ব্রাজিল বিশ্বকাপের ক্ষণ গণনা শুরু
দরজায় কড়া নাড়ছে কনফেডারেশনস কাপ। মহাদেশীয় মহাযুদ্ধ। এরই মধ্যে গতকাল বুধবার শুরু হয়ে গেল ২০১৪ ফুটবল বিশ্বকাপের ক্ষণ গণনা।ব্রাজিল বিশ্বকাপ গুনে গুনে ৩৬৫ দিন বাকি। গতকাল বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুহূর্তটা আলোকিত করে রাখলেন আয়োজকেরা। উন্মোচিত হলো ব্রাজিলের প্রয়াত স্থপতি অস্কার নিয়েমিয়ারের নকশায় তৈরি ক্ষণ গণনার বিশেষ ঘড়ি।অনুষ্ঠানে স্বাগতিক ব্রাজিলের শুভেচ্ছাদূত পেলে ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী আলসো রেবেলো, বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা-ফিফার মহাসচিব জেরোম ভালকে, বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির প্রধান হোসে মারিয়া মারিন এবং রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো পায়েস।ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে যথেষ্টই বিতর্ক হয়েছে। সেটা এখনো পুরোপুরি থামেনি। তবে ফুটবল বিশ্বকে দারুণ একটা বিশ্বকাপ উপহার দেওয়ার আশ্বাসই দিলেন তিনবারের বিশ্বজয়ী পেলে, ‘আমরা দারুণ একটা বিশ্বকাপ আয়োজন করতে চলেছি। এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার। তবে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করে একটি বার্তা পাঠিয়েছেন তিনি। বার্তায় ব্ল্যাটার বলেন, ‘ব্রাজিল শুধু ফুটবলেই পরাশক্তি নয়, অর্থনৈতিকভাবেও বেশ শক্তিশালী। আমি নিশ্চিত, বিশ্বকাপ আয়োজন ব্রাজিলকে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে আরও এগিয়ে যেতে সহায়তা করবে।’১৯৫০ সালের পর এই প্রথম বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে ব্রাজিল। ওই আসরের ফাইনালে উরুগুয়ের কাছে হেরে যায় ব্রাজিলীয়রা। আনন্দঘন পরিবেশের মধ্যেও স্বাভাবিকভাবে ফিরে এল ৬৩ বছরের আগের তিক্ত স্মৃতিটা। কিংবদন্তি পেলের বিশ্বাস, এবার আর পুরোনো স্মৃতিটা ফিরে আসবে না, ‘আশা করছি, একই অভিজ্ঞতা হবে না। ১৯৫০ সালে আমার বয়স ছিল নয় বছর। উরুগুয়ের কাছে ফাইনালে হারের পর রেডিওর সামনে বাবাকে কাঁদতে দেখেছি আমি।’ সূত্র: রয়টার্স।