ব্রাজিল বিশ্বকাপের মুখ রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৮ বিশ্বকাপে মিশেল প্লাতিনি। ২০০৬ বিশ্বকাপে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। এবার বিশ্বকাপ আয়োজনে যুক্ত হচ্ছে আরেক বিশ্ব তারকার নাম। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো ব্রাজিল ২০১৪ বিশ্বকাপ আয়োজক কমিটিতে ঢুকলেন আনুষ্ঠানিকভাবে। প্লাতিনি-বেকেনবাওয়ারের চেয়ে ছোট ৩৫ বছর বয়সী রোনালদোর ভূমিকাটা হবে একটু ভিন্ন। ফ্রান্স ও জার্মানির দুই মহানায়ক ছিলেন তাঁদের দেশের বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান। আর রোনালদো আয়োজক কমিটির তিন বোর্ড সদস্যের একজন, যে বোর্ডের হাতে থাকবে সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির (এলওসি) প্রধান রিকার্ডো টিসেরার অনুরোধেই চ্যালেঞ্জটা নিয়েছেন রোনালদো। পরশু রিও ডি জেনিরোতে আয়োজিত সংবাদ সম্মেলনে রোনালদোকে পাশে নিয়ে টিসেরা বললেন, ‘আমরা যাতে সেরা ও সর্বকালের সুন্দরতম বিশ্বকাপ আয়োজন করতে পারি, সে লক্ষ্যেই আমাদের এখন এক হয়ে কাজ করতে হবে। জনতার নায়ক রোনালদোই সেই ঐক্যের জন্য এই মুহূর্তের সঠিক কণ্ঠস্বর।’জনতার মুখ হয়েই কথা বলেছেন রোনালদো, ‘এটি ফিফার বিশ্বকাপ নয়, সিবিএফের বিশ্বকাপ নয়, নয় সরকারেরও। এটি জনতার এবং তাদের গৌরবের এই বিশ্বকাপে অংশ নিতে হবে তাদেরই। আমি এই জনগণের জন্যই কাজ করতে চাই, তাদের জন্য কিছু করা আমার দায়িত্ব।’আয়োজক দেশের সবাইকেই এক করে দেয় বিশ্বকাপ। কিন্তু ২২ বছর ধরে সিবিএফের সবচেয়ে উঁচু চেয়ারটিতে বসে থাকা টিসেরাকে আলাদা করে ঐক্যের ডাক দিতে হচ্ছে কেন? কারণ, তাঁর নিজের ভাবমূর্তি চোটগ্রস্ত, সিবিএফও পড়েছে ভাবমূর্তির সংকটে। টিসেরার বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের তদন্ত চলছে। ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিও প্রশ্নবিদ্ধ। আগামী তিন বছরের মধ্যে স্টেডিয়াম, বিমানবন্দর ও প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা সংশয়াচ্ছন্ন। সবকিছু মিলিয়ে ২০১৪ বিশ্বকাপ আয়োজন সমস্যার আবর্তে। এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের দরকার ছিল ফুটবলের একটি মুখ। রোনালদোর মধ্যেই কি সেটি খুঁজে পাওয়া গেল? মাঠে নেমে ষষ্ঠ শিরোপা জেতাতে পারবেন না ব্রাজিলকে। কিন্তু মাঠের বাইরে থেকে ব্রাজিলের ভাবমূর্তি হয়তো ফেরাতে পারবেন রোনালদো। রয়টার্স।