ব্রাজিল ও নেইমারের সমালোচনায় পেলে
অন্যকে নিয়ে মন্তব্য করে প্রায়ই খবরের শিরোনাম হন ব্রাজিলীয় ফুটবল-কিংবদন্তি পেলে। এ জন্য সমালোচনারও মুখোমুখি হন এই গ্রেট। কিন্তু এবার নিজ দেশের সমালোচনাই ঝরে পড়েছে তাঁর কণ্ঠ থেকে। ব্রাজিলের অলিম্পিক ফুটবল দল নিয়ে করেছেন বিরূপ মন্তব্য। বলেছেন, এই দলটি অলিম্পিক ফুটবলে সোনার পদকের জন্য এখনো পুরোপুরি তৈরি নয়। একই সঙ্গে কিছুদিন আগেও যে নেইমারের প্রশংসায় তিনি ছিলেন পঞ্চমুখ, সেই নেইমারেরও কিছু দুর্বলতা আবিষ্কার করে নিয়েছেন একহাত।সোমবার মেক্সিকোর কাছে ব্রাজিলের ২-০ গোলে হারের স্বাদটা বড্ড তেতো মনে হয়েছে পেলের কাছে। আবার এই হারে একটি সান্ত্বনাও খুঁজে পেয়েছেন তিনি। বলেছেন, এই হারটি ভালো সময়ই এসেছে। দলটি নিয়ে একধরনের অতি আশবাদ তৈরি হচ্ছিল। এখন এই দলের কাছে প্রত্যাশা কিছুটা কমে আসবে।কোচ মানো মেনেজেসের অধীনে আগামী লন্ডন অলিম্পিকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের গৌরবে বুক ভাসাতে চাচ্ছে ব্রাজিল। তবে পেলে মনে করেন, এই গৌরবের জন্য এখনো পুরোপুরি প্রস্তুত নয় ব্রাজিল।‘দলটি ভালো। এতে কিছু ভালো খেলোয়াড়ও আছে। কিন্তু সত্যি কথা বলতে কি, দলটি এখনো পুরোপুরি প্রস্তুত নয়।’ বলেছেন পেলে। নেইমারের সমালোচনা করে পেলে বলেন, নেইমার ব্রাজিলের ঘরোয়া লিগের দলগুলোর রক্ষণ-ভাগের খেলোয়াড়দের সঙ্গে যতটা পেরে উঠতে সক্ষম, তাঁর দুর্বলতা ততটাই ফুটে ওঠে ইউরোপ ও লাতিন অঞ্চলের সেরা ডিফেন্ডারদের বিপরীতে।’মেক্সিকোর বিপক্ষে নেইমার লেফট উইংয়ে দাঁড়িয়ে সময় কাটিয়েছেন বলে মন্তব্য করেন পেলে। সমালোচনার সঙ্গে সঙ্গে অবশ্য নেইমারের জন্য উপদেশও আছে পেলের। তিনি ব্রাজিলীয় ফুটবলের এই উঠতি ‘সেনসেশন’কে পুরো দলের আক্রমণের কেন্দ্রীয় চরিত্র হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘নেইমারের উচিত, বাঁ-প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে না খেলে পুরো দলের আক্রমণের কেন্দ্রীয় চরিত্র হওয়া এবং খেলায় আরও বেশি সম্পৃক্ত হওয়া।’ ওয়েবসাইট।