ব্রাজিল সঠিক পথেই আছে: স্কলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের কাছে গত মাসে ২-১ গোলে হার। গত সপ্তাহে ইতালির সঙ্গে ২-২ গোলে ড্র। সর্বশেষ গতকাল সোমবার রাতে প্রীতি ম্যাচে রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র। লুই ফিলিপ স্কলারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই তিনটি ম্যাচ খেলেছে ব্রাজিল। তবে এখন পর্যন্ত দেখা মেলেনি জয়ের।ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স প্রমাণ করে, দলটি ভালো অবস্থায় নেই। আগামী বছর ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপে ব্রাজিলীয় ফুটবলাররা কতটা জ্বলে উঠতে পারবেন, সেই প্রশ্নটা এরই মধ্যে উঠে গেছে। তবে ব্রাজিলকে ২০০২ সালে বিশ্বকাপ এনে দেওয়া কোচ স্কলারির বিশ্বাস, সঠিক পথেই আছে ব্রাজিল। ‘ইংল্যান্ডের ম্যাচের পর ইতালির বিপক্ষে আমরা খুব বেশি নিজেদের মেলে ধরতে পারিনি। তবে আমরা সঠিক পথেই আছি। আমরা সবাই জানি, সফলতার জন্য সংক্ষিপ্ত কোনো পথ নেই। বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে সফল হতে হয়।’ রাশিয়ার বিপক্ষে ড্রয়ের পর সাংবাদিকদের বলেন স্কলারি।৬৪ বছর বয়সী স্কলারি বলেন, ‘চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে হলে প্রতিটি পর্যায়ের মধ্য দিয়েই যেতে হবে আমাদের। প্রতিটি পর্যায়েই আমরা কিছুটা উন্নতির চেষ্টা করি।’২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হচ্ছে না ব্রাজিলকে। স্বাগতিক দেশ হিসেবে সরাসরি মূল পর্বে খেলবে দলটি। লাতিন অঞ্চলের বাছাইয়ে ১০ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। আজ বাংলাদেশ সময় রাত দুইটায় লিওনেল মেসিদের প্রতিপক্ষ স্বাগতিক বলিভিয়া। আর্জেন্টিনা দল সম্পর্কে স্কলারির মূল্যায়ন, আর্জেন্টিনা ভালো দল। দলটিতে ভালো খেলোয়াড় রয়েছে।গোল ডটকম জানিয়েছে, ২০০২ সালে বিশ্বকাপ শিরোপা জেতানোর পর গত বছরের নভেম্বরে দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের কোচের দায়িত্ব গ্রহণ করেন স্কলারি। ব্রাজিলের পরবর্তী প্রীতি ম্যাচ আগামী ২৪ এপ্রিল, প্রতিপক্ষ চিলি।