ব্রাজিল যেন গুহার বাসিন্দা
পৌনে চারটা থেকে ব্রাজিল দলের অনুশীলন এবং উন্মুক্ত। এটা ছিল বিজ্ঞাপিত বিষয়। সাংবাদিকের দঙ্গল ছুটল সেই র্যান্ডবার্গ হাইস্কুল মাঠে। কোথায় ব্রাজিলের অনুশীলন? সবাইকে ভরা জুনে এপ্রিল মাসের ‘ফুল’ বনে যেতে হলো। মাঠের প্রবেশদুয়ারের রক্ষীরা জানিয়ে দিলেন, ব্রাজিল আজ অনুশীলন করবে না। তার পরও জনাকয়েক গেটের ফাঁকফোকর দিয়ে উঁকি দিয়ে দেখলেন, ব্যাপারটি সত্যি কি না!ব্রাজিলের সাংবাদিক সমাজে কার্লোস দুঙ্গা কেন এত অজনপ্রিয় এবার বোঝা গেল হাতেনাতে। ব্রাজিলের কোচ তো এখন বাকি বিশ্বের সাংবাদিকদের কাছেও অপ্রিয় হয়ে উঠলেন। তবে তাঁকে কে কী মনে করল আর না-করল, এতে দুঙ্গার কিছুই এসে-যায় না। অধিনায়ক হিসেবে ব্রাজিলকে একটি বিশ্বকাপ জিতিয়েছেন, এবার কোচ হয়ে ষষ্ঠ শিরোপা জয়ের অভিযানে এসেছেন—নিজের লক্ষ্যে তিনি অবিচল।সেটা তো ঘণ্টাখানের মধ্যেই দেখা গেল পড়ন্ত বিকেলের মায়াবী আলোয়। যে হোটেলে আস্তানা গেড়েছেন সেই ফেয়ারওয়ে হোটেলের পাশের গলফ কোর্সে দুঙ্গা নেমে গেছেন কাকা-রবিনহোদের নিয়ে। তাদের ফুটবলে মোহাবিষ্ট পুরো বিশ্ব, তাদের হাতেই ফুটবল নামক খেলাটা এই ভুবন ভোলানো হাসি হাসছে এখন, আর তাদের মধ্যে একটু রহস্যময়তা থাকবে না! দুঙ্গা সবাইকে তাই বোকা বানিয়ে খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে নেমে পড়লেন গাছগাছালির মধ্যে নিভৃতে, নির্জনে।কিন্তু ব্রাজিল দলের পক্ষে নির্জনতা উপভোগ করা সম্ভব নয়। সেই গাছগাছালির ফাঁকফোকর দিয়ে শ-খানেক উচ্চশক্তির লেন্সের ক্যামেরা বসে গেল। টিভি ক্যামেরার ফোকাসের নিচে পড়তে হলো ব্রাজিল দলকে। অনেক দূর থেকে দৌড়াতে দৌড়াতে গাছগাছালিকে ফাঁকি দিয়ে একেক টুকরো অবয়ব ভেসে আসে কাকা-রবিনহোদের, আর সোল্লাসে চিত্কার করে ওঠেন আলোকচিত্রীরা, ‘এই তো ফোকাসে পাওয়া গেছে!’দূরে গাছের ফাঁকে, লনের কোনায়, সুউচ্চ হোটেল লবির প্রান্তে ইগল চোখে তাকিয়ে থাকা সাংবাদিকদের দিকে চোখ পড়ে দুঙ্গার মনটা একটু ভিজে গিয়ে থাকতে পারে, খানিক পর দেখা গেল কালো জার্সিগুলো বেশ কাছে। ওখান থেকে খুব ভালোই দেখা যেতে লাগল।বাপ রে বাপ, কোচ কী খাটুনিই না দিতে লাগলেন খেলোয়াড়দের। ২০০ মিটার করে দৌড়ে একটা সমাপ্তি-বিন্দু ছুঁয়ে আবার ছোটো শুরুর বিন্দুতে। ফুটবলার তো না, মনে হচ্ছিল একেকটা উসাইন বোল্ট তৈরি করার ব্রত নিয়ে নেমেছেন দুঙ্গা।