ব্রাজিল-যাত্রার ইউরোপীয় লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যান্য অংশে লড়াইটা শুরু হয়ে গেছে আগেই। বাকি ছিল শুধু ইউরোপ। আজ সেখানেও শুরু হয়ে যাচ্ছে ব্রাজিল ২০১৪ বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াই। ৫৩টি দেশের ধুন্ধুমার লড়াই থেকে সুযোগ পাবে ১৩টি দেশ। নয় গ্রুপের নয়টি চ্যাম্পিয়ন দলের হাতে টিকিট উঠবে সরাসরি। সেরা আট রানার্সআপ দলের প্লে-অফ থেকে চূড়ান্ত পর্বে যাবে আরও চার দল। আজ ও আগামীকাল ইউরোপীয় বাছাইপর্বের প্রথম রাউন্ডে মাঠে গড়াবে ২৪টি ম্যাচ। তবে আজ প্রথম দিন মাঠে থাকছে না বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। স্পেন মাঠে না নামলেও গ্রুপসঙ্গী ১৯৯৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে নেমে পড়তে হচ্ছে আজই। ফিনল্যান্ডে ফিনল্যান্ডের সঙ্গে খেলবে দিদিয়ের দেশমের দল। নয়টি গ্রুপের মধ্যে এই গ্রুপকেই (আই) বলা যায় সবচেয়ে কঠিন। দুই বিশ্ব চ্যাম্পিয়নের একটি সরাসরি সুযোগ পাবে চূড়ান্ত পর্বে। অন্যটিকে খেলতে হবে প্লে-অফ। যদিও স্পেন ও ফ্রান্সের চেয়ে গ্রুপের বাকি তিন দল বেলারুশ, ফিনল্যান্ড ও জর্জিয়া পিছিয়ে আছে যোজন দূরত্বে। নতুন কোচ দিদিয়ের দেশমের অধীনে আজই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলছে ফ্রান্স। ইউরো-ব্যর্থতার বলি লরাঁ ব্লাঁর উত্তরসূরির ভাবনাটা অবশ্য পরিষ্কার। ফিনল্যান্ড, বেলারুশ ও জর্জিয়ার বিপক্ষে পা হড়কানো যাবে না। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী অধিনায়ক এখনই বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে নিয়ে ভাবতে নারাজ, ‘আমরা কোয়ালিফাই করতে চাই। চাই গ্রুপের সেরা দল হতে। তবে এখনই স্পেনকে নিয়ে কথা বলার কোনো মানে নেই। প্রথমত, আমাদের প্রথম দুটি পরীক্ষায় পাস করতে হবে।’ ফ্রান্সের তৃতীয় পরীক্ষাটাই সবচেয়ে কঠিন, ১৬ অক্টোবর স্পেন-পরীক্ষা। আজ বাছাইপর্বের সবচেয়ে বড় ম্যাচটি হবে হল্যান্ড ও তুরস্কের মধ্যে। ইউরোর শোচনীয় ব্যর্থতার হতাশা কতটা কাটিয়ে উঠতে পেরেছে ডাচরা সেটাই দেখার বিষয়। ইউরোতে হল্যান্ড হেরেছিল তিনটি গ্রুপ ম্যাচেই। এরপর প্রীতি ম্যাচেও বেলজিয়ামের কাছে হেরে খারাপ সময়টাকে শুধু দীর্ঘায়িত করেছে ডাচরা। অবশ্য বিশ্বকাপ বা ইউরো বাছাই এলেই অন্য গ্রহের দল হয়ে যায় বিশ্বকাপ রানার্সআপরা। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের বাছাইপর্বে তারা ১০ ম্যাচের সবগুলোই জিতেছিল। ‘ডি’ গ্রুপে তুরস্ক বাদে হল্যান্ডের সামনে তেমন কোনো কঠিন প্রতিদ্বন্দ্বী নেই।বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ‘বি’ গ্রুপে যাত্রা শুরু করছে ইউরো রানার্সআপ ও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। তাদের গ্রুপসঙ্গী ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্রও। ‘সি’ গ্রুপের ফেবারিট জার্মানি প্রথম ম্যাচ খেলবে দুর্বল ফারো আইল্যান্ডের বিপক্ষে। ‘এইচ’ গ্রুপে ফিফা র‌্যাঙ্কিংয়ের তিনে থাকা ইংল্যান্ড খেলবে ১৪১ নম্বর দল মলদোভার বিপক্ষে।১৯৮২ থেকে ২০০২ পর্যন্ত টানা ছয়টি বিশ্বকাপ খেলা বেলজিয়ামকে আবারও বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছে একঝাঁক উদীয়মান তারকা। যাঁদের মধ্যে আছেন চেলসিতে যোগ দেওয়ার এডেন হ্যাজার্ড, ম্যান সিটি অধিনায়ক ভিনসেন্ট কম্পানি। ‘এ’ গ্রুপে ক্রোয়েশিয়া, সার্বিয়া, স্কটল্যান্ড, মেসিডোনিয়া ও ওয়েলসের সঙ্গী বেলজিয়ানরা। নয়টি গ্রুপের মধ্যে এটির লড়াই-ই সবচেয়ে উন্মুক্ত বলে ধরা হচ্ছে। এএফপি, রয়টার্স। কোন গ্রুপে কেগ্রুপ ‘এ’ ক্রোয়েশিয়া, সার্বিয়া, বেলজিয়াম, স্কটল্যান্ড, মেসিডোনিয়া, ওয়েলসগ্রুপ ‘বি’ ইতালি, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, আর্মেনিয়া, মাল্টাগ্রুপ ‘সি’ জার্মানি, সুইডেন, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, ফারো আইল্যান্ড, কাজাখস্তানগ্রুপ ‘ডি’ হল্যান্ড, তুরস্ক, হাঙ্গেরি, রোমানিয়া, এস্তোনিয়া, অ্যান্ডোরাগ্রুপ ‘ই’ নরওয়ে, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, আলবেনিয়া, সাইপ্রাস, আইসল্যান্ডগ্রুপ ‘এফ’ পর্তুগাল, রাশিয়া, ইসরায়েল, উত্তর আয়ারল্যান্ড, আজারবাইজান, লুক্সেমবার্গগ্রুপ ‘জি’ গ্রিস, স্লোভাকিয়া, বসনিয়া-হারজেগোভিনা, লিথুনিয়া, লাটভিয়া, লিখটেনস্টেইনগ্রুপ ‘এইচ’ ইংল্যান্ড, মন্টেনেগ্রো, ইউক্রেন, পোল্যান্ড, মলদোভা, সান ম্যারিনোগ্রুপ ‘আই’ স্পেন, ফ্রান্স, বেলারুশ, জর্জিয়া, ফিনল্যান্ড