ব্রাজিল জিতেছে, কিন্তু...

প্রথম ম্যাচটা পার করে দিল ব্রাজিল। ব্রাজিল জিতেছে ঠিকই। কিন্তু সমর্থকদের মন কি ভরেছে? নেইমার-অস্কার যুগলবন্দীতে ক্রোয়েশিয়ার বাধাটা পেরিয়ে গেলেও পুরো খেলায় স্কলারির দলের ভঙ্গুর রক্ষণ আর ক্ষণে ক্ষণে ম্যাচের লাগাম হারিয়ে ফেলা সামনের পথের জন্য বিপদবার্তা হয়ে থাকল। বিশেষ করে ব্রাজিলের রক্ষণ চমকে দিয়েছে অনেককেই। যে রক্ষণকে ভাবা হচ্ছিল এবারের আসরের সেরা, তারাই ক্রোয়েশিয়ার বিপক্ষে ত্রস্ত হয়ে উঠল। শেষের দিকে টানা ১০ মিনিট ক্রোয়েশিয়া যেভাবে চেপে ধরেছিল, ব্রাজিল রক্ষণদুর্গ কোনো মতে বল ক্লিয়ার করে হাঁপ ছেড়ে বেঁচেছে।
বল দখল আর গোলে নেওয়া শটের সংখ্যা—ব্রাজিলের একচ্ছত্র আধিপত্য স্পষ্ট। ক্রোয়েশিয়া খেলেছে প্রতি-আক্রমণের কৌশলে। ফুটবলবোদ্ধাদের আতশ কাচে এখানেই দুর্বলতা ধরা পড়েছে ব্রাজিলের। ক্রোয়েশিয়ার পাল্টা আক্রমণের বেশ কয়েকটিকেই ব্রাজিলের রক্ষণকে অপ্রস্তুত দেখা গেছে। ম্যাচের ১১ মিনিটে মার্সেলোর আত্মঘাতী গোলটাও এসেছে এমনই এক দ্রুত গতির প্রতি-আক্রমণ থেকে।
বাঁ প্রান্ত থেকে ক্রোয়েশিয়ার ইভিকা অলিচের একটি নিরীহ-দর্শন ক্রসেই এলোমেলো হয়ে পড়ে ব্রাজিলের রক্ষণভাগ। মার্সেলো অলিচের ওই পাসে যেভাবে পা ছুঁঁয়ে দিলেন, তাতে যে কারোরই মনে হওয়া স্বাভাবিক, ক্ষণিকের জন্য হলেও রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ভুলে গিয়েছিলেন তিনি কোন সীমানায় দাঁড়িয়ে আছেন।
বিশ্বকাপের প্রথম গোল! ব্যাপারটা আনন্দের। কিন্তু নিজের পোস্টে হলে সেটা একজন খেলোয়াড়কে কতটা বিধ্বস্ত করে দিতে পারে, সেটা দর্শকেরা মার্সেলোর চেহারা দেখেই বুঝেছেন। ২৯ মিনিটে নেইমার সমতাসূচক গোলটি করে যেন মার্সেলোকে এক বিরাট মানসিক বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়েছেন।
ক্রোয়েশিয়ার বিপক্ষে কাল ব্রাজিলের সেরা দুই খেলোয়াড় ছিলেন অস্কার ও নেইমার। ব্রাজিল ফুটবলের পোস্টার-বয় নেইমারকে নিয়ে কেন এত মাতামাতি, সেটা বেশ ভালোভাবেই তিনি বুঝিয়ে দিয়েছেন। তবে চেলসি ফরোয়ার্ড অস্কার কাল যেন নিজেকে নতুন করে চেনালেন।