এর মধ্যে কি কাকাকে একটু বিবর্ণ মনে হলো? যে ফুটবলার বল পায়ে ছোটেন অপ্রতিরোধ্য গতিতে, তিনি কেন পিছিয়ে পড়বেন? কুঁচকিতে সামান্য চোট ছিল, সেটা নিয়ে কত জল্পনা-কল্পনা উড়ে বেড়াচ্ছে। ষষ্ঠ শিরোপা জয়ের মূল সারথিকে হারাতে চলেছে ব্রাজিল—এমন গুঞ্জনও বাতাসে। এ নিয়ে সংবাদ সম্মেলনে জিলবার্তো সিলভাকে অজস্র প্রশ্নের মুখে পড়তে হলো। তিনি বারবার বলেন, না, কাকাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তিনি প্রথম ম্যাচ থেকেই খেলবেন। কিন্তু ব্রাজিলের সংবাদমাধ্যম অবিশ্বাসের চোখে তাকায় তাঁর দিকে।কাকাকে নিয়েই শুধু নয়; পরশুর ওই অনুশীলনের আগ পর্যন্ত খবর রটে গেল, কুঁচকির ইনজুরি মারাত্মক রূপ নিয়েছে ব্রাজিলের এক নম্বর গোলরক্ষক, এই সময়ের বিশ্বসেরা হুলিও সিজারেরও। তাঁর ব্যাপারেও ওই একই কথা বলে গেলেন জিলবার্তো। তবে অনুশীলনে সিজারের ছোটাছুটি দেখে ব্রাজিল সংবাদমাধ্যম অন্তত আশ্বস্ত, গোলবারের নিচে সেরা প্রহরীর সেবাটা তারা পাচ্ছে।এক সময় বিশাল সবুজ গলফ কোর্সের মধ্যে গোল হয়ে দাঁড়িয়ে ফিল্ড মার্শালের মতো দুঙ্গা কী যেন বললেন খেলোয়াড়দের। তার পরই সবাই উল্টো ঘুরে হাঁটা শুরু করলেন হোটেলের দিকে। আবার একটা উল্লাসের ঢেউ ছড়িয়ে পড়ল। এদিক দিয়েই তাঁরা ফিরবেন, অতএব সবাইকে পরিষ্কার এক নজর দেখা যাবে। না, আশাহত হতে হলো আবারও। কাকা-রবিনহোরা দলবেঁধে চলে গেলেন স্পা রুমের দিকে। এত খাটাখাটুনির পর শরীরের আরাম তো দরকার! সবার পেছনে কাকা ও সিজার, যাঁদের জড়িয়ে রেখেছে ইনজুরি-উদ্ভূত অনিশ্চয়তার চাদর। ব্রাজিলের জনাকয়েক সাংবাদিক প্রবল সংশয়ে মাথা নাড়লেন দুদিকে। না, এই দল নিয়ে ভরসা করা যাচ্ছে না। রোনালদিনহোকে খুব দরকার ছিল। কিন্তু যখন তাঁদের বলা হলো, রোনালদিনহো তো ইতালির এসি মিলানে ধারাবাহিকভাবে উজ্জ্বল ছিলেন না, তাঁর শৃঙ্খলার রেকর্ডটিও নিশ্চয়ই ভেবে দেখেছেন দুঙ্গা, তখন তাঁরা চুপ করে গেলেন। ‘হ্যাঁ, বিষয়টা এ রকমই। আমরা ঠিক নিশ্চিত নই, রোনালদিনহোকে নিয়ে এলেই ভালো হতো কি না। আমরা আসলেই অনিশ্চিত’—বললেন ফার্নান্দো, যাঁর সঙ্গে এই প্রতিবেদকের পরিচয় হয়েছে দক্ষিণ আফ্রিকা আসার পরদিনই।আসলেই এই ব্রাজিলকে নিয়ে অনিশ্চয়তা আর রহস্য ঘিরে ধরেছে। তারা যেমন কোনো অলিগলি খুঁজে পাহাড় আর গাছগাছালির মধ্যে একখানা গুহাসুলভ আবাস খুঁজে নিয়েছে ঠিক তেমনই। এই গুহা থেকে ষষ্ঠ শিরোপার আলো ঠিকরে বেরোবে, না টানা আরেকটি ব্যর্থতার ছবি আঁকা হবে কেউ বলতে পারছে না।