।
ফুটবলীয় সামর্থ্যের কথা বললে সেটা জার্মানির এই দলের আছে। তবে জয়ের জন্য প্রয়োজনীয় মানসিকতাটাও কি আছে?
ম্যাথাউস: সাম্প্রতিক টুর্নামেন্টগুলোয় দলকে নিয়ে এটাই সমালোচনা ছিল আমার। প্রয়োজনীয় মুহূর্তে দলের জয়ের মানসিকতার ঘাটতি অনুভব করেছি আমি। অবশ্য সবাই যে যার মতো জিততে চায়, জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টাই করে থাকে। কিন্তু কখনো কখনো নিজের সেরাটার চেয়েও বেশি দিতে হয়। এমন কিছু করে দেখাতে হয়, প্রতিপক্ষ যা ভাবেইনি। আমার মনে হয়, এটির অভাব আছে। ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালির কাছে যখন হারছিল দল, তখন ম্যাচটাকে ঘুরিয়ে দিতে পারে এমন দাপুটে খেলোয়াড় দরকার ছিল। আশা করি, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে দল, সেটির পুনরাবৃত্তি আর হবে না এবং আরও ভালো খেলবে। এটি করতে পারলে তারাই হবে বিশ্ব চ্যাম্পিয়ন।