ব্রাজিল তো আর ইরাক-আফগানিস্তান নয়

বিশ্বকাপের ৩৬ দিন বাকি। এখনো খবর আসছে, কয়েকটি ভেন্যুর প্রস্তুতি শেষ হয়নি। সঙ্গে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করে আন্দোলন-বিক্ষোভ তো চলছেই। তবে এসব ছাপিয়েও আয়োজকদের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি। দেশটির ক্রীড়ামন্ত্রী অবশ্য বলছেন, ব্রাজিল আর যা-ই হোক, যুদ্ধবিধ্বস্ত ইরাক-আফগানিস্তানের মতো অতটা অনিরাপদ নয়।
এই তো গত মাসে রিও ডি জেনিরোর বিখ্যাত কোপাকাবানা সৈকতবর্তী বস্তিতে বিরাট দাঙ্গার ঘটনা ঘটেছে। সমর্থকদের চিন্তা আরও বাড়িয়েছে গেল সপ্তাহে ইংল্যান্ড দল যে হোটেলে উঠবে বলে ঠিক করেছে, তার পাশে ভয়াবহ গোলাগুলির ঘটনা। ফাইনালসহ সাত ম্যাচের আয়োজক শহর রিও ডি জেনিরোতে মারামারি, ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি, খুনখারাবি যেন নিত্য ঘটনা। সম্প্রতি রিও ইনস্টিটিউট ফর পাবলিক সিকিউরিটি জানিয়েছে, গত বছরের তুলনায় এ বছর (মার্চ পর্যন্ত) সামগ্রিকভাবে রিও রাজ্যেই হত্যার ঘটনা বেড়েছে ২৩ দশমিক ৬ শতাংশ। কেবল রিও শহরেই এটি ১০ শতাংশ।
ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী আলদো রেবেলো অবশ্য এসব স্বীকার করেই বলছেন, ‘নিরাপত্তাসংক্রান্ত সমস্যা নিয়ে আমাদের সবারই ব্যর্থতা ও চ্যালেঞ্জ রয়েছে।’ তবে আশ্বস্ত করলেন, এ ধরনের সমস্যা নিরসন করে বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত ব্রাজিল। ইংল্যান্ডের সম্ভাব্য টিম হোটেলের পাশে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে রেবেলা বললেন, ‘মনে করি না, ইরাকের যেকোনো প্রদেশ কিংবা আফগানিস্তানের তুলনায় মানাউসে ইংলিশরা খুব বড় ধরনের হুমকিতে পড়বে। যেখানে (ইরাক ও আফগানিস্তান) তারা সম্প্রতি শত শত তরুণ সৈন্য হারিয়েছে।’ রিওর পরিস্থিতি স্বীকার করে ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী বলেন, ‘দিনের পর দিন সহিংসতা...কিন্তু আমরা সতর্কতা অবলম্বন করছি। জানমাল রক্ষায় আমরা সবকিছুই করব। আমাদের ঘাটতি রয়েছে ঠিকই। তবে সমস্যা সামাল দেওয়া ও এসব উতরে যেতে সক্ষম।’
অবশ্য ব্রাজিল সরকারও হাত-পা গুটিয়ে বসে নেই। বিশ্বকাপ সফলভাবে আয়োজন করতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৩০ লাখ ব্রাজিলিয়ান সমর্থকের সঙ্গে প্রায় ছয় লাখ বিদেশি সমর্থকের নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে দেড় লাখ নিরাপত্তারক্ষী। সঙ্গে থাকবে ২০ হাজার বেসরকারি নিরাপত্তাকর্মী।
এ ছাড়া কোপাকাবানার সৈকতবর্তী বস্তিতে মিলিটারি পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষের পর চলতি সপ্তাহে রিও শহরে অতিরিক্ত দুই হাজার পুলিশ মোতায়ন করা হয়েছে। কোপাকাবানায় বিশ্বকাপে টিকিটবঞ্চিত সমর্থকদের জন্য ‘রিও ফ্যানফেস্ট’ আয়োজনের কথা রয়েছে। এখানেই অনেক বস্তি রয়েছে, যেগুলো মাদক চোরাকারবারি ও সন্ত্রাসীদের অভায়রাণ্য হিসেবে পরিচিত। এএফপি।