ব্রাজিল যাচ্ছেন না রসি
মৌসুমের শেষ চার মাস বলতে গেলে মাঠেই নামতে পারেননি। চোট কাটিয়ে ইতালির সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। টানা তৃতীয়বার বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হলো জিউসেপ্পে রসির। ব্রাজিল বিশ্বকাপের জন্য ঘোষিত ইতালির ২৩ জনের দলে এটাই খানিকটা বিস্ময়ের।
রিকার্ডো মন্তোলিভোর না থাকাটা অনুমিতই ছিল। দুই দিন আগেই পা ভাঙায় নিশ্চিত হয়ে যায় বিশ্বকাপ খেলা হচ্ছে না এসি মিলান মিডফিল্ডারের। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন ফিওরেন্টিনা মিডফিল্ডার আলবার্তো আকুইলানি।
অথচ দুই দিন আগে আয়ারল্যান্ডের ম্যাচে মাঠেও নেমেছিলেন রসি। এর পরও যখন জানলেন, প্রানদেল্লি তাঁকে রাখেননি, হতাশাটা গোপন করতে পারলেন না ফিওরেন্টিনার স্ট্রাইকার, ‘সবাই বলছে আমি এখনো প্রস্তুত নই, গত সপ্তাহের পরীক্ষার ফল বা এই ম্যাচের (আয়ারল্যান্ডের সঙ্গে) কথা যে কারও কাছে জানতে চান। আপনি বিস্মিতই হবেন। চ্যালেঞ্জ? ভয়? কী হাস্যকর’—ক্ষোভ, হতাশায় একাকার রসির টুইট। তবে দলের পাশেই থাকছেন রসি, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ইতালিকে সমর্থন দিয়ে যাওয়া।’
অথচ রসি কিন্তু ব্রাজিলে থাকতে পারতেন যুক্তরাষ্ট্রের হয়েও। জন্ম তাঁর সেখানেই, ১২ বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রেই ছিলেন। পরে বেছে নেন মা-বাবার দেশকে। ২০১০ বিশ্বকাপেও একটুর জন্য জায়গা হয়নি মার্সেলো লিপ্পির দলে। এর পর থেকেই শুরু চোটের সঙ্গে নিরন্তর লড়াই। গত ইউরোর ঠিক আগে হাঁটুতে চোট পেয়ে খেলতে পারেননি । এই মৌসুমে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন, জানুয়ারির আগে ১৪ গোলও করে ফেলেছিলেন। কিন্তু সেই হাঁটুর চোটই এবার শেষ করে দিল বিশ্বকাপ-স্বপ্ন।
আরও একটা ছোটখাটো চমক আছে প্রানদেল্লির দলে। তুরিনো রাইটব্যাক মাত্তিও দারমিয়ানকে ডেকেছেন ইতালি কোচ। অথচ দারমিয়ান অভিষেকই হয়েছে আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে! কপাল পুড়েছে অভিজ্ঞ ক্রিস্টিয়ান মাজ্জোর। চোট আর ফর্মহীনতাই দল থেকে ছিটকে দিয়েছে নাপোলি রাইটব্যাককে। রয়টার্স।
ইতালির বিশ্বকাপ দল
গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন, সালভাতোরে সিরিগু, মাত্তিয়া পেরিন
ডিফেন্ডার: ইগনাৎসিও আবাতে, আন্দ্রেয়া বারজাল্লি, লিওনার্দো বোনুচ্চি, জর্জো কিয়েলিনি, মাত্তিও দারমিয়ান, মাত্তিয়া ডি শিলিও, গাব্রিয়েল পালেত্তা
মিডফিল্ডার: আলবার্তো অাকুইলানি, আন্তোনিও কানদ্রেভা, ড্যানিয়েলে ডি রসি, ক্লদিও মার্কিসিও, থিয়াগো মোত্তা, মার্কো পারোলো, আন্দ্রেয়া পিরলো, মার্কো ভেরাত্তি
ফরোয়ার্ড : মারিও বালোতেল্লি, আন্তোনিও কাসানো, আলেসিও চেরচি, চিরো ইম্মোবিলে, লরেঞ্জো ইনসিনিয়ে