ব্রাজিল দেখাল, তারাই ফেবারিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিক দোরগোড়ায়। মূল আসরের আগে একটাই ওয়ার্ম-আপ ম্যাচ ছিল ব্রাজিলের। স্বাগতিক গ্রেট ব্রিটেনের বিপক্ষে সেই ম্যাচে গতকাল রাতে ২-০ গোলে জয় পেয়েছে মানো মেনেজেসের দল।এ ম্যাচে ৪১ বছর পর ‘গ্রেট ব্রিটেন’ হিসেবে খেলতে নেমেছিল ব্রিটিশরা। তবে ব্রাজিলীয়দের দাপটে তা সুখকর হয়নি। খেলার ১৩ মিনিটে হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন স্যান্দ্রো। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন নেইমার। খেলার দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি। দুরন্ত এক জয় দিয়ে অলিম্পিকের প্রথম সোনা জয়ের লড়াইয়ে নামার আগে ব্রাজিল দেখাল, এবার ফেবারিট তারাই।ম্যাচ শেষে গ্রেট ব্রিটেনের কোচ স্টুয়ার্ট পিয়ার্স বলেন, ব্রাজিলের পারফরম্যান্স প্রমাণ করে, এবার সোনা জয়ের ক্ষেত্রে ওরাই ফেবারিট। অলিম্পিক বা অনূর্ধ্ব-২৩ দল হিসেবেই শুধু নয়, আন্তর্জাতিক ফুটবলেও সেরাদের অন্যতম ব্রাজিল। সোনা জয় করতে হলে প্রতিটি দলকে ব্রাজিলের বিপক্ষে জয় পেতে হবে।ব্রাজিলের কোচ মেনেজেসের প্রতিক্রিয়া, ‘অন্য দলগুলোর প্রতি বার্তা দেওয়ার ব্যাপারে ভাবিনি আমি। আজ (গতকাল) রাতে মূল শঙ্কা ছিল আমাদের ইউরোপ-ভিত্তিক ফুটবলারদের ফিরে পাওয়া নিয়ে। ওরা ফিরেছে। ব্রাজিলও নিজেদের ছন্দে ফিরেছে।’অলিম্পিক মূলত অনূর্ধ্ব ২৩ বছর বয়সী ফুটবলারদের লড়াই। তবে কোনো দল চাইলে এর চেয়ে বেশি বয়সী সর্বোচ্চ তিনজন খেলোয়াড় রাখতে পারে। এই নিয়মের মধ্যে স্ট্রাইকার হালক এবং দুই ডিফেন্ডার থিয়াগো সিলভা ও মার্সেলোকে রেখেছেন মেনেজেস। দল ঘোষণার পরপরই এর সমালোচনা করেছিলেন কিংবদন্তি রোমারিও। মেনেজেস যেন দলের পারফরম্যান্স দিয়েই রোমারিওকে জবাবটা দিলেন।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ১৯৭১ সালের বাছাই পর্ব থেকে বাদ পড়ার পর অলিম্পিক ফুটবলে কোনো ব্রিটিশ দল অংশ নেয়নি। তবে এবার লন্ডন অলিম্পিক আয়োজন করায় লড়াইয়ে নেমেছে গ্রেট ব্রিটেন। ব্রাজিলের বিপক্ষে একমাত্র ওয়ার্ম-আপ ম্যাচে গতকাল প্রথম একাদশে ইংল্যান্ডের সাতজন ও ওয়েলসের চারজন ফুটবলার মাঠে নামেন।