নেইমার-অস্কারে ম্যাচের পুরো সময়ই ব্যতিব্যস্ত ছিল ক্রোয়েশিয়ান রক্ষণব্যূহ। ক্রোয়েশিয়া প্রতি-আক্রমণে ব্রাজিলীয় রক্ষণের ফাঁক-ফোকরগুলো খুঁজে বের করার চেষ্টায় থাকলেও মারিও মানজুকিচের অনুপস্থিতি বেশ ভুগিয়েছে। চুল-টুল কেটে বিশ্বকাপ খেলতে আসা লুকা মডরিচ যেন কাল স্প্যানিশ লিগে তাঁর পারফরম্যান্সের ছায়া হয়েই ছিলেন। চুলের কারণে তো বটেই, খেলার কারণেও মডরিচকে চিনতে কষ্ট হয়েছে অনেকের। বিশেষ করে রিয়ালের হয়ে যেখানে কদিন আগেই দুর্দান্ত এক মৌসুমের সমাপ্তি টেনেছেন এই মিডফিল্ডার।
ক্রোয়েশিয়ার হিসাব ক্রোয়েশিয়া বুঝবে। ব্রাজিলের সমর্থকেরা আপাতত হিসাব কষছেন সামনের ম্যাচগুলোর। প্রথম ম্যাচ জয়ের তৃপ্তি এনে দিলেও ব্রাজিলের খেলার কিছু দুর্বল দিকও ধরা পড়েছে। হেক্সা-স্বপ্ন পূরণ করতে চাইলে এই দুর্বলতা ব্রাজিলকে কাটিয়ে উঠতেই হবে।
অস্কার-নেইমার দুর্দান্ত ছিলেন বলে হয়তো অনেকের চোখে ব্রাজিলের আক্রমণভাগের দুর্বলতাটা সেভাবে চোখে পড়েনি। কিন্তু গত কনফেডারেশনস কাপে আলো ছড়ানো ফ্রেড বা হাল্ককে কাল খুঁজে পাওয়া যায়নি। ফ্রেড যে একাদশে আছেন, সেটা যেন ভুলেই গিয়েছিলেন ব্রাজিল সমর্থকেরা। মাত্র দুবার চোখে পড়েছে তাঁকে। কর্নার থেকে একটা হেডার পাসে। এবং অবশ্যই পেনাল্টি আদায় করে নেওয়ার সময়টায়। অস্কার আর নেইমার রোজ রোজ দলকে উদ্ধার করবেন না—স্কলারি তাঁর আক্রমণভাগকে নিশ্চয়ই এই তথ্য বুঝিয়ে-সুঝিয়ে দেবেন ভালোমতো করে।
তবে বিগ ফিলের ‘বিগ টেনশন’ হয়ে উঠল রক্ষণ। দানি আলভেজ, অধিনায়ক থিয়াগো সিলভা, মার্সেলো ও ডেভিড লুইজের সমন্বয়ে গড়া ব্রাজিলীয় রক্ষণ এভাবে কপালের ভাঁজ বাড়াবে, সেটা অনেকের ভাবনাতেও ছিল না। চার ডিফেন্ডারের সমন্বয়হীনতা চোখে পড়েছে বেশি করে।
জাপানি রেফারি নিশিমুরার দেওয়া পেনাল্টিটি কিন্তু ব্রাজিলের জয়ে ভালো ভূমিকা রেখেছে। ব্রাজিল-ভক্তরা একটু বিরক্ত হতে পারেন কিন্তু কথাটা সত্যি। ১-১ গোলে অমীমাংসিতভাবে এগিয়ে চলা ম্যাচটির ওই পর্যায়ে বিতর্কিত পেনাল্টি ম্যাচের ভারসাম্যই বদলে দিয়েছে। ক্রোয়েশিয়ার গোলটি বাতিল করা নিয়ে হয়তো কোনো বিতর্ক নেই। তবে কনুই মেরেও নেইমার স্রেফ হলুদ কার্ডে পার পেয়ে গেছেন—এ নিয়ে প্রশ্ন তুলছেন ফুটবলবোদ্ধারা।
ভাগ্যের পরশ আছে, তার চেয়েও বেশি করে আছে নেইমার-অস্কারের জাদু। কিন্তু প্রতি ম্যাচেই তো এর পুনরাবৃত্তি হবে না। ৩-১ স্কোরলাইন আপাতদৃষ্টিতে ব্রাজিলের দাপুটে জয়ের কথা তুলে ধরলেও অস্বস্তির একটা চোরাস্রোত কিন্তু থাকছেই।