ব্রাজিল বিশ্বকাপে ম্যারাথন ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কি দীর্ঘ ভ্রমণে অভ্যস্ত? হাজার হাজার মাইল পাড়ি দিতে পারেন ক্লান্তিহীন? উত্তরটা না হলে, আগামী বিশ্বকাপ ফুটবল দেখতে ব্রাজিলে যাওয়ার চিন্তা না করাই ভালো। সে আপনি সাধারণ দর্শক হোন, কিংবা সাংবাদিক। কারণ, আগামী বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দল ও তাদের সমর্থকদের ম্যারাথন ভ্রমণের ওপরই থাকতে হবে।গত পরশু জুরিখে ব্রাজিল ২০১৪ বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করেছে ফিফা। সেখানেই বলা হয়েছে, এবার একটি দলকে গ্রুপ পর্বেই তিনটি ভিন্ন ভেন্যুতে খেলতে হবে। ঘোষণা করা হয়েছে উদ্বোধনী ম্যাচ, ফাইনাল, সেমিফাইনাল ও অন্য সব ম্যাচের ভেন্যু, ম্যাচ শুরুর সময়ও। বাংলাদেশ সময় রাত ১০টা, রাত একটা, রাত চারটা ও সকাল সাতটায় শুরু হবে ম্যাচ। ১২টি শহরে হবে ৬৪টি ম্যাচ।২০১৪ সালের ১২ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হবে ফুটবলের বৃহত্তম আসর। সাও পাওলোতে হবে উদ্বোধনী ম্যাচ, যেটিতে খেলবে স্বাগতিক ব্রাজিল। ফাইনাল হবে রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। সেমিফাইনাল দুটি হবে ৮ ও ৯ জুলাই বেলো হরিজোন্তে ও সাও পাওলোতে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১২ জুলাই রাজধানী ব্রাসিলিয়াতে।প্রতিবারের মতো এবার আর দলগুলো একটি নির্দিষ্ট শহরে ঘাঁটি গেড়ে অনুশীলন করতে পারবে না। এক ম্যাচ খেলেই তাদের দৌড়াতে হবে আরেক শহরে। ফিফার সাধারণ সম্পাদক ভালকে বলেছেন, আয়োজক শহরগুলো যাতে প্রায় সব দলের খেলা দেখতে পারে, সে জন্যই ফিফার এই সিদ্ধান্ত, ‘এতে শুধু বড় শহরগুলোতেই আকর্ষণ আটকে থাকবে না।’আয়োজক কমিটির প্রধান ও ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রধান রিকার্ডো টিসেরাও যুক্তি দেখিয়েছেন সিদ্ধান্তের পক্ষে, ‘দলগুলোকে দেশজুড়েই খেলতে হবে। শুধু বড় শহরগুলোতেই বড় বড় দলের খেলা আটকে থাকবে না।’৮৫ লাখ বর্গকিলোমিটার আয়তন ও বৈচিত্র্যময় আবহাওয়ার ব্রাজিল হচ্ছে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। বিশ্বকাপ চলাকালে যেখানে কুইয়াবা শহরের তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানো, সেখানে পোর্তো আলেগ্রের তাপমাত্রা থাকবে প্রায় হিমাঙ্কের কাছে। গ্রুপ ‘এ’র একটি দলকে খেলতে হবে সাও পাওলো, ম্যানাউস ও রেসিফে শহরে। জেনে রাখুন, ম্যানাউস থেকে রেসিফের দূরত্ব সড়কপথে মাত্র ৫৭০০ কিলোমিটার! প্রায় সময়ই সংযোগ নিয়ে সেখানে বিমানে যেতেই লাগবে ছয় থেকে নয় ঘণ্টা। এএফপি, রয়টার্স।বিশ্বকাপ ২০১৪ উদ্বোধনী ম্যাচ : রাত ২টা গ্রুপ পর্বের ম্যাচ : রাত ১০টা, রাত ১টা, ভোর ৪টা ও সকাল ৭টা দ্বিতীয় রাউন্ড/ : রাত ১০টা ও রাত ২টা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল : রাত ২টা তৃতীয় স্থান নির্ধারণী : রাত ২টা ফাইনাল : রাত ১টা  বাংলাদেশ সময়