ব্রাজিল প্রেসিডেন্টকে দর্শকদের গালি

এমন একটা পরিস্থিতিই হয়তো অপেক্ষা করছিল দিলমা রুসেফের জন্য। ব্রাজিলের বিশ্বকাপ আয়োজন নিয়ে যে বিরোধিতা, বিশ্বকাপের খরচ নিয়ে তাঁর সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেটাই যেন বিস্ফোরিত হলো সাও পাওলোর উদ্বোধনীতে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচের আগমুহূর্তে দর্শকদের কাছ থেকে তিক্ত সম্ভাষণই পেলেন ব্রাজিল প্রেসিডেন্ট।
একে আয়োজক দেশের সরকারপ্রধান, তার ওপর রাজনীতিক। সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসের গ্যালারিতে প্রচুর দর্শক দেখে হাত-টাত নেড়ে জানাতে গিয়েছিলেন অভিবাদন। ফল হলো উল্টো। দেশের সাধারণ মানুষ তাঁর ওপর কতটা খেপে আছে, সেটার প্রমাণই যেন হাতে-কলমে পেয়ে গেলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ছাপার অযোগ্য সব গালি ধেয়ে যায় তাঁর দিকে।
এমনিতেই ব্রাজিলে গৃহায়ণ, স্বাস্থ্যসেবা ও গণপরিবহন-সংকটে মানুষ ত্যক্তবিরক্ত, সমস্যার খাতগুলোয় অর্থ খরচ না করে বিশ্বকাপ উপলক্ষে প্রায় ৯০ হাজার কোটি টাকা খরচ লোকজন কিছুতেই সহজভাবে নিতে পারছে না। যার বহিঃপ্রকাশ ঘটছে বিশ্বকাপ ঘিরে একাধিক বিক্ষোভ ও সংঘর্ষে। এএফপি।