ব্রাজিল ফুটবলে সহিংসতা
ফুটবলের দেশ ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটিতে ফুটবল অনেকটা ধর্মের মতো। ফুটবল মিশে আছে ব্রাজিলিয়ানদের নিঃশ্বাসে। সুন্দর ফুটবলের জন্য আকুতি আছে। সঙ্গে আছে কদর্য দিকটাও—অন্ধ সমর্থন। বিভিন্ন ক্লাবের অন্ধ সমর্থকদের মধ্যে চলা সহিংসতায় প্রাণ হারানোও নিত্যনৈমিত্তিক ব্যাপার। সহিংসতার মাত্রাটা মাঝে কিছুদিন কম ছিল। কিন্তু গত এক মাসে আবারও সেই পুরোনো চেহারা। চার-চারজন ফুটবলভক্তের প্রাণ গেছে সহিংসতায়।মৃত্যুর মিছিলে সর্বশেষ যোগ দিয়েছেন ২৩ বছর বয়সী দিয়াগো রদ্রিরিগো কস্তা দি জেসাস। ব্রাজিলের কেন্দ্রীয় অঞ্চলের শহর গোইয়ানার দুই ক্লাব গোইয়াস ও ভিলা নোভারার সমর্থকদের সংঘর্ষে পিঠে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন দি জেসাস। শনিবার সংঘর্ষ চলাকালে ভিলা নোভারার এক সমর্থক গুলি চালাতে শুরু করে। গোইয়াসের অন্য সমর্থকেরা পালিয়ে বাঁচলেও এক পায়ে সমস্যায় ভোগা জেসাস তা পারেননি। এর আগে গত সপ্তাহে সাও পাওলোতে নিহত হয় দুই পালমেইরাস সমর্থক। তারও দুই সপ্তাহ আগে গুয়ারানির এক সমর্থক নিহত হন। এমনিতেই ব্রাজিলের ২০১৪ বিশ্বকাপ আয়োজন নিয়ে চলছে উদ্বেগ-উৎকণ্ঠা। তার ওপর বছরের শুরু হতে চলে আসা ক্রমিক এই সহিংসতা বিশ্ববাসীর কাছে ব্রাজিলের অন্য রকম ভাবমূর্তিই তুলে ধরছে। গত কয়েক বছর সহিংসতাটা নিয়ন্ত্রণে থাকলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ভাবিয়ে তুলেছে কর্তৃপক্ষকে। পরিস্থিতি বদলাতে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। আটক করা হচ্ছে সহিংসতায় জড়িতদের। বন্ধ করে দেওয়া হয়েছে বারবার সংঘর্ষে জড়ানো বড় দুই ফুটবল ক্লাব পালমেইরাস ও করিন্থিয়ানসের সমর্থক গোষ্ঠীর কার্যালয়। মাঠেও প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে এসব উগ্র সমর্থককে। এপি।