ব্রাজিল খেলবে ব্রাজিলের মতোই
একটা সময় ছিল যখন বাকি দলগুলোর কাছে ‘আদর্শ’ ছিল ব্রাজিল। ব্রাজিল ছিল সেই নিক্তি, অন্য পাল্লায় নিজেদের তুলে বাকি দলগুলো মাপত নিজেদের অবস্থান। কিন্তু ব্রাজিলের কাছ থেকে সেই গৌরব ছিনিয়ে নিয়েছে স্পেন। স্পেনই এখন বাকিদের জন্য আদর্শ। দীর্ঘ মেয়াদের সাফল্য পেতে হলে কী করা উচিত—এখন সেটা সবাই স্পেনকে দেখে শিখছে। আর এই কথা বলছেন খোদ মানো মেনেজেস।ব্রাজিলের কোচ বলেছেন, ‘চ্যাম্পিয়নরা সব সময়ই বাকিদের জন্য আদর্শ। এখন বিশ্বে যে ধরনের ফুটবল হচ্ছে, সেটার ছক স্পেনই এঁকে দিয়েছে। তারাই এখন ফুটবলের কায়দা-কানুন শেখাচ্ছে, অতীতে একসময় ব্রাজিল যা করত। অন্য কোনো দলের পক্ষে স্পেনের সমকক্ষ হওয়া সম্ভব নয়।’কদিন আগে ডিয়েগো ম্যারাডোনাও বলেছিলেন, স্পেন ফুটবলের চিরায়ত সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে ৯ নম্বর খেলোয়াড় না খেলিয়ে। স্পেনের একাদশে ভিসেন্তে দেল বস্ক নিখাদ স্ট্রাইকার না রেখেই খেলার দুঃসাহস দেখিয়েছেন। মেনেজেস অবশ্য বলছেন, ব্রাজিল এই পথ অনুসরণ করবে না। রোনালদোর মতো তারকাদের জন্ম দেওয়া ব্রাজিল সব সময়ই ৯ নম্বর খেলোয়াড়টিকে খেলাবে। এটাই ব্রাজিলের ফুটবলের সংস্কৃতি, ‘ওদের ফুটবলটা একেবারেই অন্য ধরনের। অনেক বছর ধরে তারা এটা নিয়ে কাজ করে করে সেটা প্রতিষ্ঠা করেছে। সাফল্য পাওয়ার আগে তারা কঠোর পরিশ্রম করেছে, তখন ম্যাচও জিতছিল। তাদের সঙ্গে আমাদের তাই অবধারিতভাবে একটা ব্যবধান আছে। ব্রাজিল মাত্রই নতুন করে যাত্রা শুরু করল।’আদর্শ হলেও স্পেনকে ব্রাজিল কখনোই অনুসরণ করবে না। ব্রাজিলের নিজস্ব দর্শনই অনেক সমৃদ্ধ। সাফল্য পেতে হলে নিজেদের সেই পুরোনো দর্শনেই ফিরে যেতে হবে। অনেকের মতে, যে দর্শনটিকে গলা টিপে মেরে ফেলেছিলেন কার্লোস দুঙ্গা। মেনেজেস বলছেন, ‘আমরা অবশ্যই স্পেনকে নকল করব না। আমাদের বরং ভাবতে হবে ওদের আমরা কীভাবে থামাতে পারি।’ ‘ফলস নাম্বার নাইন’ প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের ফুটবল সব সময়ই ফরোয়ার্ডদের ওপর ভিত্তি করেই নির্মিত। সাংস্কৃতিকভাবে আমাদের সমর্থকেরাও আমাদের এভাবেই খেলতে দেখতে চায়। স্পেন সাফল্য পাচ্ছে বলেই আমরা আমাদের সেই দর্শন বাতিল করে দেব, তা হয় না। ফরোয়ার্ডদের নিয়েই জয় পাওয়ার পথ খুঁজতে হবে আমাদের।’গত ইউরোতে অনেকেই সমালোচনা করছিল, স্পেনের বল ধরে রেখে পাসিং ফুটবল খেলাটা এখন বিরক্তিকর। ফাইনালে ইতালিকে উড়িয়ে দিয়ে সেটার জবাব স্পেন দিয়েছে বলে মনে করেন মেনেজেস, ‘তারা যদি সেভাবে খেলেই সবাইকে হারাতে পারে, সে ক্ষেত্রে বাকিদের কাজ হবে এটা সামলানোর পথ খোঁজা। অতীতে অনেক দলই বল ধরে রেখে খেলার স্টাইলটা অনুসরণ করেছে। কিন্তু স্পেন যেভাবে এটা খেলে, যেভাবে তারা বল ধরে রাখে, অতীতে কেউ সেটা করতে পারেনি।’২০১০ বিশ্বকাপ-ব্যর্থতার ধ্বংসস্তূপ থেকেই নতুন করে দল গড়ে তুলছেন মেনেজেস। দলে এখন অনেক নতুন মুখ। যদিও মেনেজেস ভালো করেই জানেন, ব্রাজিল সমর্থকেরা কখনোই সামান্য ছাড় দেবে না। ব্রাজিল সব সময়ই সাফল্য-বুভুক্ষু, ‘ব্রাজিল দলের ওপর সব সময়ই ভালো ফল এনে দেওয়ার চাপ থাকে। আপনি ম্যাচ হারবেন, কিন্তু কিছুই হবে না—এই ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকার সুযোগ নেই। পরাজয়ের ওপর কোনো ব্রাজিল দল গড়ে উঠতে পারে না।’ রয়টার্স।