ব্রাজিল-নেইমারের সমালোচনায় পেলে
নেইমার বলতেই পেলের মুখে ঝরে প্রশংসার ফুলঝুরি। তবে এবার উল্টোটাও দেখা গেল। নেইমার ও ব্রাজিলের অলিম্পিক দলের দিকে সমালোচনার তির ছুড়েছেন ফুটবলের রাজা। বললেন, অলিম্পিকের মতো টুর্নামেন্টের জন্য ব্রাজিল ‘প্রস্তুত নয়’। নেইমার সম্পর্কে তাঁর মূল্যায়ন, নেইমার পুরোপুরিই বাম উইংয়ে পড়ে থাকছেন।ব্রাজিলিয়ানদের ‘অলিম্পিক সোনা জয়ের আজন্ম হাহাকার’ মুছে দেওয়ার মিশন নিয়েই এবার মাঠে নেমেছেন মানো মেনেজেস। লন্ডন অলিম্পিকের প্রস্তুতি হিসেবে মেনেজেসের দল এগিয়েও যাচ্ছিল মসৃণ পথেই। কিন্তু গত রোববার টানা ১০ ম্যাচ জয়ের পর মেনেজেসের দল টেক্সাসে মেক্সিকোর কাছে হেরেছে ২-০ গোলে। এই হারটাও এসেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ গোলে জয়ের মাত্রই চার দিন পর।যে হারটাকে পেলে দেখছেন অন্য দৃষ্টিকোণ থেকে, ‘আমি মনে করি, এই হারে ভালোই হয়েছে। কারণ, এতে আমরা দারুণ এক দল, ভালো করছি—এই ধারণায় ভালোই ধাক্কা লেগেছে। এটা ভালো এক দল, ভালো সব খেলোয়াড়। কিন্তু কঠিন পরিস্থিতি জয় করতে প্রস্তুত নয়।’ নেইমারের ব্রাজিলিয়ান লিগে প্রতিপক্ষের চেয়ে ‘ইউরোপিয়ান ও লাতিন আমেরিকান ডিফেন্ডারদের বিপক্ষে খেলতে সমস্যা হচ্ছে’ ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘সে বাঁ পাশে পড়ে থাকছে। কিন্তু এমনটা যে শুধু জাতীয় দলের ক্ষেত্রেই ঘটছে তা নয়, সান্তোসে খেলার সময়ও তা-ই হচ্ছে।’ মাঠের ভেতরে ঢুকে খেলাটাকে নিয়ন্ত্রণ করার তাগিদও দিয়েছেন তিনি নেইমারকে। এএফপি।