ব্রাজিল বনাম ‘হাতিদের দল’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলেসাও, পেন্টাক্যাম্পেয়াও, ক্যানারিনহো, অ্যামারেলিনহা, অরিভার্দে, এস্কোয়াদ্রো ডি ওউরো। কত নাম, কত রূপ! প্রথম নামের অর্থ জাতীয় দল, পরের নামটির মানে শিরোপা-পঞ্চক বিজয়ী। পরের তিনটি রং—হলুদ, সবুজ, নীল। শেষেরটি বলে দেয় একটি সোনালি ফুটবল দলের নাম। যে নামেই ডাকুন, যে রূপেই তাদের দেখুন—দলটির নাম ব্রাজিল।তুলনায় আইভরিকোস্ট অতি সাধারণ। ইংরেজিতে আইভরিকোস্ট বললেও দেশের সরকারের নির্দেশ, এই নাম চলবে না। বলতে হবে কোউট ডি আইভরি। বিশ্বকাপের সব জায়গা থেকেই আইভরিকোস্ট নামটি তাই চুরি হয়ে গেছে, পরিবর্তে বসেছে কোউট ডি আইভরি। ফরাসি শব্দ। ব্রাজিলের যেমন পর্তুগিজ ঔপনিবেশিকতা-প্রীতি রয়ে গেছে, তেমনই ফরাসি উপনিবেশবাদের বর্ণ, গন্ধ, চিহ্ন ভালো লাগে আইভরিকোস্টের কাছে। ফরাসিতে এদের ফুটবল দলটিকে বলা হয় লে এলিফ্যান্তস। খুব সহজবোধ্য নামকরণ—হাতির দল। তাহলে আজ জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে হলুদ-সবুজ রঙের সোনালি ফুটবল দলের সামনে দাঁড়াচ্ছে হাতির দল!বিশ্ব ফুটবলে সোনা রঙের ছবি আঁকিয়েদের সঙ্গে হাতির মতো ফুটবল খেলিয়েদের লড়াই। মনে হয়, সুন্দরের সঙ্গে অসুন্দরের খেলা। শিল্পীর সঙ্গে শ্রমিকের প্রতিদ্বন্দ্বিতা। দক্ষিণ আফ্রিকায় অনেকেই তাই ধরে নিয়েছেন, ব্রাজিলের খেলা থেকে সৌন্দর্য হারিয়ে গেছে। সেদিন এলিস পার্কে গিয়ে হতাশ হয়ে ফেরা মানুষ সিদ্ধান্তে পৌঁছে গেছে, দুঙ্গার এই ব্রাজিল ফলনির্ভর কার্যকর ফুটবলই খেলবে। আর আফ্রিকার এই ফুটবলশক্তির দর্শন তো ওই একই— প্রতিপক্ষকে জায়গা দিয়ো না। বল কেড়ে নিয়ে ঝড়ের বেগে আক্রমণে উঠে গোল করে আসো। একে তো দু দলের দর্শন অনেকটা কাছাকাছি গিয়ে পৌঁছেছে, তার ওপর ম্যাচটা দ্বিতীয় রাউন্ডের টিকিটের মূল্যমানে পৌঁছানোয় সুন্দর ফুটবলের আশায় নৈরাশ্যের কুয়াশা পড়ছে। তার পরও কিসের যেন আশা জেগে থাকে সর্বদাই।ব্রাজিলের আছে কাকা-রবিনহোর মতো শিল্পী ফুটবলার, আইভরিকোস্টের আছে দিদিয়ের দ্রগবার মতো ক্যারিশমাটিক খেলোয়াড়। একেবারেই কি মূল্যহীন হবে স্টেডিয়ামে যাওয়া?উত্তর কোরিয়ার অতিরক্ষণাত্মক ফুটবল সেদিন ব্রাজিলকে ঠিকমতো পাখা মেলতে দেয়নি। বাঁ ঊরুর পেশির চোট নিয়ে রিয়ালে ২০০৭ ফিফা বর্ষসেরার রূপটিকে মেলে ধরতে পারেননি, এ ম্যাচেও কাকা যেন রিয়ালে খেলা কাকার প্রতিমূর্তি। আজ কি ফিরে পাবেন হারানো ছন্দ? সঙ্গে যদি রবিনহোর যুগলবন্দিটা একটু জমে ওঠে, তাহলেই তো অনেক কিছু পাওয়া হবে। সাধারণ ফুটবলপ্রেমীরা এরই প্রত্যাশায়। কাকা সমর্থনও পাচ্ছেন সতীর্থদের কাছ থেকে।