ব্রাজিল দল পছন্দ হয়নি পেলের
প্রায় ২০ কোটি মানুষের দেশ। বিশ্বজুড়ে ব্রাজিল-সমর্থকদের গোনায় ধরলে সংখ্যাটা আরও বেশি। সবাইকে তো আর সন্তুষ্ট করা যাবে না! ২৩ জনের দল ঘোষণার পর কোচ লুইস ফেলিপে স্কলারি তাই প্রথম কথাটাই বলেছিলেন, ‘আমি জানি, এই ২৩ জনের বিষয়ে সবাই একমত হবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু সত্যিটা হচ্ছে, এটাই আমার দল আর আমাদের উচিত হবে এদের সমর্থন দিয়ে যাওয়া।’
অখুশি থাকা সমর্থকদের দিক থেকে সমালোচনাটা অবশেষে আসতে শুরু করল। তবে সেই সমালোচকদের সারিতে প্রথম নামটাই যে হবে কিংবদন্তি পেলের, এটা বোধ হয় ভাবেননি ব্রাজিল কোচ। স্কলারির দলটা দেখেই পেলে জানিয়েছেন, এই দলে তিনি আরও অভিজ্ঞ মুখ প্রত্যাশা করেছিলেন। যেমন কাকা ও রবিনহো।
ব্রাজিলের তিনবারের বিশ্বজয়ী নায়কের মতে, বিশ্বকাপ জিততে দলে তারুণ্যের সঙ্গে প্রয়োজন অভিজ্ঞতার, ‘স্কলারির দলটা খারাপ নয়, কিন্তু এটা একেবারেই তরুণ দল। ভেবেছিলাম রবিনহো, কাকার মতো অভিজ্ঞ ফুটবলারদের ডাকা হবে। ওরা দলের সঙ্গে থাকলে ব্রাজিলেরই লাভ হতো।’ বত্রিশের কাকা স্বপ্ন দেখেছিলেন, নিজের দেশে বিশ্বকাপ খেলবেন। তাঁর চেয়ে দুই বছরের ছোট রবিনহোর এই স্বপ্নটা তো ছিল প্রতি রাতের ঘুমের সঙ্গী। এমনকি ৩৩ বছর বয়সে নিজের তৃতীয় বিশ্বকাপ খেলার স্বপ্ন বিসর্জন দেননি রোনালদিনহোও। কিন্তু স্কলারির একটা ঘোষণাতেই ব্রাজিলের একদা তিন সুপারস্টারের স্বপ্নগুলো হলো চূর্ণ। কাকা বা রবিনহোর কথা মুখে এনেছেন পেলে, রোনালদিনহো তাঁর কাছেও একটা ছেঁড়া পাতা!
মিলানের হয়ে এই মৌসুমে ৩২ ম্যাচে মাত্র ৫ গোল করা রবিনহোর ফর্ম যে ভালো যাচ্ছে না, এটা অজানা নয় তাঁর। তার পরও অভিজ্ঞতার কারণেই তিনি ব্রাজিল দলে থাকতে পারতেন বলে বিশ্বাস পেলের, ‘আমি ওর (রবিনহো) কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করেছিলাম। সান্তোসের হয়ে সে যেমন খেলেছে, মিলান কিংবা জাতীয় দলের হয়ে তাঁর ফর্ম সে রকম নয়। তার পরও বিশ্বজুড়ে এখন যে মানের খেলা হয়, তাতে রবিনহো যেকোনো দলে জায়গা পাওয়ার মতো।’
কাকা-রবিনহোকে নিতে গেলে স্কলারির দলের কোন খেলোয়াড়টিকে বাদ যেওয়া যেত, এ নিয়ে আবার দ্বিধান্বিত পেলে, ‘আমি জানি না কাকা কিংবা রবিনহোকে দলে নিতে গিয়ে আমি কাকে বাদ দিতাম। হয়তো ২৪ জনের দল গড়তে হতো।’
সাম্প্রতিক ম্যাচগুলোতে ব্রাজিলের নেতৃত্ব দিয়েছেন প্যারিস সেন্ট-জার্মেইয়ের ডিফেন্ডার থিয়াগো সিলভা। আক্রমণভাগে নেইমার সবচেয়ে বড় আস্থার নাম হলেও বিশ্বকাপেও নেতৃত্ব সিলভার মতো কারও কাঁধেই থাকা উচিত বলে মনে করেন পেলে, ‘নেইমারকে নেতা হিসেবে ভাবাটা ঠিক হবে না। আমাদের ফ্রেড কিংবা সিলভার ওপর আস্থা রাখতে হবে যাদের ব্যক্তিত্ব আছে।’
স্কলারির দলের ২৩ জনের মধ্যে মাত্র ছয়জনের অভিজ্ঞতা আছে আগে বিশ্বকাপ খেলার। ১৯৯৪ সালের পর এটাই ব্রাজিলের প্রথম বিশ্বকাপ দল, যেখানে নেই আগে বিশ্বকাপ জেতা কোনো ফুটবলার। প্রথমেই মনে হতে পারে কী তরুণ দল! কিন্তু আসলে খুব তারুণ্যনির্ভর দল এটি নয়। চমকপ্রদ একটা তথ্য দিয়েছে ব্রাজিলিয়ান দৈনিক এস্তাদো দে সাও পাওলো। ২০০২ বিশ্বকাপে রোনালদো-রিভালদো-রোনালদিনহোকে নিয়ে গড়া যে ব্রাজিল দলটা চ্যাম্পিয়ন হয়েছিল, সেটার গড় বয়স ছিল ২৬.৭ বছর। অস্কার-ফ্রেড-নেইমারের এই ব্রাজিল দলের গড় বয়স ২৮.৪ বছর।
এক যুগ আগে যদি এর চেয়ে তরুণ দল নিয়ে স্কলারি বিশ্বকাপ জিততে পারেন, এবার কেন পারবেন না? এএফপি, ওয়েবসাইট।
উপেক্ষিত অভিজ্ঞতা
কাকা
বিশ্বকাপ ৩
(২০০২, ২০০৬, ২০১০)
মোট ম্যাচ : ১০
রোনালদিনহো
বিশ্বকাপ ২
(২০০২, ২০০৬)
মোট ম্যাচ : ১০
রবিনহো
বিশ্বকাপ ২
(২০০৬, ২০১০)
মোট ম্যাচ : ৮