ব্রাজিল-ঘাতক মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলে ফুটবল-প্রেমীদের প্রত্যাশার পাল্লাটাও অনেক ভারী হয়ে যায়। হোক না সেটি প্রীতি ম্যাচ। দৃষ্টিনন্দন ফুটবল, একের পর এক আক্রমণ পাল্টা-আক্রমণের শিহরণ। রোনালদিনহো-মেসিদের শিল্পিত ছোঁয়া। এই চাওয়ার মধ্যে একটা পার্থক্যও থাকে। ব্রাজিল সমর্থকেরা চায় ব্রাজিল জিতুক, আর্জেন্টিনা চায় তাদের দল। মেসির গোলে জয় এলে তো সোনায় সোহাগা। অনেক দিন পর জাতীয় দলে ফেরা রোনালদিনহোও যদি গোল করে জায়গাটা পাকা করতে পারেন, বেশ হয়...।বুধবার দোহার প্রীতি ম্যাচে এর সব চাওয়াটাই পূরণ হলো শুধু ব্রাজিল সমর্থকদের শেষ চাওয়াটা ছাড়া। মেসির একমাত্র গোলেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা। খেলাটাও হলো দুর্দান্ত। গোলের সংখ্যাটা অবশ্য ম্যাচের ছবি বোঝাতে অক্ষম। ১৭ মাস পর জাতীয় দলে ফেরা রোনালদিনহোকে নিয়ে দেখা ব্রাজিলীয়দের প্রার্থনার সিংহভাগও পূরণ হলো বৈকি। গোল না করলেও এই ৩০ বছর বয়সী খেলেছেন দুর্দান্ত।এ ধরনের ম্যাচের সবচেয়ে নাটকীয় সমাপ্তি হয় যেটি, এখানেও তা-ই হয়েছে। নির্ধারিত ৯০ মিনিটে দুই দল সমানে সমান লড়াইয়ের পর গোল এসেছে শেষ বাঁশি বাজার একদম আগমুহূর্তে। সেই গোলও মেসি করেছেন তাঁর শিল্পিত ছোঁয়ায়। ব্রাজিলিয়ান সীমানার অর্ধেক প্রান্তে বল পাওয়ার পর চার ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বল জড়িয়ে দিয়েছেন জালে। খানিক পরেই রেফারির বাঁশি। ব্রাজিলের বিপক্ষে সিনিয়র পর্যায়ে এটাই মেসির প্রথম গোল। ব্রাজিলের বিপক্ষে তাঁর প্রথম জয়ের স্বাদও। আর ২০০৫ সালের জুনের পর এই প্রথম ব্রাজিলের বিপক্ষে জিতল আর্জেন্টিনাও। মুখোমুখি ৯০ ম্যাচের লড়াইয়ে এর আগে জয়ের দিক দিয়ে ৩৩-৩৩ সমতা ছিল। এক ম্যাচ বেশি জিতে আবার এগিয়ে গেল সার্জিও বাতিস্তার দল। স্থায়ী কোচ হিসেবে প্রথম ম্যাচেই ব্রাজিলের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করলেন বাতিস্তা।যেভাবে ম্যাচের শুরুটা হয়েছিল, তাতে অবশ্য মনে হয়নি প্রথম গোলের দেখা পেতে ৯২ মিনিট অপেক্ষা করতে হবে দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রথমার্ধে রোনালদিনহো ছিলেন তাঁর সাবেক বার্সা-সতীর্থ মেসির চেয়েও উজ্জ্বল। ১৮ বছর বয়সী স্ট্রাইকার নেইমার, সান্তোসেরই আরেক আবিষ্কার রবিনহো জুটি ছিলেন আক্রমণভাগে। জোগালির কাজটা শিল্পিত ছোঁয়াতেই করেছেন রবিনহো। ব্যাক হিল করে আরেকটু হলে বল জালে ঢুকিয়েই দিয়েছিলেন। কিন্তু সার্জিও রোমেরোর পাহারা আর গলাতে পারেননি। প্রথমার্ধে গোলের সামনে বাধার দেয়াল তুলেছিল গোলপোস্টও। দানি আলভেজের আগুনে শট বারে লেগে ফিরে এসেছে। ২৫ গজ দূর থেকে নেওয়া মেসির দুর্দান্ত ভলিও পোস্টে বাতাস লাগিয়ে গেছে।শেষ পর্যন্ত মেসি এই মৌসুমে টানা অষ্টম ম্যাচে গোলের দেখা পাওয়াতেই শিকে ছেঁড়ে আর্জেন্টিনার। ‘জয়টা সব সময়ই গুরুত্বপূর্ণ, এটি আরও বেশি গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ ব্রাজিল ছিল বলে। এই জয় আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস এনে দেবে’—দল-অন্তঃপ্রাণ মেসি নতুন পথের যাত্রার শুভসূচনার কথাই বলেছেন জোর দিয়ে। নতুন কোচ মানো মেনেজেস চতুর্থ ম্যাচে গিয়ে প্রথম গোল খাওয়া এবং পরাজয়—জোড়া অভিজ্ঞতার কারণে হতাশা ব্যক্ত করেছেন। অবশ্য প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ দ্রুতই পেয়ে যাচ্ছে ব্রাজিল। ১৯ ডিসেম্বর আর্জেন্টিনার লা প্লাটায় আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল। ওয়েবসাইট।