অলিম্পিকের আগে শ্যুটারদের সামনে আছে তিনটি বিশ্বকাপ প্রতিযোগিতা। যার একটি হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। ঠিক যেখানে আগামী আগস্টে অলিম্পিক হবে, সেই রেঞ্জে অলিম্পিকের আগেই ১৮ এপ্রিল শুরু হওয়া প্রতিযোগিতায় নামার সুযোগ পাচ্ছেন আবদুল্লাহ হেল বাকি ও শোভন চৌধুরী। এই দুজনকে ব্রাজিল পাঠাচ্ছে শ্যুটিং ফেডারেশন। আগামীকালই তাঁরা রওনা হবেন। আগামী মাসে জার্মানিতে অনুষ্ঠেয় একটি বিশ্বকাপেও তাঁদের খেলার কথা আছে।
বাকির এখনো অলিম্পিকে খেলা নিশ্চিত নয়। সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি। তাঁর ভরসা এখন ওয়াইল্ড কার্ড, যেটি পাবেন কি না বলা যাচ্ছে না। তবে সম্ভাবনা আছে। অলিম্পিকে খেলতে পারলে তো ভালোই, না পারলেও কমনওয়েলথ গেমসে রুপাজয়ী শ্যুটারের জন্য বিশ্বকাপ খেলতে ব্রাজিলে যাওয়া বড় একটা প্রাপ্তি হতে পারে। তাঁর সঙ্গী এবারের এসএ গেমসে রুপাজয়ী শোভন কাল বলছিলেন, ‘সফরটা হবে আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা।’