ব্রাজিল-বধের নায়ক
খেলোয়াড়টি কে? কাকে ঘিরে ধরেছে সাংবাদিকের অরণ্য? মিক্সড জোনে উঁকিঝুঁকি মেরে খুঁজে পাওয়া গেল ওয়েসলি স্নাইডারকে। ব্রাজিল-স্বপ্নের ঘাতককে নিয়ে এমন কাড়াকাড়িই হওয়া উচিত। কিন্তু তাঁকে দেখে তো অবাক! এত ছোটখাটো একটা লোক!জীবনবৃত্তান্তে তাঁর উচ্চতা দেখাচ্ছে ৫ ফুট ৭ ইঞ্চি। অনেক ব্রাজিলিয়ান বা ডাচ সাংবাদিকের মতো এই প্রতিবেদকেরও তাতে সন্দেহ জাগল। টেলিভিশনে তাও বেশ শক্তপোক্ত দেখায় কিন্তু সামনাসামনি টেকো মাথা এবং হালকা-পাতলা শরীরে তাঁকে আরও ছোট দেখাল। মিক্সড জোনের কাঠের ঘেরটার খুব একটা ওপরে উঠল না স্নাইডারের মাথা। অথচ এই স্নাইডারই বিশ্বকাপে পরশু কী কাজটা করে ফেললেন! তাঁর হাতেই বিদায় নিতে হলো পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে।হাতে না বলে বলা উচিত বাঁ পায়ে এবং মাথায়। ৫৩ মিনিটে ২৫-২৬ গজ দূর থেকে বাঁ পায়ে যে গোলটি করলেন, সেটি সমতায় দাঁড় করায় হল্যান্ডকে। গোলে যাওয়ার পথে ফেলিপে মেলোর মাথা ছুঁয়ে গিয়েছিল বলে সেটিকে আত্মঘাতী গোলই ধরে নিয়েছিলেন সবাই। পরে অবশ্য ফিফার টেকনিক্যাল কমিটি রায় দিয়েছে, গোলটি স্নাইডারই পাবেন। কারণ তাঁর শটটি গোলমুখীই ছিল। ৬৮ মিনিটে স্নাইডারের হেডে দ্বিতীয় গোলেই শেষ হয়ে যায় ব্রাজিল। হল্যান্ড দলের হয়ে ৬৬ ম্যাচে এই নিয়ে ১৭ গোল করলেন স্নাইডার। মজার ব্যাপার, সাত বছর ধরে জাতীয় দলে খেলে এই প্রথম হেডে গোল করলেন। এই দুই গোল নিয়ে বিশ্বকাপে তাঁর চার গোল হয়ে গেল। গোল্ডেন বুটের দাবিদার হিসেবে স্নাইডারের নাম কেউই বলেননি। অথচ এখন তিনিও শামিল হয়ে গেলেন সেই দৌড়ে। মাঠে যেমন প্রতিপক্ষের সামনে ভয় জাগানো এক স্ট্রাইকার, কথা বলার সময় মোটেই তা নয়। বেশ লাজুক। প্রশ্নকারীর দিকে সরাসরি তাকিয়ে কথা বলতে পারেন না। টেকো মাথায় হেডে গোল করার বিস্ময়ই যেন কাটছে না স্নাইডারের, ‘হেডে এটাই আমার প্রথম গোল। জানি না, আর কখনো এমনটি ঘটবে কি না। আমার মাথায় লেগে বলটি পিছলে চলে গেল নেটে। সত্যিই এটা একটা অসাধারণ অনুভূতি।’ ব্রাজিলের বিপক্ষে জয়ের আনন্দে উচ্ছ্বসিত স্নাইডার সেমিফাইনাল নিয়ে কথাই বলতে চাইলেন না, ‘ব্রাজিলের রক্ষণ খুব শক্তিশালী। আমরা দুটি গোল করেছি, দারুণ ব্যাপার। সেমিফাইনালে যেতে পেরে আমরা ভীষণ খুশি। এখন উপভোগের সময়। সেমিফাইনাল নিয়ে মনোযোগী হব আগামীকাল থেকে।’স্নাইডার যে উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছেন, সে তো মাঠে বসেই দেখা গেল। গ্যালারির এক কোণে উদোম গায়ে শখানেক ডাচ সমর্থক ‘অরাঞ্জে, অরাঞ্জে’ বলে চিৎকার করছিলেন সবাই চলে যাওয়ার পরও। স্টেডিয়ামে তখন নীরবতা নেমে এসেছে। হঠাৎ করেই ডাচ লকার রুম থেকে বেরিয়ে এলেন সাত-আটজন খেলোয়াড়। নেতৃত্বে স্নাইডার। সবাই গ্যালারিতে গিয়ে ওদের সঙ্গে হাত মেলালেন। আনন্দে জড়িয়ে ধরলেন সমর্থকদের। কমলা-উৎসব যেন পূর্ণতা পেল।মেসির মতো খেলোয়াড়ও একবার মাত্র ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, স্নাইডার সেখানে তিনবার। গোপনে গোপনে কোনো এক মহা অর্জনের দিকেই যেন এগিয়ে যাচ্ছেন স্নাইডার। সুতরাং ডাচ সমর্থকেরা গোপনে ও নীরবে তাঁর জন্য অপেক্ষা করবে না? তিনি যে এখন হল্যান্ডের খুদে জাদুকর!