ব্রাজিল দলে ফিরলেন কাকা
কপাল বুঝি এবার খুলল কাকার! গত পরশু চলতি মৌসুমে প্রথমবারের মতো খেললেন রিয়াল মাদ্রিদের হয়ে। এবার জাতীয় দলেও খেলতে চলেছেন তারকা এই মিডফিল্ডার। আর সেটা হবে দুই বছরেরও বেশি সময় বিরতির পর। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী মাসে ইরাক ও জাপানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেবে ব্রাজিল। দুটি ম্যাচের দলেই কাকাকে রেখেছেন কোচ মানো মেনেজেস। ইরাকের বিপক্ষে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে সুইডেনে, আগামী ১১ অক্টোবর। এর পাঁচ দিন পর পোল্যান্ডের মাঠে গড়াবে জাপানের বিপক্ষে ম্যাচটি।কাকাকে সর্বশেষ জাতীয় দলে দেখা গিয়েছিল ২০১০ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। ওই ম্যাচে হল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে যায় ব্রাজিল। মেনেজেস ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক উপেক্ষা করেছেন কাকাকে। গত বছর প্রথমবারের মতো তাঁকে দলে নিয়েছিলেন। কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেননি কাকা। সবকিছু ঠিকঠাক থাকলে মেনেজেস যুগে আগামী মাসেই অভিষেক হবে ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের। ব্রাজিল দলে কাকার অভিষেক ২০০২ সালে। জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৮২টি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। খেলেছেন সর্বশেষ তিনটি বিশ্বকাপেই।কাকাকে ফিরিয়ে আনার কারণ ব্যাখ্যা করে মেনেজেস সাংবাদিকদের বলেন, ‘আমরা ওর উন্নতি লক্ষ করেছি। অনুশীলন, চেষ্টা, খেলার মান সব দিকেই উন্নতি হয়েছে কাকার। আশা করছি, ব্রাজিল দলে খেলার সুযোগ পেলে ও ভালো করবে।’ব্রাজিল কোচ জানান, মিডফিল্ডে অস্কারের সঙ্গে কাকাকে জুটিবদ্ধ করতে কোনো সমস্যা নেই তাঁর। মেনেজেস বলেন, ‘দুটি ম্যাচের অন্তত একটিতে অস্কারের সঙ্গে কাকাকে খেলাব আমরা। ওর মতো একজনের অভিজ্ঞতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’গোলরক্ষক: জেফারসন, ডিয়েগো আলভেজ ও ভিক্টর।ডিফেন্ডার: আদ্রিয়ানো, দানি আলভেজ, আলেক্সান্দ্রো, মার্সেলো, ডেভিড লুইস, দেদে, লিয়েন্দ্রো কাস্তান ও থিয়াগো সিলভা।মিডফিল্ডার: ফার্নান্দো, পাওলিনহো, জুলিয়ানো, র্যামিরেস, অস্কার, স্যান্দ্রো, কাকা, লুকাস ও থিয়াগো নেভিস।স্ট্রাইকার: হালক, লিয়েন্দ্রো দামিও ও নেইমার।