পরিবারের বড় সম্পদকে যেমন সবাই আগলে রাখে সযতনে, ঠিক তেমন করেই পরশু রবিনহো বললেন, ‘কাকা গ্রেট। সে একাই একটা ম্যাচ জিতিয়ে দিতে পারে তার দিনে।’ প্রথম ম্যাচ না খেলা হুলিও ব্যাপটিস্টা কোনো অস্পষ্টতা রাখেননি, ‘কাকাকে আমরা পাশে চাই, সে আগের ঔজ্জ্বল্য নিয়েই ফিরবে।’ জিলবার্তো সিলভার কণ্ঠ স্বপ্নাতুর, ‘কাকা আমাদের ষষ্ঠ শিরোপা জেতাতে সাহায্য করবেই।’ পরশু র‌্যান্ডবার্গ হাইস্কুল মাঠে ব্রাজিলের অনুশীলন শেষে এসব কথাবার্তা শুনে যেন মনে হচ্ছিল ব্রাজিলের জাতীয় দলটা কোনো এক অহিংস দেশের নাগরিক। যেখানে কোনো হিংসা নেই, ঈর্ষা নেই; আছে কেবল এক প্রাণ এক মন হয়ে খেলে যাওয়ার প্রতিজ্ঞা। যেখানে সবাই চায় দলের সেরা ফুটবলারটি আলো জ্বেলে দিক মাঠে। ‘মৃত্যু উপত্যকা’ বলে চিহ্নিত গ্রুপের দ্বিতীয় ম্যাচেই যাবতীয় অনিশ্চয়তা মুছে ব্রাজিল পৌঁছে যাক দ্বিতীয় রাউন্ডে, যেখান থেকেই আসলে শুরু হবে শিরোপা ষষ্ঠকের অভিযান।কিন্তু দিদিয়ের দ্রগবা, সলোমন কালু, দিদিয়ের জোকোরা, জেরভিনহোর আইভরিকোস্ট ফুল বিছানো রাস্তা ছেড়ে দেবে না তাদের জন্য! পর্তুগালের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক ভালো খেলেছে আইভরিকোস্ট। ১০ দিন আগে ডান হাতে অস্ত্রোপচার করা দ্রগবা শেষ ২৫ মিনিটের জন্য নেমে জয়ের সুতীব্র ইচ্ছাটা বুনে দিয়েছিলেন পোর্ট এলিজাবেথের মাঠে। মাত্রই মাস পাঁচেক আগে দায়িত্ব নিয়ে ‘লে এলিফ্যান্তস’দের মাহুত হয়ে যাওয়া সভেন গোরান এরিকসন ম্যাচ শেষে দারুণ তৃপ্তি নিয়ে বলেছেন, ‘এ ম্যাচে যদি কোনো দল জয় পেত, সে শুধু আইভরিকোস্ট।’৪-৩-৩ ছকে ডিফেন্ডারের ভূমিকায় খেলা সেভিয়া মিডফিল্ডার জোকোরা ব্রাজিলকে চেপে ধরতে চান রক্ষণাত্মক ফুটবলের যাঁতাকলে, ‘ব্রাজিলের একগুচ্ছ বড় মাপের খেলোয়াড় আছে, আমাদের রক্ষণাত্মক খেলতে হবে।’ গোল তাঁর জন্য অতি সুলভ বস্তু নয়, তার পরও চেলসিকে লিগ জেতানোয় ভালো ভূমিকা রেখেছেন সলোমন কালু, হ্যাটট্রিক করে স্টোক সিটিকে ৭-০ গোলে হারানোর সেই নায়কের প্রেরণা উত্তর কোরিয়া, ‘আমাদের একেবারে নিরেট থাকতে হবে। একটা দল হিসেবে খেলতে হবে। আমরা প্রতিটি বল ধরার জন্য ছুটব।’ তবে গোটা আইভরিকোস্ট আর আফ্রিকার বড় অংশটা তাকিয়ে আছে যাঁর দিকে, তিন বছর পর চেলসিকে লিগ শিরোপা এনে দেওয়া দ্রগবা শুধু প্রার্থনা করছেন অখণ্ড মনোযোগ, ‘আমাদের মনোযোগ হারানো চলবে না।’আইভরিকোস্ট চায় ব্রাজিলকে একটুও জায়গা না ছাড়তে। আর ব্রাজিল চায় খেলার জায়গা বের করতে। ‘আমাদের ধাঁচের ফুটবলটা খেলতে হলে এ ম্যাচে জায়গা বের করতেই হবে’—সত্যি কথাটা বলে দিয়েছেন ব্যাপটিস্টা।অতএব, এই ম্যাচটা হবে জায়গা না ছাড়া আর কেড়ে নেওয়ার লড়াই। মৃত্যু-উপত্যকা হিসেবে শুরুর আগেই চিহ্নিত হয়ে পড়া গ্রুপ থেকে আগে বেরিয়ে আসার প্রতিদ্বন্দ্বিতা।