ব্রাজিল যাচ্ছেন মেজবাহ-শিরীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পাওয়ার সময় পার হয়ে গিয়েছিল ১৫ জুলাই। তারপরও আশায় বুক বেঁধে ছিলেন দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ ও মানবী শিরীন আক্তার। আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কয়েক দফা মেইল চালাচালির পর কাল রাতে এল সুসংবাদ। অবশেষে ওয়াইল্ড কার্ড নিয়ে ব্রাজিলে যাচ্ছেন মেজবাহ ও শিরীন।
কাল রাতে ব্যাপারটা নিশ্চিত করেছেন বিওএর মহাপরিচালক ফখরুদ্দিন হায়দার, ‘আমরা অ্যাথলেটিকসে দুটি ওয়াইল্ড কার্ড পেয়েছি। এইমাত্র আয়োজক অলিম্পিক কমিটির কাছ থেকে খবরটা পেলাম। ইনশা আল্লাহ ওরা দুজন ব্রাজিল যাচ্ছে।’ আগামী ১ আগস্ট সাঁতার দলের সঙ্গে টার্কিশ এয়ারওয়েজে ব্রাজিল যাবেন অ্যাথলেট মেজবাহ, শিরীন ও দলনেতা শাহ আলম। সব মিলিয়ে বাংলাদেশের সাতজন খেলোয়াড় অংশ নেবেন এবারের অলিম্পিকে।