ব্রাজিল বলেই রোমাঞ্চিত বাকি
দেশের বাইরে খেলতে তো অনেকবারই গেছেন। তবে আবদুল্লাহ হেল বাকির এবারের যাত্রাটা একটু অন্য রকম। এবার যে গন্তব্য ফুটবলের দেশ ব্রাজিল!
সতীর্থ শুটার শোভন চৌধুরীকে সঙ্গী করে গত রাতেই তাঁর ব্রাজিল রওনা হওয়ার কথা। দেশটা ব্রাজিল বলে মাথায় ঘুরপাক খাচ্ছে ফুটবলও। ফুটবলের দেশে গিয়ে ফুটবল দেখবেন না, তা কী করে হয়? তাই ঠিক করেছেন ১৮ এপ্রিল বিশ্বকাপ শুটিং প্রতিযোগিতা শেষে রিও ডি জেনিরোতে কোনো ফুটবল ম্যাচ থাকলে অবশ্যই দেখবেন। কাল জানালেন, ‘কোচকেও রাজি করিয়েছি ম্যাচ দেখার ব্যাপারটা।’
ফুটবলের প্রতি বাকির আলাদা একটা আকর্ষণ সব সময়ই ছিল এবং আছে। বিকেএসপিতে মামুনুল ইসলামের সঙ্গে জিমন্যাস্টিকসে ছিলেন। মামুন পরে ফুটবলে নাম লেখালেন, বাকি শুটিংয়ে। ভুল করেননি। ২০১৪ কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতে শুটিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এরই মধ্যে। তবে ফুটবলপ্রেম কমেনি, ‘আমার সবচেয়ে প্রিয় খেলা ছিল ফুটবল। শুটার না হলে তো অবশ্যই ফুটবলার হতাম।’
তবে ফুটবলার না হলেও বাকি ফুটবল দেখেন এবং সময় পেলে বার্সা-রিয়ালের খেলা দেখতে বসে পড়েন টিভির সামনে। নেইমার-মেসি-রোনালদো—সবার খেলা ভালো লাগে। এর আগে ভক্ত ছিলেন রোনালদিনহোর। সেই বাকি ব্রাজিলে যাচ্ছেন, বাড়িতে তাঁর বাবাও নাকি বেশ রোমাঞ্চিত, ‘বাবা ব্রাজিল থেকে একটি বল নিয়ে আসতে বলেছেন আমাকে। বল তো বলই, আমি কোনো পার্থক্য দেখি না। তারপরও বাবার ইচ্ছা ব্রাজিলের বল যেন অবশ্যই নিয়ে আসি।’